আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য
হুমায়ুন আজাদ
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
ছোট ঘাস-ফুলের জন্য
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্য
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য
একফোঁটা বৃষ্টির জন্য
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
দোয়েলের শিসের জন্য
শিশুর গালের একটি টোলের জন্য
আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে
গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্য
একফোঁটা রৌদ্রের জন্য
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
এক কণা জ্যোৎস্নার জন্য
এক টুকরো মেঘের জন্য
আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায়
হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য
এক ফোঁটা সবুজের জন্য
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্য
খুব ছোট দুঃখের জন্য
আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্য
একফোঁটা সৌন্দর্যের জন্য।
...............................................................
আমার প্রিয় কবিতার সংখ্যা খুবই কম এর মূল কারণ হচ্ছে কবিতা খুব কম পড়ি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


