
আমি একফোঁটাও ভালবাসা খুঁজে পাইনা তোমার চোখে
এতটুকু বুঝি কামাতুর চোখে কেন ভালবাসার নদী উথলে ওঠে!
আমার সংস্পর্শ তোমার শরীরে কি ভীষণ উত্তাপ ছড়ায়, সেটা বেশ উপলব্দি করি! প্রজাপতি স্বপ্নগুলো আমার, ধূসর হয়ে যায় মদির আলোয়!
অথচ কি ভ্রান্তিবিলাসেই'না ছিলাম আমি!
পালক ছড়িয়েছি তোমার কন্টকাকীর্ণ পথের গলিতে
তপস্যার মালা জপে উদগ্র হয়ে অন্বেষণ করেছি ভালবাসার আলোড়ন
ধূপের মত জ্বলেছি নিশিদিন; বড্ড গৃহাসক্ত হতে চেয়েছিলাম বলে!
ভেবেছিলাম 'ভালবাসা ও খুনসুটি' এমন একটি কাব্য রচিত হবে
কিন্তু হয়নি আমাদের, কখনোই হয়নি!
অথচ কি ভ্রান্তিবিলাসেই'না ছিলাম আমি!
তোমার মত করে তুমি সুখ খুঁজে নাও; একলা আকাশ কাঁদে যদি কাঁদুক
নিয়ন বাতির আলোয় মুছে যায় যদি জ্যোৎস্নার দাগ, যাক
ঝুম বৃষ্টিতেই একাকার হয়ে যাক নাহয় চোখের নদী
মিহিন ক্ষিপ্রতায়, সমাপ্তিহীন অপূর্ণতায়
আমি তোমার বলয় থেকে যোজন যোজন দূরে সরে যাব
ফেলে যাব শুধু আমার শরীরী কায়া
অথচ কি ভ্রান্তিবিলাসেই'না ছিলাম একদিন আমি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




