ব্লগ এ যখনি কোন ভ্রমণ কাহিনী পড়তাম সবসময় ভাবতাম,” আমিও যদি এমন করে ভ্রমণ কাহিনী লিখতে পারতাম!!” মানুষ কত সুন্দর করে ভ্রমণ কাহিনী লিখে। পড়ে মনে হয় যেন আমিও গিয়েছি সেখানে। আমার মত ক্ষুদ্র ব্লগারের পক্ষে দুর্দান্ত ভ্রমণ কাহিনী লিখতে অনেক পথ পাড়ি দিতে হবে। ভ্রমণ কাহিনী লেখা অনেক কঠিন। আমি বরং আমার এলোমেলো গল্প নিয়েই ভালো আছি। এলোমেলো ভ্রমণ কাহিনী লেখার একটা ক্ষুদ্র প্রয়াস করে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত!!
অনেক বছর পরে ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন।যাত্রার শুরুটা খুব একটা উপভোগ্য ছিল না। বাস ছাড়ার কথা রাত ১১ টায়। বাসা থেকে বের হতে দেরী হয়ে যাওয়ায় আর রাস্তায় বিশাল জ্যাম থাকায় আমি আর আমার স্বামী দুজনেই যখন বাস টার্মিনাল এ পৌছাই তখন রাত প্রায় পৌনে বারোটা বাজে। মেজাজ তখন সপ্তম আসমানে পৌঁছে গেছে। আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম আজ আর বুঝি বাস পেলাম না। আমার জীবনের প্রথম সুন্দরবন ভ্রমণ বুঝি এখানেই শেষ। কিন্তু অবাক ব্যাপার হল, আমরা পৌঁছে দেখলাম বাস ই আসেনি তখনো।অবশেষে বাস এলো রাত ১২ টায়।
বাস এ উঠবার কাহিনীর আগে একটা আজাইরা কাহিনী শেয়ার করি। বাস উঠবার আগে ভাবলাম একটু ফ্রেশ হয়ে যাই। আমাদের বাস এর কাউন্টারের ফ্রেশ রুমটা কোন জাতের ছিল না বিধায় আমি পাশের কাউন্টারের ফ্রেশ রুম খুঁজতে গেলাম। সেখানে গিয়ে দেখি দুইজন রোগা পাতলা ভদ্রলোক চোখ-মুখ শক্ত করে ফ্রেশ রুম এর সামনে দাড়িয়ে আছে। আমি গিয়ে ফ্রেশ রুমের দরজায় হাত দিতে যাবো আর ওমনি দুইজন একসাথে বলে উঠলো,”আপু, ভেতরে লোক আছে।“ আমি একবার তাদের দিকে তাকালাম এবং আরেকবার দরজার দিকে তাকালাম। দেখলাম ফ্রেশ রুমের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো। আমি কিছু না ভেবে ছিটকিনি খুলে ভেতরে চলে গেলাম। বের হবার পরে দেখি দুইজন পড়িমরি করে কে কার আগে যেতে পারে ভঙ্গীতে ফ্রেশ রুমের দরজায় ঝাঁপিয়ে পড়লো। বুঝলাম, দুইজন অনেক্ষন ধরে অপেক্ষায় ছিল। কিন্তু কথা সেইটা না, কথা হইলো গাধা গুলা কি বাইরে থেকে ছিটকিনি লাগানো চোখে দেখে নাই???
