রুপু,
আবার যেদিন তোমার সাথে দেখা হবে
সেদিন আকাশভরা হাজারো তারার মেলা হবে।
সেদিন গোটা আকাশে কোন চাঁদ থাকবে না।
কেননা একসাথে দুটো চাঁদ যে মানাবে না!
আমি সেদিন তোমার হাতে
আমার তারাভরা কালো আকাশ তুলে দেব,
একটিমাত্র গোলাপ দিয়ে বরণ করে নেব,
তুমি বসবে বলে মনের উঠোন পেতে দেব,
আর তোমার মনটা অবলীলায় চেয়ে নেব।
রুপু,
সেদিনও কি তুমি চুপ করে রবে?
তোমার বুকজুড়ে কি ফের শূন্যতা তৈরি হবে?
সেদিনও কি তুমি অশ্রুসজল চেয়ে রবে?
তোমার চোখজুড়ে কি ঘৃণার নাটক মঞ্চস্থ হবে?
একটিবারের জন্যেও কি মনে পড়বে না
সেই পেয়ারা খাবার গল্প, সেই স্কুলড্রেস,
স্কুল পালিয়ে দেখা করার দৃশ্যকল্প,
কিংবা রাতজাগা সেই কবিতার পাতা,
চোখে চোখ মিলিয়ে স্বপ্ন আঁকা,
ঠোঁটের অভিমান অথবা, বিপরীত সেই টান?
রুপু,
আবার যেদিন তোমার সাথে দেখা হবে
কোন তারুণ্যদীপ্ত যুবক বা যৌবনদীপ্ত তরুণ নয়,
তোমার সামনে এসে দাঁড়াবে
অজাতশ্মশ্রু ভালোবাসার কাঙাল সেই নাবালক ছেলেটি।
অধরকাঁপা সাবলীল স্বরে সে বলবে,
"ভালোবাসি তোমায়,
ভালোবাসি।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



