পরিচয় দেবার মত কোন অবস্থান এখনো তৈরী করতে পারিনি তবে মরীচিকা হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোই লাগে। আমার চারপাশের মানুষের সাথে আমার বৈসাদৃশ্য এই যে সকল ভালো জিনিষের আমি খারাপ দিকটি খুজে বের করতে উদ্যত হই আর সকল খারাপ জিনিষের ভিতর থেকে ভালোটুকু। সেজন্য কেন জানিনা হালের ক্রেজ বলিউড নায়িকা ক্যাটরিনা, কারিনা, দীপিকা আমাকে উদ্দেলিত করতে পারেনা। মেসি রোনাল্ডোর খেলা দেখে উদ্ভাসিত হতে পারিনা। গোলাপ, রজনীগন্ধার গন্ধই হোক আর সৌন্দর্যই হোক কোনটাই আমাকে টানে না। ঝা চকচকে সিডনীর অপেরা বা জাঁকজমকের আধার বুর্জ দুবাই বা ভালোবাসার সমাধিক্ষেত্র তাজমহল কোনটাই আমাকে পুলকিত করেনা। তাহলে কি আমি সকল পছন্দ অপছন্দের উর্ধে? তা কেন এই ধরনীর আলো বাতাসে বেড়ে ওঠা আর দশজন মানুষের মতই আমিও একজন। তো? আমার পছন্দ আনুশকা শর্মা যে অভিনয়টা অন্তত করতে জানে। ফুটবলে ভালো লাগে আইভরিকোস্টের কালু যে ভালো ক্লাবে হয়তো খেলে না, ভালো প্রাকটিসের হয়তো সুযোগ নেই কিন্তু মাঠে তার কাজটা ভালোই করে। আমার পছন্দ শিউলীফুল যা রাতে ফুটে সকালেই ঝরে যায়, কিন্ত মনে রেখে যায় এক স্নিগ্ধ আবেশ। পাশের ক্ষেতের সবুজ শস্যরাজি কিংবা নদীর পারের নির্মল সৌন্দর্য আমাকে চুম্বকের মত টানে। সবাই বলে আমি নাকি অসামাজিক, মানুষের সাথে মিশতে পারিনা। কিন্তু চোখ বুজলেই আমি অসংখ্য বন্ধুর মুখচ্ছবি নির্নিমেষ দেখতে পাই। আমার যেটা হয়না সেটা হল দ্রুত খুব অন্তরঙ্গ হওয়া আবার খুব দ্রুতই ভুলে যাওয়া। চেয়েছিলাম সুশিক্ষিত না হয়ে স্বশিক্ষিত হতে। সনদ বিক্রি করে চাকর খাটার পক্ষপাতি আমি নই। কিন্তু হয়তো জীবনদর্শন বদলাতে হবে।।
পুনশ্চঃ তাহলে আমি ভুল পথেই আছি ...
তবে চলুক না এই ভুল পথ ধরেই আরো কিছুদিন ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