যাই হোক, বাস ঠিক বারোটায় যাত্রা শুরু করলো। প্রথমবার বাসার সবাইকে ছেড়ে বাইরে কোথাও যাচ্ছি এটা ভেবে কেমন যেন লাগছিলো। তবে প্রথমবার নিজের স্বামীর সাথে যাচ্ছি এটার আনন্দও কিন্তু কম ছিল না। বাসে উঠে কিছুক্ষণ পরে দেখলাম আমার স্বামী ঘুমাচ্ছেন। আমি ভাবলাম আমিও ঘুমাই। পেছনের সিটে বসা দুইজন ভদ্রলোক এমন কথা শুরু করলো কি আর বলবো। তাদের কথা শুনে একবার বলতে মন চাইলো, ভাই অনেক হইসে। এইবার একটু থামেন। একজন তার পাশের জন কে বলছে, “ভাই, আমি একটু ঘুমাই। আমার আবার নাক ডাকার সমস্যা আছে। যদি আওয়াজ হয়,মাথায় একটা ধাক্কা দিবেন। শব্দ থেমে যাবে।“ পাশের জন বলল,” আরে ভাই, আমারও হালকা সমস্যা আছে। ব্যাপার না।“ অনেক কথার পরে দুইজন রাত ২টার দিকে ঘুমাতে গেলো। আমি মনে মনে ভাবলাম যাক, বাঁচা গেলো। এইবার একটু ঘুমাই। ওমা!! সে কি কাণ্ড!! কিছুক্ষণ পরে দেখি দুইজনে তুমুল প্রতিযোগিতা করে নাক ডাকা শুরু করলো। উফফ!! কি যে আওয়াজ ছিল। মনে মনে তখন কইলাম, “কি বিপদ!! আগেই তো ভালো ছিলাম। ভাই উঠেন, আসেন গল্প করি।“
সকাল ৯টার দিকে খুলনা পৌঁছে গেলাম। এর মাঝে একবার চাকা পাংচার হল। সব মিলিয়ে ১০ টা নাগাদ আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে নৌকায় করে লঞ্চ এ পৌঁছে গেলাম। এরপর শুরু হল সুন্দরবন যাত্রা। চারদিকে পানি। পানি কেটে কেটে এগিয়ে যাচ্ছে লঞ্চ। দুইপাশে লোকালয় দেখা যাচ্ছিলো। প্রচুর বাতাস আর চারদিকে পানি দেখে ভালোই লাগছিলো। কথায় কথায় সকালের নাস্তা পর্ব শেষ হয়ে গেলো। আমাদের লঞ্চ এ দেশী লোকজনের সাথে বেশ কিছু বিদেশী অতিথিদেরও পাওয়া গেলো।কিছু দূরে দুইটা হাসি-খুশি চেহারার মেয়ে দেখলাম। তারা ভিয়েতনাম থেকে এসেছে। তাদের দেখে ছোটবেলায় পড়া কোরিয়ান অথবা ভিয়েতনাম এর রুপকথার নায়িকাদের মনে পরে গেলো। ভাবতে লাগলাম, ওই গল্পগুলোর মেয়েগুলো মনে হয় ঠিক এমনি ছিল।
বিকেলে আমরা লঞ্চ থেকে নেমে ছোট নৌকা করে জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া খালে ঘুরতে গেলাম। কি নীরব চারপাশ। কোন মানুষ নেই, নেই কোন লোকালয়। চারদিকে শুধু জঙ্গল। ছোট বেলায় পড়েছিলাম সুন্দরী, গেওয়া, গরান, কেউরা আর গোলপাতার কথা। আজ চোখে দেখলাম। সুন্দরী গাছ দেখতে মোটেও সুন্দর না। গোলপাতাও দেখতে গোল না। শ্বাস মূল দেখে অবাক চোখে চেয়ে রইলাম।
ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় সবাই আবার লঞ্চ এ ফিরলাম। আকাশে তখন বিশাল চাঁদ। চারিদিকে জোছনার বন্যা। আমার স্বামী বলল, আগামীকাল নাকি পূর্ণিমা। শুনেই মন উথাল পাথাল করে উঠলো জোছনার বন্যা দেখার জন্য। রাতের খাবার শেষ করে আমরা লঞ্চের ছাদে গিয়ে বসলাম জোছনা বিলাস করতে। আকাশে চাঁদ, চারদিকে পানি, দূরে গহীন অরণ্য আর মাঝখানে আমরা। এ যেন রূপকথার গল্প। গল্পের চেয়েও সুন্দর কিছু। এতো সুন্দর দেখলে মাঝে মাঝে বিশ্বাস হয় না নিজের চোখ কে। কি ঠিক বলেছি না??
