হেগেলিয়ান দ্বান্দ্বিকতার উপর ভিত্তি করে জার্মান ইহুদী পন্ডিত কার্ল মার্কস সমাজ বিকাশের বস্তুবাদী দ্বান্দ্বিকতার কারনে পূঁজিবাদের অনিবার্য ধ্বংসের ফলে সর্বহারার রাষ্ট্রীয় ক্ষমতা দখল এবং গণতান্ত্রিক কেন্দ্রিকতার মাধ্যমে সকল মানুষকে সমানাধিকার প্রদানের যৌক্তিক রাষ্ট্রীয় দর্শনের এক অভূতপূর্ব কল্পকাহিনীর প্রস্তাবনা সম্বলিত ‘ডাস ক্যাপিটাল’ নামক এক কালজয়ী পুস্তক রচনা করেন এবং পুঁজিবাদী অর্থনীতির ভিত্তিকে প্রকম্পিত করে ফেলেন। উনবিংশ শতাব্দীর শেষ দিকে তার রচিত 'দ্যা কমিউনিষ্ট ম্যানুফেস্টু' মেহনতী মানুষের অধিকার আদায়ের বাইবেল হিসেবে সমগ্র বিশ্বে সমাদৃত হয়। ইউরোপে শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রসারতার বাই প্রডাক্ট পুঁজিপতি-শ্রমিক দ্বন্দ্ব কমন ইস্যূতে পরিণত হয়। দ্বন্দ্ব-ধ্বংস- বিকাশ তত্ত্বে উদ্বুদ্ধ হয়ে রাতারাতি ইউরোপের শ্রমজীবী মানূষ ট্রেড ইউনিয়ন করে কর্পোরেট পুঁজিবাদের অস্তিত্বকে বিপন্ন করে তোলে। অন্যদিকে, রুশ জারদের অনাচারী, বিলাসী, ও প্রজা-বিচ্ছিন্ন জীবন যাপন সমগ্র দেশব্যাপী অসন্তোষের অগ্নি প্রজ্জলিত করে তোলে। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই বিপর্যস্ত রাজ প্রশাসনের দুর্বলতার সুযোগটি গ্রহন করে আন্ডার ওয়ার্ল্ডের আরেক ট্যালেন্ট ‘লেনিন’ এবং তার ‘বলশেভিক পার্টি’ বিদ্রোহী জনতার সক্রিয় সহায়তায় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে জার সম্রাটকে অপসারণ করে ১৯১৭ সালের অক্টোবর মাসে ক্ষমতা দখল করে মার্কসবাদের প্রাথমিক সাফল্য প্রমাণ করেন। রাজতন্ত্র ও গণতন্ত্রের ক্রান্তিকালটি ইউরোপীয়দের জন্য ছিল দুঃসহনীয়। উৎপাদন ও বন্টনের অসমতা, বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে উদগ্র ভোগলিপ্সা, কর্পোরেট পুঁজিপতি মালিক ও মেহনতী মানুষের অন্যায্য আয় বৈষম্য, পুঁজিবাদী অর্থনীতির অনিবার্য মুদ্রাস্ফীতি ও তথাকথিত অতিউৎপাদন, ১৯৩০ এর মহামন্দা এবং আকাশ- পাতাল শ্রেণী বৈষম্য প্রলেতারিয়েত একনায়কতন্ত্র কায়েমের পথকে সুগম করে তোলে। দ্বান্দ্বিক বস্ত্তবাদের প্রভাবে ইউরোপীয় ঔপনিবেশিক আধিপত্য নিদারুনভাবে প্রকম্পিত হয়ে উঠে। পক্ষান্তরে, বন্টন ও উৎপাদনের সুসমতার ফলে রাশিয়া ইউনিয়ন এক পরাক্রমশালী অর্থনৈতিক ও সামরিক শক্তিতে বলীয়ান উঠে।
রুশ সাফল্যে উদ্দীপ্ত হয়ে বিশ্বের বিদ্যায়তনগুলোতে সাম্যবাদী সমাজতন্ত্র ও কমিউনিজম পাঠ্যক্রমের অন্তর্ভূক্তি লাভ করে। আদি সাম্যবাদ, সামন্তবাদ, পুঁজিবাদ ও সাম্যবাদ (সমাজতন্ত্র) মার্কসের মতানুযায়ী আর্থ-শ্রেণী সংঘাতের বিকশিত ফল। মার্কসীয় বস্তুবাদের অপরিহার্য কয়েকটি ধারাবাহিকতা হলঃ পুঁজির বিকাশ, শ্রেণী সংঘাত, পুঁজির পূর্ণ বিকাশের পূর্বেই সংঘাতের বৈপ্লবিক রূপ এবং সর্বহারার রাষ্ট্রীয় ক্ষমতা দখল। গণতান্ত্রিক কেন্দ্রিকতার মাধ্যমে প্রলেতারিয়েত একনায়কত্বকে চিরস্থায়ীত্ব দান করে কাংখিত আর্থ-সামাজিক সাম্যতা অর্জন করা মার্কস-লেনিনবাদের মূল দর্শন। শ্রমিকের উদ্বৃত্তমূল্য শোষণের মাধ্যমে পুঁজি বিকাশের চিরায়ত প্রথাকে পরিহার করে পুঁজি কেন্দ্রীকতার মাধ্যমে প্রলেতারিয়েত রাষ্ট্রীয় মূলধন সৃষ্টি করে সম্পদের সমতা আনয়ন এবং উৎপাদনের উপকরণ সমূহকে ব্যক্তি মালিকানা হতে সামাজিক মালিকানায় স্থানান্তর করেই লেনিন তার সংস্কার কার্যক্রমকে সীমাবদ্ধ করেন নাই; বরং মানুষকে রোবট কিংবা আবেগ অনুভূতিহীন প্রাণীতে রূপান্তরের বিনাশী প্রক্রিয়াও অবিরাম চালিয়েছেন।
