আগুন লেগেছে হৃদকুঞ্জে, এ নয় যজ্ঞের ধোঁয়া;
বিনীত কুঞ্জ, অতোটা চন্দন কাষ্ঠ কোথায় পাব!
কী ক’রে জ্বালবো ধুপ-ধুনো, সবই তো গেছে খোয়া
খুইয়েছি সব, এবার হয়তো নিজেও খোয়াবো!
জ্বলছে হৃদকুঞ্জ, বহিরঙ্গে জল ঢেলে কী হবে!
পারিস তো হৃদকুঞ্জের উপরে-নিচে, ডানে-বায়ে
আরো কিছু কাঠ-কুটো, সাজিয়ে বুনট ভালভাবে-
দাহ্য পদার্থ দে ঢেলে, যতটা সম্ভব যত্ন নিয়ে।
কে জ্বাললো আগুন নিষ্ঠুর হাতে, ক্যান বা জ্বাললো
কী হবে সে হিসাবের পুরনো ধুলট খাতা খুলে!
বাতাসের কানে চিরকূট গুঁজে, দোহাই সইলো-
পাঠাসনে আকাশে; বিবর্ণ সাদা থান খুলে ফেলে
শরতের বিধবা আকাশ, হাসবে আর কাঁদবে;
উলঙ্গ পাগলিনীর বেশে আছাড়ি-পিছাড়ি খাবে!
ঢাকা।
২৪.০৯.২০১৩
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




