somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাক্য ও কথায় সমাজ চিত্র: আরব বিশ্বের গল্প

৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম ধর্ম প্রবর্তন ও প্রবর্তকের দেশ হিসেবে ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আরবি ভাষা ব্যবহারে বাধ্যবাধকতার কারণে আমাদের কাছে এটি সবসময় পবিত্র ও সম্মানের ভাষা। একই সঙ্গে আরব বিশ্বের প্রতি দেশজ ভাবনা জগতে রয়েছে একধরনের সম্ভ্রম। আমাদের মনোজগতে আরবের যে চিত্রপট কাজ করে তা হল সারি সারি খেজুরগাছের ও মরুভূমির দেশ আরবের মানুষগুলো তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেন এবং হাজারবছর আগে থেকে চলে আসা ইসলামী ঐতিহ্য ও মূল্যবোধ লালন করে চলেন মোটামুটি পরিবর্তনহীন ভাবে। কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না, পৃথিবীর যে কোন প্রান্তেরই আজকের মানুষ, সমাজ ও রাষ্ট্রের যেমন সদস্য তেমনি পৃথিবী নামের একটি সুবিশাল গ্রামের ও সদস্য। আর পুরো পৃথিবীটা নির্দিষ্ট একটি নিয়মের বশবর্তী হয়ে চলছে, তা হল-পরিবর্তন। পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে যে কোন সমাজ বা রাষ্ট্রের এগিয়ে চলা অথবা পিছিয়ে যাওয়ার, সহজ কথায় সমাজ বাস্তবতার ছাপ রয়ে যায় সে দেশের সাহিত্য। তাই এ সময়ের আরব সমাজে চলমান ক্রিয়াশীল সামাজিক প্রপঞ্চগুলোর বিষয়ে জানাশোনার সুযোগ করে দেয় সাহিত্য। কিন্তু দু:খজনক হলেও সত্য ধর্মভাষা হিসেবে এর প্রতি আমাদের সম্ভ্রমাত্বক দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও আরবি ভাষায় রচিত সাহিত্যকর্মের শক্তি ও শোভা সম্পর্কে অনেকাংশেই অবগত নই। আরবি কবিতার বহুল অনুবাদের কারণে এর প্রতি সাধারণের তবু কিছুটা জানাশোনা থাকলেও কথা সাহিত্যে একেবারেই কম।




বাংলা সাহিত্যের মত আরবি সাহিত্যের ও আধুনিক যুগের সূচনা ইউরোপের হাত ধরে। উনবিংশ শতাব্দীর শুরুতে মিসর সহ আরবের বিভিন্ন প্রান্তে বৈশ্বিক জীবনাচরণে যে বদল দেখা দেয়, তেল-ভিত্তিক অর্থনীতির ফুলে ফেঁপে ওঠা এবং পাশ্চাত্যের ছোঁয়ায় তাই আধুনিক আরবি সাহিত্যের সূচনা করে। এ সময়েই আরবি সাহিত্যে ছোটগল্পের ভিত্তি রচিত হয় এবং সমাজের টুকরো টুকরো বাস্তবতা তির্যক উপস্থাপনায় গল্পকারেরা তুলে ধরেন তাদের গল্পে। আরবের সমাজ বাস্তবতা, ধর্মীয় বিধান, প্রচলিত রীতিনীতির সাথে পশ্চিমা আধুনিকতার মিশেলে গল্পকারে তৈরি করেন ফিউশনের যা তাদের সৃষ্টিকর্মকে দেয় এক নতুন মাত্রা। পরীক্ষা নিরীক্ষায় ও এ সময়ের ছোটগল্পকারেরা ছিলেন সাবলীল এবং ছোটগল্পকে আরবি সাহিত্যে প্রতিষ্ঠা দিতে চেষ্টা করে গেছেন নিরন্তর। আর আরবি ছোটগল্পের এইসব মহান স্রষ্টাদের সাহিত্যকর্ম এদেশের পাঠকদের কাছে তুলে ধরতে নির্বাচিত লেখকদের একগুচ্ছ গল্প বাংলায় অনুবাদ করেছেন এ সময়ের তরুণ অনুবাদক ও ব্লগার সোহরাব সুমন।