সামাজিক বিবর্তনের বস্তুবাদী দর্শনে বিশ্ব ব্রহ্মান্ডের উৎপত্তি, বিকাশ ও ধ্বংস নিয়ে ভাবনার ফুরসত নেই। মানুষের জন্ম এবং মৃত্যুই জীবনের ব্যাপ্তী। ধর্মকে আফিমের সংগে তুলনা করে বলা হয়েছে যে, মানুষের অজ্ঞতার সুযোগে ধর্মের দোহাই দিয়ে শোষণ করা হচ্ছে। লেনিন, ষ্ট্যালিন এবং অন্যান্য একনায়ক দুঃশাসনের বিরুদ্ধে কথা বললেই প্রতিবিপ্লবী আখ্যায়িত করে তাদেরকে হত্যা করে লাশ গুম করা হত। মানুষের ধর্মীয় স্বাধীনতাকে সংকোচিত করে উপসনালয়গুলোকে বিনোদন কেন্দ্রে রূপান্তর করে নাস্তিকতার চরম বহিঃপ্রকাশ ঘটানো হয়ে ছিল। সাংস্কৃতিক বিপ্লবের নামে অগণিত মানুষকে হত্যা করে ইতিহাসকে আরেক দফা কলংকিত করা হয়। স্বাভাবিক আশা আকাংখা অবরুদ্ধ অবস্থায় মানুষ এবং যন্ত্রের মধ্যে ফারাক কমে যায়। ফলে উৎপাদনশীলতা ভয়াবহভাবে হ্রাস পেতে থাকে। কেজিবি নামক গোয়েন্দা সংস্থা প্রতিটি রুশ নাগরিকের উপর নজরদারী করে জীবনকে দুর্বিসহ করে তুলে।
শুরু হয় ইতিহাসের আরেক কলংক-দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের উন্মাদনায় সমগ্র ইউরোপ এবং শেষদিকে দূর প্রাচ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রও নিজেদের জড়িয়ে ফেলে। নির্বিচারে মানূষ হত্যার চরম প্রকাশ ঘটে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নগরে আনবিক বোমা বিস্ফোরণের ফলে। যুদ্ধের ধ্বংসস্তুপের উপর গড়ে উঠা জাতিসংঘ নামক সংস্থাটিতে যুদ্ধবাজদের প্রাধান্যই বিদ্যমান থাকে। পৃথিবীকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিশ্বের বিভক্তিতে খন্ডিত করে কাল্পনিক অর্থনৈতিক বেড়াজাল চিহ্নিত করে স্নায়ু যুদ্ধের সূত্রপাত ঘটানো হয়। যুদ্ধবিধ্বস্থ পূর্ব ইউরোপের অধিকাংশ দেশেই সমাজতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করে রাশিয়ার অনুরূপ সংস্কার সাধন করা হয়। সমগ্র মানব জাতি প্রথম ও দ্বিতীয় বিশ্বের সরোষ দ্বান্দ্বিকতার আবহে গড়ে তোলে জোট নিরপেক্ষ আন্দোলন। ভয়ানক অস্থিরতায় সমগ্র মানব জাতি পুঁজিবাদী ও সমাজতন্ত্রবাদী বিশ্বের বেপরোয়া মারনাস্ত্র প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে থাকে।
মৌলিক অর্থনৈতিক অবকাঠামো তৈরীর পরিবর্তে সমাজতান্ত্রিক ভাবধারার রাষ্ট্রসমূহ পুঁজিবাদী রাষ্ট্রীয় পরাশক্তির সংগে সমরাস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে নিপতিত হয়। ফলে, সার্বিকভাবে অবরুদ্ধ মানুষ বেপরোয়া হয়ে রাস্তায় নেমে আসে এবং সমগ্র সমাজতান্ত্রিক ব্লকে ধ্বস নেমে আসে।
স্রষ্টার অমোঘ বিধান ‘ইকোয়াল অপরচুনিটি ফর অল’ প্রতিষ্ঠার জন্যই মানুষের সাড়ে বারো হাজার বৎসরের ইতিহাস যুদ্ধ বিগ্রহের কালিমায় কলংকিত। সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, ন্যায় এবং অন্যায়ের বিরোধ, শোষক ও শোষিতের চাপা ক্রোধ স্থান-কাল-পাত্র নির্বিশেষে প্রায় সমরূপ। পরিত্রাণের পদ্ধতি উদ্ভাবনের প্রচেষ্টা মানুষ নিরন্তর চালিয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



