পদত্যাগের পরও ব্যক্তিগত হিসাবে জমা হওয়া বেতন-ভাতা ফেরত নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
পাশাপাশি তিনি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার সোহেল তাজ স্বাক্ষরিত ওই চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেন তার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার।
পরে সারওয়ার সাংবাদিকদের বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পরও তার (সোহেল তাজ) ব্যাংক হিসাবে বেতন-ভাতা জমা হচ্ছে। তিনি জমা হওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া এবং তার পদত্যাগ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন প্রকাশের জন্য চিঠি দিয়েছেন।”
মন্ত্রিসভার তালিকায় তানজীমের নাম এখনো থাকলেও এই সংসদ সদস্য প্রতিমন্ত্রীর কোনো সুযোগ-সুবিধাই নিচ্ছেন না।
চিঠিতে সোহেল তাজ বলেন, ‘২০০৯ সালের ৩১ মে বাংলাদেশ সংবিধানের ৫৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর হাতে আমার পদত্যাগপত্র দিই। ১ জুন আবারো সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। এরপর থেকে অদ্যাবধি প্রতিমন্ত্রী হিসেবে আমি কোথাও কোনো কিছুতে স্বাক্ষর করিনি।’
ওই চিঠিতে সেই সময় থেকে ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এরপর তিন দফায় মন্ত্রিসভায় যোগ হন ১৪ জন।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

