আমি কি যাচ্ছি?
নাকি পালাচ্ছি?
আমি কি আসছি?
নাকি পালাচ্ছি?
আসলে
আমি যাচ্ছি ও না আসছি ও না।
পালাচ্ছি।
পালাতে পালাতে
অতিক্রম করেছি কত দিগ্বলয়
নতুন কিশলয়
কত বসন্ত
পাড়ি দিয়েছি অনন্ত
সময় ধরে।
পরিচিত রাস্তায়
নিয়ত তৈরী হয়েছে গোলকধাঁধা।
পালাতে পালাতে
উত্তাল হয়েছে কত সুনীল সমুদ্র।
ডিঙ্গি নৌকার পালে লেগেছে হাওয়া
অসীম শুন্যতায় দেখেছি
মহাশুন্যের পরিপূর্ণতা।
হরদম পালিয়েছি আমি
এই সকাল থেকে
দুপুর, সন্ধ্যা থেকে
কত শত রাত থেকে
পালিয়েছি আমি।
রাতের জোনাক থেকে পালিয়েছি
পালিয়েছি অন্ধকার আর আলো থেকে।
পালাতে পালাতে
আমি আটকে গেছি
সময়ের চোরাবালিতে।
চোরাবালির সকল স্তরে
খুঁজে পেলাম নিজকে।
পালিয়েছি অনু পরমানু থেকে শুরু করে
মহাজাগতিক জগতের আখ্যান থেকে।
নিজের কাছ থেকে পালাতে
পারিনি শুধু।
পালাতে পালাতে ঠিক পালাব একদিন।
তখন তোমরা বলবে তাকে
শাশ্বত পলায়ন।।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




