আজ মেয়ে নই বলে, সানসিল্ক হিজাব রিফ্রেশ ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছি! এই দু:খ কোথায় রাখি? সুন্দর বিজ্ঞাপনটা দেখে আর ইস্তেমাল করার লোভ সামলাতে পারছি না।
.
আমিতো শুরুতে ভেবেছিলাম এটা মনে হয় হিজাব পরিষ্কার করার ডিটার্জেন্ট জাতীয় কিছু। পরে শুনি এটা চুলের শ্যাম্পু। দারুণ এক বিজ্ঞাপন বানাইছে। একেবারে অসাম সালা। চুলও দেখা যাবে না, আবার চুলে দেয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনও হয়ে যাবে! অনেকটা অন্তর্বাস কিংবা পাগলা মলম টাইপের খুজলির মলমের মতো আর কি! এর ফলে সুবিধা হলো দুটি। এক, অতি রক্ষণশীল ধার্মিকদের দিলে পৌঁছে যাওয়া (হিজাবকে গুরুত্ব দেওয়ার কারণে কোম্পানিকে তারা আপনা লোক ভেবে সব এই কোম্পানি থেকেই কিনবে)। দুই, চুল তো আর দেখা যাবে না, কাজেই চুল ঝলমল না করলেও চলবে! শুধু ময়লা পরিষ্কার হলেই হবে, অর্থাৎ একটু আতর মিশিয়ে সাধারণ কেমিক্যালেই হয়ে যাবে, খরচ কমবে। অথচ দাম বাড়বে। অনেকটা হালাল বলে বাজে কোয়ালিটির সাবান বিক্রি করার মতো করলেও সেটা ধর্মের লেবাসে ধামাচাপা পড়ে যাবার মতো আর কি।
.
আগে কত সুন্দর শ্যাম্পুর বিজ্ঞাপন দিতো! 'দীঘল কালো রেশমি চুল, প্রেমে পড়ে করি ভুল!' আসলেই মডেলের রূপসীদের চুল দেখে প্রেমে পড়ে যেতাম। আর ভাবতাম, এতো সুন্দর ঝলমল করে চুল আসলেই? পরে বুঝলাম এসব অধিকাংশই কম্পিউটারের কারসাজি। সেটাও কর্পোরেট পলিসি ছিলো, হিজাব রিফ্রেশটাও তাই। আবার দেখি আতরের গন্ধওয়ালা সাবান এনেছে লাইফবয়! কী দারুণ ব্যাপার। গায়ে মাখলেই মনে ভেসে উঠবে গান, 'পাল তুলে দে, নৌকা যাবে মদিনায়'।
.
কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না। সব শ্যাম্পু আর সাবানের কোম্পানি যদি এভাবে হিজাব রিফ্রেশ আর আতর সাবান চালু করে, তবে প্রতিযোগিতাটা কীভাবে হবে? মানে, আমি বলতে চাইছি কার শ্যাম্পুতে বেশি ঝলমল করবে বা চুল সুন্দর হবে, সেটা বোঝাবে কীভাবে? চুল তো আর দেখা যাবে না বিজ্ঞাপনে। আতরের গন্ধও তো মনে হয় একই, নাকি? সাবান ব্যবহার করে ফর্সা হলো কিনা বা রূপ লাবণ্য বাড়লো কিনা, সেটা বোঝাবে কীভাবে? আগামীতে হয়তো হিজাবের সাথে নেকাবও উঠবে। তখন? তখন বাজারের প্রতিযোগিতা থাকবে কীভাবে? প্রতিযোগিতা না থাকলে বিজনেস হবে কি করে আর ভালো-মন্দের বিচারটাই বা করা যাবে কীভাবে?
.
তবে যাই বলেন, বিজ্ঞাপন দুটি যারা বানিয়েছে, তারা আপাতত অনেক লাভবান হবে। তরতর করে বাড়বে তাদের বিজনেস। কর্পোরেট বিজনেসে সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কোন মেসেজ যাচ্ছে সেটা দেখার দরকার নেই, শুধু দরকার স্রোতের সাথে তাল মিলিয়ে ব্যবসাটা আরও এগিয়ে নিয়ে যাওয়া। এদিক দিয়ে তারা অবশ্যই সফল। তাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু আগামীতে কী হবে সেটা বলা যাচ্ছে না। আবার পত্রিকাগুলোর ফ্যাশন পাতা বা ফ্যাশন শো বা ফ্যাশন নিয়ে টিভিতে অনুষ্ঠান, বিউটি পার্লার, ফেয়ারনেস এক্সপার্টদের কী হবে? জাস্ট ভাবতে পারছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