পরদিন আমাদের খুব ভোরে উঠতে হল। যখন উঠলাম তখনো সূর্য্যি মামা জাগেন নি। আকাশে চাঁদ টা তখনো তাকিয়ে আছে। এর মাঝেই লঞ্চের বারান্দায় দাড়িয়ে যখন হাতমুখ ধোবার জন্য পানিতে হাত দিলাম, রীতিমত শক খেলাম। সে কি ভয়ানক ঠাণ্ডা পানি। হাত জমে বরফ হতে বাকি ছিল শুধু। এর মাঝেই আমার পাশে এক ছেলে দেখি ঠাণ্ডায় কেঁপে অস্থির। পরে ওই বেচারার সাথে পুরো ভ্রমণ এ অনেক কথা হয়েছে। মনে হল, ঘোরানোর নাম করে শাস্তি দেয়া হচ্ছে। ফ্রেশ হয়ে ৬ টায় নিচে নামলাম। আমার স্বামী নিজের হাতে গরম গরম চা বানিয়ে নিয়ে এলো। চা এর মগ এ চুমুক দিয়েই অবাক। আরে সে তো বেশ চমৎকার চা বানায়। আমি নিজে ভালো চা বানাই, কিন্তু তার বানানো চা খেয়ে আমি মুগ্ধ। মাশাল্লাহহ!!মাশাল্লাহ!! (কারো নজর না লাগে)
চা পর্ব শেষ করে আমরা বের হলাম নৌকায় জঙ্গল দর্শন করতে। বেশ কিছুদূর যাবার পরে এক জায়গায় নামিয়ে আমাদের হাঁটতে বলা হল। বলল, এখান থেকে ১.৫ কিমি হেটে গিয়ে লঞ্চ এ উঠতে হবে। কিছুদূর যাবার পরে এতো সুন্দর বিশাল খোলা মাঠ চোখে পড়লো। চারদিকে সবুজ আর সোনালি শনের ঝার। বাতাসের দোলা লেগে সব ঢেউ খেলে যাচ্ছে। দূরে হরিণের দল দৌরে যাচ্ছে। কি অসম্ভব সুন্দর দৃশ্য। বনের ঠিক মাঝে ছিল একটা মিঠা পানির পুকুর। যে জায়গাটায় তখন ছিলাম তার নাম ছিল কচিখালি। অনেক দূর হেটে অবশেষে আমরা লঞ্চের কাছে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে জানলাম সকালের নাস্তা শেষ করেই আমরা আবার বের হব এবং প্রায় ৫ কিমি হেটে সমুদ্র সৈকত এর কাছে যাবো। ব্যাপারটা শুনে বেশ রোমাঞ্চকর মনে হল।
ভর পেট নাস্তা করে আমরা আবার বেড়িয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমরা সেই আগের জায়গা থেকেই শুরু করলাম তবে অন্য দিকের উদ্দেশ্যে। অনেক ঝোপঝাড়, আঁকাবাঁকা পথ আর বালুময় রাস্তা পার হয়ে আমরা সৈকত এর ধারে গেলাম। সত্যি বলতে কি ৫ কিমি হাঁটার পরেও কেন যেন ক্লান্ত লাগে নি। রোদের তাপে চামড়া পুড়ে কালো হয়ে শেষ ততোক্ষণে। সমুদ্রের কাছে গিয়ে যখন তাকালাম তখন মুগ্ধ হয়ে গেলাম। একদিকে সাগর আর একদিকে বিশাল বনভূমি। উপরে বিশাল নীল আকাশ। ভাবলাম ভালো করে দেখে নেই দুচোখ ভরে। জীবনে আফসোস থাকবে না।
অনেক হাঁটাহাঁটি শেষ করে দুপুর নামতেই আমরা আবার ফিরে গেলাম লঞ্চ এ। সেখানে ঢুকতেই দেখি আমাদের জন্য গ্লাস ভর্তি জুস দেয়া হচ্ছে। পেঁপের জুস ভেবে মুখে দিতেই দেখি ওটা পেঁপের জুস না, ওটা ছিল বেলের শরবত। শরবতে আবার হালকা লবন দেয়া। খেতে খেতে ভাবছিলাম এটা কি শরবত খাচ্ছি নাকি ওরস্যালাইন বুঝলাম না।
বিকেলে আমাদের নিয়ে যাওয়া হল কটকাতে। ওখানে যাবার পরেই দেখলাম সাগরের তীর ঘেঁসে দুইটা বন্য শুয়োর পানি খাচ্ছে। আমাদের গাইড আমাদের সতর্ক করে দিয়ে জানালো যে বনের মাঝে কথা বলা যাবে না। বাঘ মামা নাকি ঘোরা ফেরা করে বনের ভেতর। আর যাই হোক তাকে বিরক্ত করা যাবে না। কিছুদূর যেতে না যেতেই এক পাল হরিণ চোখে পড়লো। মাশাল্লাহ!! হরিণ দেখেই পরাণ ভরলাম। বাঘের সাথে দেখা করার তুমুল ইচ্ছা থাকার পরেও বাঘ দেখা দিলো না। কি যে আফসোস!!
