বাজার সদাই করার ব্যাপারে আমি সিদ্ধহস্ত হলেও ফল কিনতে গেলে একদম আনারিপনা দেখাই। বিশেষ করে তরমুজ কেনার ব্যাপারে কোন অভিজ্ঞতা নাই। দোকানদার আমাকে ঠকাবে, এটা আগেই ভেবে রাখি। আজ তরমুজ কিনতে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম তরমুজ পাকা কিনা। পাশে থাকা আমার বন্ধু একরাশ হতাশা নিয়ে বলল,"তরমুজ কোনদিন পাকা হয়! দোকানদারকে জিজ্ঞেস কর তরমুজ লাল কিনা।" আমি অলরেডি বোকা হয়ে যাওয়া চেহারাটায় কিছুটা চালাকভাব এনে দোকানদারকে দ্বিতীয় দফা জিজ্ঞেস করলাম, "তরমুজ লাল? "
দোকানদার প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে বলে উঠলো,"অবশ্যই লাল।"
আমি গত কয়েকমাস এমন আত্মবিশ্বাসের সুরে কাউকে বলতে শুনিনি। আমি ওনার জবাবে একপ্রকার কনভিন্সড হয়ে গেলাম। আমার মনে হল যে উনি আজ সকালেই তরমুজের ভিতরে ঘুরে এসেছেন। আমি দামাদামি শেষ করে এবার ভেতরটা সামান্য দেখাতে বললাম। দোকানদার মুহূর্তেই একফালি কেটে দেখালেন। তরমুজের ভেতরটা মারাত্মক লাল। মনে হয় কেউ এক প্যাকেট লাল ক্রেওন গুলে দিয়েছে। আমি সন্তুষ্ট হবার ভংগিতে ডান পাশের মুখটা সামান্য ফাক করে অর্ধেক হাসি দিলাম।
পথে আসতে আসতে তরমুজের দিকে তাকাচ্ছি আর মনে মনে ভাবছি টিভিতে ক্রাইম প্রোগ্রামে দেখানো তরমুজে কেমিকেল মিশিয়ে লাল বানানোর কথা। ভাবতে ভাবতে হৃদপিন্ডের কম্পন সামান্য বেশী অনুভব করলাম। পরাজিত মানুষের মত নির্লিপ্ততা গ্রাস করা শুরু করলো।কি আর করা! সিজনাল ফল, একটু মুখে দিতেই হবে।
আর মনে পড়লো কোথায় যেন পড়া দু'লাইনের একটা কথা। "আজকাল বাজারের ফল না খেয়ে গাঁজা টানলেও কম ক্ষতি হ'ত।" আসোলেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




