আহসান হাবীবের এই কবিতাটি আমার খুব খুব প্রিয়। আপনাদের জন্য দিলাম।
আমার আর যাওয়া হয় না।
আমার খুব যেতে ইচ্ছে করে
শেষবেলা যখন খুব মেঘ করে আসে
হাতে কোন কাজ থাকে না
আর দক্ষিণ ধারের জানালায় একা আমি
চুপচাপ বসে থাকি
বসে থাকি আর মেঘ দেখি
একটু পরে ঝমঝম বৃষ্টি দেখি,
এমন কি দুপুরে চৈত্রের রোদে সারা ঢাকা যখন খা খা করে
তখন আমার
তক্ষুনি আমার যেতে ইচ্ছে করে
আমার যাওয়া হয় না
আমার খুব যেতে ইচ্ছে করে
সকালবেলা সুফিয়ার সাথে ঝগড়া হলে,
বারো বছরের ছেলেটি যখন তার নিজের ভাষায়
ব্যক্তিস্বাতন্ত্রের উপর বক্তৃতা করে, তখন
অথবা বড় সাহেবের ধমকধস্ত,
বিকেলে অফিসক্লান্ত যখন বাড়ি ফিরি ক্লান্ত পায়ে
আমার তখন যেতে ইচ্ছে করে
আমার যাওয়া হয় না
যেতে চাইলেই বলে,
বয়স হয়েছে
এখন আর এ সব যাওয়া-যাওয়ি শোভন নয়,
এইসব গতায়ত এখন নিষিদ্ধ
যেতে চাইলেই ব’লে,
এখন যুদ্ধটুদ্ধ চলছে
এখন জয়-পরাজয়ের প্রশ্ন
এখন নানারকম জোটের কথা শোনা যাচ্ছে
এখন খুব দুঃসময়
এসময়ে পারো যদি এইসব শেকল-টেকল ছিড়তে
তবে যাও...
আমি পারি না, আমার আর যাওয়া হয় না।
শহর পিরোজপুর
সরকারী স্কুলের খেলার মাঠ
পশ্চিমে প্রশাসকদের বাড়িঘর
পূবে স্কুল-বাড়ি, সামনে বাগান, তার সামনে পুকুর
উত্তরে আদালত কাছারী
দক্ষিণে উকিল-মোক্তার ইত্যাদি
মাঠে রাত ন’টার অন্ধকার পাথরের মত ভারি
সেই মাঠের মাঝখানে দু’হাঁটুতে জোড়াহাত
তার উপরে কপাল
আমি একদিন কেঁদেছিলাম।
আমার যেতে ইচ্ছে করে
এক এক সময়ে খুব যেতে ইচ্ছে করে
স্কুলমাঠের সেই অন্ধকারে
সেই আঠারো বছর বয়সের গা ছুঁয়ে
আস্তিনছেঁড়া গেরুয়ারঙ কামিজের ভিতরে ঢুকে
আমার খুব কাঁদতে ইচ্ছে করে
আর বলতে ইচ্ছে করে:
এই দেখো
আমি এবার অন্য রকম কাঁদছি
আবার ঠিক সেই রকম কাঁদছি
একজন সুখী রাজার মত।
কিন্তু আমার যাওয়া হয় না।
আমাকে যেতে দেয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