ধ্রুব এষের প্রচ্ছদে সোহরাব সুমন অনূদিত ও ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত আরব বিশ্বের গল্প বইটিতে সংকলিত হয়েছে মোট আঠারো জন লেখকের একটি করে গল্প। বইটির শুরুতেই অনুবাদক সোহবার সুমন নাতিদীর্ঘ ভূমিকায় আরব বিশ্বের কথাসাহিত্য গল্প তথা ছোটগল্পের অবস্থান চিহ্নিত করার প্রয়াস পেয়েছেন। সুখপাঠ্য এ ভূমিকাটি যে কোন পাঠকের আরবি সাহিত্য সম্পর্কে প্রাথমিক ধারনার অভাব দূর করবে এ কথা বলা যায় অনায়াসে। আরবি ছোটগল্পের সূচনাকাল হতে সাম্প্রতিক কাল পর্যন্ত এই ধারাটির ধারাবাহিক আঙ্গিকগত পরিবর্তনের দিকে তিনি এ ভূমিকায় দৃষ্টিপাত করেছেন। এছাড়াও প্রতিটি গল্পের শেষে সংশ্লিষ্ট লেখকের একটি সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরা হয়েছে যাতে লেখকের সাহিত্য কীর্তি সম্পর্কে ধারনা পাওয়া যায়। ইংরেজি হতে বাংলা এবং বাংলা হতে ইংরেজি দুটো ধরনের অনুবাদে সাবলীল সোহরাব সুমন প্রতিটি গল্পই অনুবাদ করেছেন বিভিন্ন অনুবাদক কর্তৃক অনূদিত ইংরেজি ভাষার টেক্সট থেকে।

আরবের আর্থ সামাজিক চিত্র ও রাজনৈতিক বিষয়াবলীর প্রকাশ ঘটেছে এসব গল্পে। একজন লেখকের প্রথম ও প্রধান কাজ সমাজে চলমান প্রপঞ্চগুলোর চিত্রায়ন। এখানে সংকলিত অনেক গল্পেই আমরা তা লক্ষ্য করি। এ বইয়ে সংকলিত গল্পের বেশির ভাগই সমাজ ও রাজনৈতিক চেতনার জায়গা থেকে নির্মিত। ডাকাতের বক ধার্মিকতার উদ্ভট চিত্ররূপ , বুড়ো ব্যবসায়ীর সাথে অল্পবয়স্কা মেয়ে বিয়ে, ইমামদের বিরুদ্ধে বিদ্রোহ, গ্রাম্য শেখ এর বিরুদ্ধে প্রতিশোধের ফন্দি আটা কয়েকজন শোষিত দরিদ্র, ধনী গরিবের প্রবল বৈষম্যের উপহাসভরা হাসি এ ধরনের সামাজিক অনুষঙ্গগুলো ঘুরে ফিরে এসেছে বিভিন্ন গল্পে। কয়েকটা উদাহরণ দেয়া যাক-

১)

“কুমারী মাতা মেরির দোহাই, ওগুলো আমার কাছ থেকে কেড়ে নিও না”

বাউ খাত্তার মাথা ঝাঁকিয়ে মুদ্রাগুলো আবার তার হাতে তুলে দেবার জন্য ইশারা করে। অনেক, অনুনয়, বিনয়, যুক্তি-পাল্টা যুক্তি ও কান্নাকাটির পর কুমারী মাতা মেরির খাতিরে বাউ খাত্তার মুদ্রাগুলোর ভাগ দিতে রাজি হয়। লোকটা তার অর্ধেক মুদ্রা বাচাতে পেরে বিড় বিড় করে ঈশ্বরকে ধন্যবাদ তিয়ে তড়িঘড়ি করে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়।

