কাউকে কষ্ট দিয়ে কেউ কখনও কোনো অবস্থায় সত্যিকারের সুখী হতে পারে না। আপনার কাছে ঐ মাটির মূর্তির কোনো মূল্য না থাকতে পারে, আমার কাছেও না থাকতে পারে, কিন্তু ঐ যে বিশ্বাসী মানুষগুলো, ওদের দেব-দেবীর মূর্তি ভেঙ্গে আপনি ওদের মনে ব্যাথা দিলেন। এমন ব্যাথা ওদেরকে আপনি গায়ে-গতরে মেরেও দিতে পারবেন না, এটা মনের ব্যাথা। ওগুলো মাটির খেলার পুতুল নয়, মূর্তিগুলো তাদের হৃদয়-নিংরানো ভালোবাসায় এবং ভক্তিতে তৈরি প্রতিকৃতি। জোর করে ভয়ভীতি দেখিয়ে রাতারাতি আপনি ওদেরকে আপনার বিশ্বাসে বিশ্বাসী করতেও পারবেন না। ভয় পেয়ে কিছু করা আর মন থেকে গ্রহণ করা সম্পূর্ণ আলাদা কথা।
আপনার যেমন অনুভূতি আছে, তেমনি ওরাও মানুষ, ওদেরও আল্লাহ বা ঈশ্বর অনুভূতি দিয়েছেন। আপনি যেমন অভিশাপ দিতে পারেন, তেমনি ওরাও আর কিছু না পারুক, বিচার চাইতে না পারুক অভিশাপ দিতে পারে। এই অভিশাপ আসে একদম ভেতর থেকে, খাঁটি নির্ভেজাল অভিশাপ।
এতোগুলো নিরীহ মানুষকে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে কষ্ট দিয়ে আপনি সুখী হতে পারবেন না। জোর করে অত্যাচার নিপীড়ন চালিয়ে জমিছাড়া ভিটেমাটি ছাড়া করতে পারলেও আপনি ঐ ভিটায় সুখের ঘর বাধতে পারবেন না।
আপনি বরং নিজের বিশ্বাস ঠিক রেখে ওদের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে ওদের পাশে দাঁড়ান। দেখবেন, আপনাকে ওরা মাথায় তুলে রাখবে, প্রাণ ভরে আশীর্বাদ করবে।
আমার জানামতে পৃথিবীর প্রতিটি ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, অন্যের বিপদে পাশে দাঁড়ানোর কথা বলে। আপনি যদি নিজেকে প্রকৃত ধার্মিক বলে দাবি করতে চান, তবে আপনি আপনার ধর্মমতেই অন্যের উপকার করুন। কারো ক্ষতি করে আল্লাহ বা ঈশ্বরের ইবাদত বন্দনা করলে তিনি তা গ্রহণ করেন না।
স্রষ্টা আমাদের সবাইকে সুমতি দিন, আমরা যেন পরমতসহিষ্ণু হই।
[দেব দুলাল গুহ (দেবু ফরিদী)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