আমি অপেক্ষা করছিলাম সন্ধ্যা হবার জন্য। সূর্যাস্ত দেখার জন্য এবং তার পরে পূর্ণিমার চাঁদ দেখার জন্য। সূর্যাস্ত দেখার সাধ পূরণ হল। অসাধারন সেই দৃশ্য। এক কথায় অপূর্ব। রাত নামতেই আকাশে পূর্ণিমার চাঁদ জেগে উঠলো। রাতে লঞ্চের ছাদে বারবিকিউ পার্টি ছিল। বারবিকিউ দেখতে ভালো লাগে কিন্তু তাই বলে পূর্ণিমা রাতে নয়। আগুনের আলোতে জোছনার আলো ফিকে লাগে। সে যাই হোক, দারুন মজার বারবিকিউ শেষ করে আর দেরী সহ্য হচ্ছিলো না। রাতের বেলা ছাদে বসে জোছনা উপভোগ করলাম প্রান ভরে। তুমুল শীতেও খারাপ লাগছিলো না। যতদূরে চোখ যায় শুধু জোছনা দেখা যায়। অদ্ভুত ভালো লাগা!! ঘোর লেগে যায় কেমন যেন।
পরদিন আবার সেই সূর্য উঠবার আগেই ঘুম থেকে উঠে বেড়িয়ে পড়লাম আমরা। আবার নৌকায় জঙ্গল ভ্রমণ। পূর্ব দিকে নৌকা চলছে। আকাশে লাল সূর্যের আভা দেখতে পাওয়া যাচ্ছিলো। আস্তে আস্তে সূর্য্যি মামার দেখা মিলতে লাগলো। কি নীরব চারদিক। পাখির কলতান শোনা যায় কান পাতলে। কিছুদূরে এই তুমুল শীতে দেখলাম কিছু লোক জাল পেতে মাছ ধরছে। আঁকাবাঁকা কত যে খাল।।
ঘুরতে গিয়ে দেখলাম অনেক পাখি আর বানর। মাশাল্লাহ!! বানর দেখে নিজের বাঁদরামি মনে পরে গেলো। সে কি অবস্থা আমার!! অনেক ঘোরাঘুরি শেষে লঞ্চ এ ফিরে দুপুরে আবার বের হলাম হারবারিয়া ইকো পার্ক দেখার জন্য। সেখানে গিয়ে জায়গায় জায়গায় লেখা দেখলাম “বাঘ হইতে সাবধান” । আর বাঘ থাকুক আর না থাকুক লেখা দেইখাই ডরাইতে হবে। না ডরাইলে খবর আছে। বিশাল এক কাঠের পুলের উপর দিয়ে যাবার সময় দেখলাম নিচে কাঁদা মাটিতে বাঘের পায়ের ছাপ।
বাঘ নাকি সকালেই হেঁটে গিয়েছে। আর সকালে যখন আসবাই, তাহলে আমারে একটা মিস কল দিলেই তো হত। এতো কষ্ট করে আসলাম মামা বাড়ি আর না দেখেই যেতে হছে। কিছুদূর যেতেই দেখলাম উৎসুক জনতা একটা পুকুরের সামনে ভীর করে আছে। ভাবলাম এইবার মনে হয় বাঘ এলো। হতাশ!!! ওই পুকুরে নাকি বাঘ পানি খায়।তাই সবার এতো আগ্রহ। বাঙ্গালী জাতি আসলেই কঠিন। সবকিছুতেই ব্যাপক আগ্রহ। মারহাবা!!
এভাবেই কি করে যেন কেটে গেলো তিনটা দিন বুঝতেই পারলাম না। ফেরার সময় ঘনিয়ে এলো। সবাইকে বিদায় জানাতে হবে ভেবে মন কিঞ্চিত বিষণ্ণ লাগলেও নিজের ঘরে ফিরবো ভেবে আনন্দ লাগছিলো।
ইহা আমার ১০০তম পোস্ট। এখনো কাউকে কোন পোস্ট উৎসর্গ করা হয় নি, আজ করবো। আমার ১০০ তম উৎসর্গ করতে চাই আমার প্রিয় আমিনুর ভাই, একজন আরমান, অপূর্ণ, নীল পথিক ভাই, কাল্পনিক ভালোবাসা,ফারাহ দিবা জামান আপু, গিয়াস লিটন ভাই, যুবায়ের ভাই, রঙ তুলি ক্যানভাস, চেয়ারম্যান ভাই, অনিন্দিতা, সায়েম ভাই, ঘুড্ডির পাইলট ভাই, রুদ্রনীল, আমিভূত, কাণ্ডারি অথর্ব ভাই, নিয়েল হিমু,আমি ইহতিব,শার্লক......সহ যারা আমার সাথে ছিলেন সবসময় সবাইকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



