“ফিল্ম ইন্ডাস্ট্রি” এই ধারনা কে যদি আমরা রাষ্ট্রীয় ভাবে কিংবা সামাজিক ভাবে স্বীকৃতি দেই ফিল্ম কে অবশ্যই তার প্রোডাক্ট/পণ্য হিসেবে গণ্য করতে হয়, যে পণ্যের উৎপাদন-বিক্রয়- ভোগ সবই রীতিমত প্রতিষ্ঠিত। উল্টোভাবে দেখলে কোন পণ্যের উৎপাদন-বিক্রয়-ভোগ এর একটি নির্দিষ্ট কাঠামো-ব্যবস্থা ও তার সাথে প্রত্যক্ষভাবে জড়িত একটি নির্দিষ্ট জনগোষ্ঠী থাকলে সেখানে ইন্ড্রাস্ট্রি কাগজে নয় সত্যিকার অর্থেই বিদ্যমান। চলচ্চিত্র বা ফিল্ম কে রাষ্ট্রের ইন্ড্রাষ্টি হিসেবে গ্রহন করে The International Council of The Societies of Industrial Designer (ICSID) এর দেওয়া ‘ডিজাইন’ এর সংজ্ঞায় মনযোগ দেই। “ডিজাইন শুধু কোন বস্তুর নির্দিষ্ট আকার দেওয়া নয় (যেমন, প্ল্যাস্টিক হল বস্তু, আর ‘আকার’ হল গ্লাস), ডিজাইন হল এমন এক প্রক্রিয়া, যা বিষয় অনুযায়ী আকার সৃষ্টির পাশাপাশি জাতীয় শ্রীবৃদ্ধি এবং অবশ্যই সেদেশের জীবনযাত্রার মানউন্নয়নে সহায়তা করে।” ফিল্ম গ্লাস-বালতির চেয়ে অনেক উন্নততর এবং গুরুত্বেপুর্ন হলেও তা পণ্য, এবং প্রতিটি পণ্যের মত ফিল্ম এর ডিজাইনও সামাজিক-রাষ্ট্রীয় দায় বহন করে।
‘ডিজাইন’ এর পরিধি যেমন ধর্ম থেকে জিরাফ পর্যন্ত বিস্তৃত তেমনি ফিল্মেও ডিজাইন সবকয়টি কার্যক্রমে বিস্তৃত। চিত্র্যনাট্য থেকে চূড়ান্ত পণ্য তৈরিতে প্রতিটি পদক্ষেপে রয়েছে ডিজাইন। হোক সে ক্যারেক্টার, সেট, সাউন্ড, লাইট, ফ্রেম, ফাইট কিংবা কস্টিউম, সবাখানেই ডিজাইন। এই সব ডিজাইন এর সম্মিলিত কিংবা পরিকল্পিত ডিজাইন হল ফিল্ম। এখন প্রশ্ন হতেই পারে এই ডিজাইন এর সৃষ্টিতে আমরা কতোটুকু মৌলিক, অথবা কতটুকু দায়বদ্ধ। উত্তর সন্ধানে দায়বদ্ধতার প্রয়োজন আছে কিনা এই প্রশ্ন ডিঙ্গিয়ে দেখা যেতে পারে আমাদের ইন্ড্রাস্ট্রিতে ডিজাইন সৃষ্টি ও ব্যবহারের ইতিহাস, বর্তমান অবস্থা ও সম্ভাব্য ভবিষ্যত। তুলনা ও বিশ্লেষনে দেখা যেতে পারে আমদের মৌলিক সৃষ্টি ও সামাজিক দায়বোধের ইতিহাস এবং প্যাটার্ন। যে সমস্ত প্যাটার্ন গবেষনায় পাওয়া সম্ভব হবে তার বিপত্তি-ত্রুটি-সম্ভাবনা, যা দেখে ভবিষ্যত ডিজাইন সৃষ্টিতে আরো বেশি মৌলিক ও মানব উন্নয়নের দায় বোধ তৈরি করা সম্ভবপর।
ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় উন্নয়নমূখি দেশগুলিতে মুষ্টিমেয় ডিজাইনাররা পুঁজিপতিদের নিয়ন্ত্রণে ও তাদের চাহিদা অনুযায়ী পণ্য ডিজাইন করতে বাধ্য। সেই জন্যে হলিউড, বলিউড যে কোন ক্ষেত্রেই কাঠামোগত ভাবে ফিল্ম এর ডিজাইন নিয়ন্ত্রিত। একই ভাবে তা ঢালিউড এর ক্ষেত্রে সত্য। কিন্তু বিড়ম্বনা হল পুঁজির পরিমাণ। ঢালিউডে পুঁজির পরিমাণ কম হওয়ায় সেই কাঠামো অনুকরণে হয় এক নিতান্তই বকচ্ছপ ও দুর্বল অবস্থা। অন্যদিকে সৃষ্টি ও বিশ্লেষণে বাংলাদেশের শিল্প ইতিহাসে মৌলিকতার অভাব অনেকাংশেই বিশ্ব-বাজারে ঢুকতে অসমর্থ।
ডিজাইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর সমন্বয়ি চরিত্র। এ ক্ষেত্রে ডিজাইনের দৃষ্টি হতে হবে বড় মাপের। বিশেষত বিশ্বায়নের এই যুগে ডিজাইনারদের বিশ্বদৃষ্টি থাকাটা খুব জরুরী। বিশ্বদৃষ্টি থাকলে বাদ-বাকি দুনিয়ার ডিজাইনাররা কখনো শিল্পোন্নত দেশকে অনুসরণ করবে না, বরং অনুকরন এড়িয়ে মৌলিক সৃষ্টিতে অগ্রসর হতে পারে। ভোলভগাং স্যাক্স (Wolfgang Sachs) মন্তব্য করেছিলেন, “যদি পৃথিবীর সমস্ত দেশ সাফল্যের সঙ্গে শিল্পোন্নত দেশসমূহের উদাহরণকে অনুসরণ করে, তবে খনিজ তোলার জন্যে আর অপ্রয়োজনীয় বর্জ্য ফেলার জন্যে পৃথিবীর মত নিদেন পক্ষে আরো পাচ-ছয়’টি গ্রহের প্রয়োজন হবে।” গান্ধীজী একদা লিখেছিলেন , “বিশেষ অবস্থায় বিশেষ দেশের পক্ষে যা ভাল, অন্য দেশের পক্ষে তা ভাল নাও হতে পারে। একজনের কাছে যা খাদ্য, অন্যায়র কাছে তা বিষ মাত্র।” তবে অন্যের কাছ থেকে শেখাও ফলপ্রসূ হতে পারে, যদি তার প্রাসঙ্গিকতা নিয়ে পরিষ্কার ধারনা থাকে। অন্যকে অনুসরণ করাটা বিপজ্জনক হয়ে দাঁড়ায় যখন আমরা তার সমাধানের প্রাসঙ্গিকতাকে অবহেলা করি। যেমনটা ঘটছে আমাদের ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে, হলিউড বলিউড এর ব্যর্থ অনুকরণ বা বদহজমে। কিন্তু আমরাই যদি আমাদের নিজেদের ফিল্ম ডিজাইনের মৌলিক সৃষ্টি ও তার প্যাটার্ন এর বিশ্লেষণ করতে পারি তবে তা আমদের নিজস্ব শক্তিতেই এগিয়ে নিয়ে যেতে পারে অনেকদূর। শুমাখার এর (E F Schumakher) “ক্ষুদ্রই সুন্দর’ নেহাত কথার কথা, বৃহৎ’কে কেউ আসলে ভাল মনে করার প্রবণতা আমাদের বেশি। যত ভোগ, তত বর্জ্য-। দুনিয়ার খুব কম সংখ্যক ডিজাইনারই এ সত্য উপলব্ধি করেন, আরো কম লোক এ নিয়ে বলেন, আর তার চেয়ে কম লোক এ নীতির চর্চা করেন। তাই আমাদের ক্ষুদ্র পরিসরের ফিল্ম ইন্ড্রাস্ট্রি’র-ও রয়েছে অপার সম্ভাবনা। কিন্তু সেজন্যে চাই নিজেদের মৌলিক সৃষ্টি ও দক্ষতা তৈরি। আর এর জন্যে দরকার নিজেদের দক্ষতার স্বতন্ত্র জায়গাটা খুঁজে বের করা আর তার আগে নিজেদের ডিজাইন’এর অর্জিত অভিজ্ঞতার বিশ্লেষণ।
তার জন্যে যে গবেষণার প্রয়োজন মনে করছি, তা এই ডিজাইন নিয়েই। পরিকল্পনা- নকশা- বিন্যাস-সৃষ্টি যেভাবেই বলি যতটুকু একটা ফিল্ম এ করা হয় ততটুকু নিয়ে। নইলে আমাদের সৃষ্টি-বিশ্লেষনে মৌলিকতা বহুদুরের পথ।
নইলে যারা একটা সিনেমা বানাতে চায়, যারা চায় বেহুলারা ফিরে আসুক, তাদের মৌলিক সৃষ্টি ও মানব উন্নয়নের সম্ভাবনা কিন্তু 'চোরাবালি'তেও আটকে-ডুবে যেতে পারে।।
……………………
ইস্কাটন,জানুয়ারি-২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