মুদ্রা গুলো হাতে নিয়ে বাউ খাত্তার বুকে ক্রস আকে, তারপর সেগুলো শার্টের ভেতর গলিয়ে দেয়।

“আজকের এই শার্টটা কত সৌভাগ্য বয়ে এনেছে।” একজন ধার্মিকের সুরে বলে।

(রাজপথে ডাকাতের দল/ মারুন ‘আব্বোউদ)

২)

... আব্দ আল-সালাম ইফেন্ডি বর ইয়াহিয়া বেকের বাড়ির দিকে রওনা হন। সেখানে গিয়ে তিনি ইয়াহিয়াকে তার ঘরে দরজা বন্ধ অবস্থায় আবিষ্কার করেন, কারো কথাতেই তিনি বাইরে বেরিয়ে আসতে রাজি হচ্ছেন না।
অবশেষে, অনেক বলার পর এক পর্যায়ে তিনি দরজা খোলেন এবং ‘আব্দ আল-সালাম ইফেন্ডি, তার সেই কামরা ঢোকেন, এবং সম্পূর্ণ আজব এক দৃশ্য দেখতে পান।...
...খুব স্বাভাবিক কারণে এতটা দেরির কারণ জানতে চান। এই প্রশ্নে ইয়াহিয়া বেক কান্নায় ভেঙে পড়েন এবং গলা চড়িয়ে বিলাপ করতে থাকেন।
“আমার দাঁত” তিনি প্রায় আর্তনাদ করে ওঠেন। আমার দাঁত গুলো কে নিয়েছে?”

(নকল দাঁত/ জামাল সালিম নাভীদ)

৩)

... এমন সময়, বারান্দার শেষ দিক থেকে আসা গলার স্বর শুনে নিশ্চুপ হয়ে গেলেন, হাঁপাতে হাঁপাতে একটা লোক চিৎকার করে জিহ্বা কাঁপিয়ে ঘোষণা করল, “সাউদ আল-ধাহাবের বউ এই মাত্র এলেন !” একথা বলেই লোকটা সেদিকে ছুটলও। হামিদ ফারাজ সাহেবও আবার ছুটলেন। চরম পরিশ্রান্ত হবার পরও তিনি দৌড়াতে লাগলেন, শুধু তিনিই নন, পুরো হাসপাতালটাও আবার দৌড় শুরু করে দিল, সব দিক থেকে, উচ্চপদস্থেরা সবাই। করিডোর, ঘরদোর, বারান্দা, মেইন গেটের ওপাশের সড়ক, ডেলিভারি রুম, গোসলখানা, এবং ওয়ার্ড জুড়ে আবার সেই আগের মতই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। কেবল একটা লোকই শুধু স্থির বসে রইল, আর তিনি হলেন রাশিদ আসকার, অর্থলগ্নি কোম্পানির এই মাইনে খাটা ড্রাইভার তার বিশেষ ধরনের দায়িত্বের কারণে চাকুরী জীবনে আজই প্রথম বারের মত, নিজের এমন একটা জরুরি কাজে মার্সিডিজ বেঞ্জ ব্যবহারের সুযোগ পেয়েছিল। কি এক ঘোর লাগা অবস্থায় সে তার বউকে বলল, “জান, আসলে মার্সিডিজ বেঞ্জ একটা হিরো !”

