(নেপাল যাওয়ার আগে তথ্য চেয়ে পোস্ট দিয়েছিলাম, সেগুলো কাজে লাগিয়ে ভ্রমনটা শেষ করতে পেরেছি। সেই জন্য ব্লগারদের পোস্ট শুরুর আগেই ধন্যবাদ জানাচ্ছি।)
দারজিলিং যাওয়ার প্লান করছিলাম বেশ কিছু দিন ধরেই। কিন্তু মা বাধ সাধলেন, বললেন ভারত ছাড়া অন্য যে কোন দেশে গেলে উনার আপত্তি নেই। অগত্যা দারজিলিং যাওয়ার প্লান বাদ দিলাম। ঠিক করলাম নেপাল যাব। নেপাল ভ্রমনের অনেক আগে থেকেই আসলে প্রস্তুতি শুরু। একা যাচ্ছিলাম তাই সব ঠিক করে তারপরই রওয়ানা দিলাম।
প্রথম দিন...
বাংলাদেশ বিমানের ই-টিকেট নিয়ে বাসা থেকে বের হলাম ৯ টা বাজে। এয়ারপোর্টে পৌছে দেখি বিমানের কাউন্টারে আমি ছাড়া কেউ নেই। ততক্ষনে ছোট ভাই ও বিদায় হয়ে গেছে। আমি ভাবলাম কাজ সেরেছে, আজ নিশ্চয় দুপুর ১ টার ফ্লাইট রাত ১ টায় ছাড়বে। এমন সময় আরো ২ জনকে আসতে দেখে সংশয় কিছুটা কাটল।এগিয়ে গিয়ে বোর্ডিং পাস নিলাম আর জানলাম ফ্লাইট মাত্র ২৫ মিনিট লেট।
কোন ঝামেলা ছাড়াই কাঠমুন্ডুতে পৌছলাম।ভিসা আগেই নেয়া ছিল বলে সবার আগেই বেড়িয়ে গেলাম।ডলার ভাংগিয়ে সিম কার্ড কিনছি এমন সময় হোটেলের লোক দেখি আমাকে খোজছে। কাজ শেষ করে গাড়িতে উঠে পড়লাম। বলে রাখি, আগেই ইন্টারনেটে হোটেল পছন্দ করে মেইল দিয়ে রেখেছিলাম, হোটেল থেকে তাই গাড়ি পাঠিয়ে দিয়েছিল।
হোটেলে পৌছে রুম আর হোটেল দুটাই ভাল লাগল, আর সেই সাথে থামেল ও।
সয়ম্ভুনাথে তখন সান্ধ্য পূজার আয়োজন চলছে।দেখি সবাই একটা জায়গায় পয়সা ফেলছে, ভাবলাম আমিও ফেলি। ফিরতে ফিরতে রাত হয়ে গেল।ফিরার সময় একটা কথা বার বার মনে পড়ছিল যে ইশ আমার দেশে মেয়েরা যদি এমন ভাবে বের হতে পারত। কোথাও ইভটিজিং এর ছিটেফোটাও নেই। আর যাই হোক অন্তত এদিক দিয়ে আমরা নেপাল থেকে পিছিয়ে আছি। মনটা ভীষন খারাপ হয়ে গেল। হোটেলে ফিরেই টুরিস্ট বাসের টিকেট করলাম ২০ ডলার দিয়ে, পরদিন পোখারা যাব।
২য় দিন…
৭:৩০ টায় বাস, ঘুম থেকে উঠেই দেখি ৭ টা বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে বের হলাম আর হোটেল ছাড়ার আগে আবার বলে গেলাম আবার আসছি ২ দিন পর। ঠিক সময়েই বাস ছাড়ল, বাসে দেখি সব টুরিস্টের বেশির ভাগই জাপানী। কিছুক্ষন পরই শুরু হল ভয়ংকর পাহাড়ী রাস্তা আর তারও কিছুক্ষন পর শুরু ভয়ংকর সুন্দর রাস্তা। উচু পাহাড়ি রাস্তা আর নিচে অনিন্দ সুন্দরী নদী ত্রিশুলী আর সাথী হল প্রকৃতি আর মেঘ।কিন্তু বার বার কেন জানি বান্দরবানের আর শঙ্খ নদের কথা মনে পড়ছিল।
পাহাড়ী নদী ত্রিশুলী
১২ টার দিকে বাস থামল লাঞ্চ এর জন্য খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। বাসের পক্ষ থেকেই বুফের আয়োজন ছিল।এমন সুন্দর জায়গা যে আর যেতে মন চাইছিলনা।
রেস্টুরেন্টে কিছু সময়
খাওয়া শেষে আবার যাত্রা শুরু, এবার দূর থেকেই অন্নপূর্না দেখতে পাচ্ছিলাম।সেই অনুভূতি আর সৌন্দর্য আসলে বলে বুঝানো যাবেনা। এক কথায় চোখ ফেরাতে পারছিলাম না।
অন্নপূর্না
ঘোর কাটতে না কাটতেই বাস এসে পোখারায় থামল। ট্যাক্সি নিয়ে চলে গেলাম হোটেলে, মাত্র ১৫ মিনিটের পথ, আর ১৫০ রুপি, এটা দেখার পর মনে হচ্ছিল আমাদের সিএনজি ড্রাইভাররা এদের তুলনায় মনে হয় আরেকটু ভাল।এই হোটেলও ইন্টারনেটে পছন্দ করে মেইল দিয়েছিলাম।এই হোটেলটাও বেশ ছিমছাম ও গোছানো।
হোটেল
বিকালে বের হলাম ফেওয়া লেক দেখতে ।ফেওয়া লেক নিয়ে বলে রাখি, আমাদের কাপ্তাই আমার কাছে এর চেয়েও অনেক বেশি সুন্দর মনে হ্য় আমার কাছে (নিজের দেশের বলেই হয়তো)।
ফেওয়া লেক
ডিনার শেষ করে আবার ফিরে এলাম হোটেলে ।এখানেও এসে দেখি দোকান, রেস্টুরেন্ট মেয়েরায় বেশি চালাচ্ছে, শুধুই দীর্ঘশাস ফেললাম। অবশ্য ফিরার আগে সারংকোট যাওয়ার জন্য ট্যাক্সি ঠিক করে এসেছি, ট্যাক্সি আসবে ভোর ৪:৩০ টায়।
চলবে…
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



