
তোমরা যাকে 'আল্লাহ' বলো, আমরা 'ভগবান',
এই জগতের স্রষ্টা তিনিই, তিনি মেহেরবান।
ইচ্ছা করে কে কবে ভাই বেছে নিলো ধর্ম?
জন্ম নিলাম যে ঘরেতে, সে মতেই তো কর্ম!
তুমি জন্মে শুনতে পেলে বাবার কণ্ঠে আযান,
আমি দেখি মায়ের সিঁদুর, ঠাম্মা শাঁখ বাজান!
তুমি শিখলে নামাজ আদায়, তোমার উৎসব ঈদ;
আমি তখন মায়ের সঙ্গে গাইছি পূজার গীত।
মিলেমিশে থাকবো মোরা বাংলার দুই ছেলে,
ঈদ-পূজোতে একের বাসায় অন্যের দেখা মেলে।
তবু কেনো এতো বিভেদ, এতো হানাহানি?
বুঝতে চাইনা--বাড়ছে এতে মোদের মনের গ্লানি!
কোনো ধর্মই অশান্তিরে দেয় না প্রশ্রয়,
বুদ্ধিমান ও জ্ঞানী তুমি, জানো তা নিশ্চয়।
তবে আজ হোক শপথের দিন-- শান্তি রাখবো ধরে,
হিন্দু-মুসলিম ভাই-ভাই, কোনো দ্বন্দ্ব রাখবো নারে।
দেশটা কারো একার নয়তো, মা আমাদের সবার,
এই মাটিতেই জন্ম, মিশে যাবো এতেই আবার।
- দেব দুলাল গুহ / দেবু ফরিদী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

