গোটা বিশ্বে প্রতিদিন ১০২ কোটি মানুষ ক্ষুধার্ত থাকে। বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়া মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। জাতিসংঘের খাদ্য সংস্থা জানিয়েছে এসব তথ্য।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও এর মতে সারা বিশ্বে যত মানুষ আছে তাদের ছয় ভাগের এক ভাগ প্রতিদিন ক্ষুধার্ত অবস্থায় রাতে ঘুমাতে যায়। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি আশংকা করছে, এমন মানুষের সংখ্যা আগের চেয়ে শতকরা ১১ ভাগ বেড়েছে। সংগঠনটি জানায়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৬৪২ মিলিয়ন মানুষ পর্যাপ্ত খেতে পায় না। সাব সাহারান অঞ্চলে এই সংখ্যা ২৬৫ মিলিয়ন, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ৫৩ মিলিয়ন এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ৫২ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত থাকে। এমনকি উন্নত বিশ্বের দেশগুলোতে ১৫ মিলিয়ন মানুষ ক্ষুধা নিবারণে পর্যাপ্ত খাবার থেকে বঞ্চিত।
২০০৮ সালে এই ক্ষুধার্ত মানুষদের সংখ্যা ছিলো ৯১৫ মিলিয়ন৷ যদিও এফএও প্রথমে হিসেব করেছিলো এই সংখ্যা হবে ৯৬৩ মিলিয়ন৷ কিন্তু খাদ্য সরবরাহ বাড়ায় এই সংখ্যা কিছুটা নেমে আসে৷ জাতিসংঘ জানাচ্ছে, সেই সময় থেকে অর্থনৈতিক মন্দার কারণে মানুষের আয় কমে গেছে এবং বেকারত্ব বেড়েছে৷ ফলে গরীব মানুষের হাতে খাবার কেনার মত পয়সা থাকছে না। বিগত ৮০র দশকে এবং ৯০ দশকের প্রথম দিকে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছিল কিন্তু গত এক দশকে এই সংখ্যা আবারো বেড়ে গিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা। আর্থিক মন্দার পাশাপাশি খাদ্যের দাম বেড়ে যাওয়া এর অন্যতম কারণ বলে জানিয়েছে এফএও।
তথ্যসূত্র: ডয়চে-ভেলে বাংলা সংবাদ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



