আয়না নগর থেকে লিখা শেষ চিরকুট
-------------------------------------------------
শিশুর মত ক্লান্তি আমার কাঁধে জেঁকে বসেছে
এখন আর নিজেকে সবুজ ভাবতে পারিনা
শরীর আমার শাদা কি লাল
ধরো আমি কালো – যে বলতো কাঁলাচান
মুখ ঘুরিয়ে নিলো -এ'বেলায় বলে গেলো
বুড়োভাম
আয়না নগরের বৃদ্ধদের স্থির চোখে তাকিয়ে
সহস্র অলৌকিক সেতু গড়ে আমি বুঝতে পারছি
আমার পালকগুলো
খসে
----খসে
ধীর তাল লয়ে সময় গভীর অন্ধকারে হারিয়ে
যাচ্ছে বিনীতভাবে; দৃশ্যমান চেনাবলয় থেকে
টুকরো হয়ে যাচ্ছে অযুত পাখা, পাঁজরের
চিড় দিয়ে বেরুচ্ছে মৃত বাতাস। অশ্রুর ঝরে
যাওয়ার জন্য কোথাও কোন মসৃন গ্রীবা নাই
কোথাও উড়ে হারিয়ে যেতে হবে বলেই শেষবার
উড়ছি। আলোর অ-নে-ক দূর ভ্রমনের পর যদি
কোন পালক তোমার কাছে এসে পড়ে তাতে
অবশ্যই লিখা থাকবে------------
কিভাবে আমি সুন্দরের শত্রু হয়ে গিয়েছিলাম
বিছানায় শুধু মানুষের ছায়া পড়েছিল
কিভাবে ঠোঁটে ঠোঁট রেখে শেষবারের মত
ঘুমানোর মিনতি করেছিলাম
এবং
হৃদয়ের চারদিকে নির্জনতার দেয়ালে কোথাও
কোন শব্দ চুমু খায়নি।
------------------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



