চিরল নারিকেল পাতার শিঙা বাঁশি শিস দিয়ে এখনও ডাকে-দগ্ধ দুপুরে। ধূসর দুপুর ফুঁড়ে, ঢুঁড়ো গাবগাছের উদোর থেকে উঁকি দেয় ধুলো মলিন দূরন্ত বালকবেলা। চুল এলোমেলো, শরীরে সাদা স্যান্ড গেঞ্জি, পরনে হাফপ্যান্ট। হাতে মহিষের শিং এর মতো শিঙা বাঁশি, বা-হাতে ঘড়ি-সেও ঐ নারিকেল পাতার। বিষ্ময়ের ঘোরলাগা, মায়াভরা কালো দুটো চোখ আমার ওপর স্থির! আমাকে খুঁটে খুঁটে দ্যাখে.....। আমার মন কেমন করে ওঠে.....!
দুপুরগুলো ছিল চঞ্চল। পায়ে বাজতো পাতার নূপুর-মল। কস্তুরীফুল খোঁপায় গুজে খলবলিয়ে বলতো কথা, খলখলিয়ে হাসতো। ডাহুক পাখি মুখ বাড়িয়ে দুপুরের কানে কানে কি যেন বলতো! গাব-বট, বাঁশবনের গভীর নিবিড় ছায়ায় দুপুরগুলো মুখ লুকোতো, বুক লুকোতো!
দুপুরগুলো সঙ্গপ্রিয়, দুপুরগুলো উৎসবমুখর, দুপুরগুলো নূপুর পায়ে উত্তর মাঠে নিতম্বে-বক্ষে, ঢেউ তুলে নাচতো!
এখন দুপুরগুলো সঙ্গহীন, এখন দুপুরগুলো উৎসব বিমুখ, এখন দুপুরগুলো, কান্ত, অবসন্ন, বিষন্ন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




