কি লিখব ভাবতে ভাবতে মনে হল সাম্প্রতিক সময়ে আমাদের দেশে রিমান্ড মোটামুটি একটা আলোচিত বিষয়। তো সেই রিমান্ড বিষয়ে অনেক আগে কোন এক রম্য ম্যাগাজিনে পড়া একটা কৌতুক আজকে শেয়ার করি।
আমেরিকা, ইংল্যান্ড আর বাংলাদেশ এই তিন দেশের তিন পুলিশ টীমকে একটা সাধারণ অ্যাসাইনমেন্ট দেয়া হল কাদের দক্ষতা কতটুকু তা পরীক্ষা করার জন্য। অ্যাসাইনমেন্টটা হল একটা ভাল্লুককে সুন্দরবনের ভিতরে ছেড়ে দেয়া হবে। পালাক্রমে তিন পুলিশ টীম সেটাকে খুঁজে বের করে আনবে। এক টীম খুঁজে বের করে নিয়ে আসার পর সেটাকে আবার ছেড়ে দেয়া হবে এবং পরবর্তী টীম সেটাকে আবার খুঁজে নিয়ে আসবে এইভাবে হবে পরীক্ষাটা।
শুরু হল অ্যাসাইনমেন্ট। প্রথমেই ব্রিটিশ পুলিশের টিম। তারা ১০ মিনিটের মাথায় ধরে নিয়ে আসল ভাল্লুকটাকে। এরপর অ্যামেরিকান পুলিশের টীম। তাদের সময় লাগল ১৫ মিনিট। এরপর বাংলাদেশী টীমের পালা। অ্যাসাইনমেন্ট দেয়ার ২ মিনিটের মাথায় দলনেতা একটা ভেড়াসহ পুরো টীম নিয়ে ফেরত আসলেন আর বললেন এই নেন আপনাদের ভাল্লুক। পরীক্ষক দল তো অবাক! আরে, এটাতো একটা ভেড়া! আপনাকে বলা হয়েছে ভাল্লুকটাকে খুঁজে বের করতে। দলনেতার জবাব: 'রাখেন আপনার ভেড়া, রিমান্ডে নিয়ে ওকে আচ্ছা ধোলাই দেই আগে। তখন ও নিজেই বলবে আমিই সেই ভাল্লুক।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


