মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা পাখি হ’লে ক্ষতি কী?
খড়-কুটোয় ঘর বেঁধেও পাখিরা স্বপ্ন দ্যাখে আকাশ ছোঁয়ার
ওদের স্বপ্নগুলো মানুষের স্বপ্নের মতো কংক্রিটে গাঁথা নয়
ওদের আকাশটাও মানুষের আকাশের মতো ধাতু মোড়ানো নয়।
ওরা স্বপ্ন দ্যাখে, স্বপ্ন ছোঁয়, আকাশ ছোঁয় দু-ডানায় ভর রেখে
মানুষও আকাশ ছোঁয়- মানুষের পাঁজরের ওপর দাঁড়িয়ে!
মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা বাতাস হ’লে ক্ষতি কী?
বাতাসের নেই বর্ণবিদ্বেষ, তাই অসংকোচে হয়-
কালো মেঘ-সাদা মেঘের সারথী,
হিমালয়ের শরীর থেকে অলংকারের মতো খুলে নিয়ে আসে
কুয়াশাময় স্বস্তির শীতলতা,
গরমের দুপুরে দক্ষিণের সমুদ্র পাড়ি দিয়ে
জনপদে ঢুকে রোদে পোড়া শরীরের ঘাম
কেমন চুমোয় চুমোয় শুষে নেয়।
মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা নদী হ’লে ক্ষতি কী?
পদ্মা না হোক, যমুনা না হোক
হোক কৃশকায় চন্দনা নদী;
জনপদের ভাগ্য বদলাবার সামর্থ্য নাইবা থাকল চন্দনার
দিনান্তে কিছু খেটে খাওয়া মানুষের উদোম শরীরে
প্রশান্তি তো দিতে পারে।
মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা পাহাড় হ’লে ক্ষতি কী?
হিমালয় কিংবা কাঞ্চনজঙ্ঘা না হোক
হোক অন্তত অনুচ্চ গারো পাহাড়;
উচ্চতার গৌরব নাইবা থাকলো গারো পাহাড়ের
অজস্র প্রাণের আলয় হবার মমতা তো রাখে বুকে।
মানুষ কি কেবলই মানুষ হবে, কিছুটা বৃক্ষ হ’লে ক্ষতি কী?
বট-অশ্বথ না হোক, হিজল-শিরীষ বা অর্জুন-সেগুন না হোক
হোক একটা ভাঁট কিংবা আশশ্যাওড়ার গাছ
একটা মাকড়সা অন্তত জাল বুনে থাকুক।
মানুষ যদি কিছুটা পাখি হতো, কিছুটা বাতাস হতো
কিছুটা নদী, পাহাড় কিংবা বৃক্ষ হতো
তবে হয়ত মানুষের হৃদয়ে গ’ড়ে উঠত না
অজস্র হিংস্র প্রাণির বীভৎস অভয়ারণ্য।
ঢাকা।
০৭.০৯.১৩
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৪ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



