
তিনজন তিন গোপন সূর্যমুখী।
দূরের অন্ধকার আগুন নেভার রঙ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন
নদী কোন এককালে ভুলে গেছে জল; কোন এক ভোরে সবুজ পাখিরা
চোখ মেলে রোদ বন্ধ করে মি'লে গেছে শেষ দিনের পৃথিবীর সাথে।
তিনজন তিন গোপন সূর্যমুখী।
একজনের কুয়াশার সাথে ঘর।
ধোঁয়ার মোহন রঙে ছবি এঁকে বসে আছে,
চোখে তার ভিজে গেছে চোখ...
পরের যে জন আকাশকে ভালোবাসে খুব,
সমস্ত দিন সে সব রঙ ভুলে নীলে নীলে কালচে হল
বিষে বিষে মরণ-সমাণ ক্লান্ত যেন...
শেষের সূর্যমুখী রক্ত-বিশাল চোখ নিভিয়ে
শীতের দেবীর শিশির-চাদর জাপটে ধরে বুকে
পুব আকাশে খুঁজল খানিক পথ...
তারপর তিনজন তিন জীবন ভেঙে
আগুন নেভার রঙ মেখে চলে গেল, যেন তিন নদী
কোন এক কালে ভুলে গেছে ঢেউ; কোন এক সন্ধ্যাজুড়ে অন্ধ
ক'জন পাখি চোখ মেলে রোদ বন্ধ করে মি'লে গেছে শেষ দিনের পৃথিবীর সাথে।
ফুল ফুরালে ফুল যেমন,
সূর্য ফুরালে তিন গভীর সূর্যমুখী
ছবি: ওয়েস্টন ক্লার্ক
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




