বয়স্ক হতে হতে অন্ধকার রাত অন্ধকারতম হয় ।
কিশোরী রাত হয়ে ওঠে পরিণত যৌবনা ।
আমার ঘুম তবুও কিশোর থাকে , যুবক হয় না ।
কেমন যেন নিশাচর হয়ে যাচ্ছি দিন দিন ।
নিঃসঙ্গ রাস্তার নিঃসঙ্গ ল্যাম্পপোস্টটার মত নিশাচর ।
রাতকে মনে হয় দিন ,
ঠিক পাতার আড়ালে লুকানো পেঁচার মত
রাতকে মনে হয় দিন
আর রাতকে মনে হয় অসহ্য ।
আমার যত স্মৃতি বিস্মৃতি
সিন্দবাদের ঘাড়ে চাপা জিনের মত
আমার বুকে এসে হাঁটু গাড়ে ।
রাতের সাথে সঙ্গমে যেতে দেয় না আমার ঘুমকে ।
দিন দিন কেমন যেন নিশাচর হয়ে যাচ্ছি ।
রাতের রাস্তার ল্যাম্পপোস্টটার মত ,
রাতজাগা পেঁচাটার মত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