হাসপাতালের কর্মীর ঝাঁক সদর দরজায় ভিড় করতে গেলে পরে; একাকী সেই মুহূর্তটুকুতে তারা স্বামী-স্ত্রী একে ওপরকে নিবিড়ভাবে জড়িয়ে রইল, ওরা ফিরে এসে ঘরটা খালি করতে বলার আগ পর্যন্ত।

(ভুল/ মুহাম্মদ ‘আব্দ আল-মালিক)

এধরণের ছোট ছোট দৃশ্য ও তির্যক মন্তব্যে ভরপুর বেশির ভাগ লেখকের লেখা। আরবের সমাজ বাস্তবতায় বর্তমানে যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপে শান্তি প্রতিষ্ঠিত হলেও আরবে অশান্তির দামামা বেজে ওঠে আরো প্রবল আকারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই। আর বর্তমানে আরবের সমাজ বাস্তবতায় যুদ্ধের প্রেক্ষাপট এত প্রবল ভাবে উপস্থিত যে তাকে অস্বীকার করে যাওয়া খুব কম আরব লেখকের পক্ষেই সম্ভব হয়েছে। আর তাই লক্ষ্য করা যায় এ গ্রন্থের ভোজ (ইউসুফ হাবাশি আল-আশকার) গল্পটিতে যুদ্ধের বাস্তবতা কি প্রবল ভাবে এসেছে।

... কেন এই যুদ্ধ, হায় যুদ্ধ?

“প্রথম বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল” যিরাইস বলে, “আমরা তখন বিমানে করে দূরে পালিয়ে ছিলাম, তাই আজো বেঁচে আছি।” এবারের এই যুদ্ধ যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে। এখন আমরা কোথায় পালাব?

দিকে দিকে যুদ্ধ ছড়িয়ে পড়ছে সব দিকে। কোথায় পালাব আমরা? বড় মেয়েটা আমার মাছের মতই সাঁতরাতে পারে। সে যেই বাধানো পুকুরে সাতার কাটে তার জল দেখতে নীল। স্রোত আর ফেনার সাদা আঁচড় টানা সাগরটা আকাশের মতোই নীল। বউ সেই সাগরের তীরে রোদ পোহাচ্ছে। থিতু হয়ে পড়ে থেকে চামড়ায় রঙ ধরাচ্ছে। ঠোটে তার একটা সিগারেট।

যে কোন অনুবাদকর্মই কঠিন এবং সাহিত্যে তা আরো বেশি সত্য। বেশিরভাগ ক্ষেত্রে মূল সাহিত্যকর্মের স্বাদ অনেকটাই হারিয়ে যায় অনুবাদকৃত রচনায় একথা বলাই বাহুল্য। মূল রচনা ভাষা থেকে অনূদিত হলে সেক্ষেত্রে কিছুটা বিশুদ্ধতা রক্ষা সম্ভব হয়, বিশেষত কথাসাহিত্যে। সে কারণেই মনে হয় সোহরাব সুমনের এই অনুবাদকর্মের বেলায় যদি আরবি থেকে তর্জমার প্রয়াস নিতেন তাহলে আরো ভালো হত কাজটি। তথাপি তার অনুবাদের সাথে আমি আগেও পরিচিত এবং এই অনুবাদকর্মে তার দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োগ লক্ষ্য করে প্রীত হয়েছি। গ্রন্থটি পাঠক পাঠের সময় মৌলিক সাহিত্যকর্ম পাঠের তৃপ্তি পাবেন বলে আমি আশা প্রকাশ করছি যেমন আমি পেয়েছি পাঠান্তে। একথা নি:সন্দেহে বলা যায় আরবি কথাসাহিত্যের সাম্প্রতিকতর সংযোজন ছোটগল্পের ক্রমবিকাশকে বুঝতে হলে এ গ্রন্থ পাঠ আবশ্যক। একই সাথে আরবের সমাজ ব্যবস্থা ও নিত্যদিনের চালচিত্র ফুটে উঠেছে এ বইয়ের পাতায় পাতায়।

গ্রন্থ: আরব বিশ্বের গল্প প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্রচ্ছদ: ধ্রুব এষ পৃষ্ঠা সংখ্যা: ১৬০ মূল্য: ২০০ টাকা।


সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×