দেশ জুড়ে চলা রাজনৈতিক ডামাডোলে ‘‘ত্যক্তবিরক্ত’’ আমরা ‘‘সাধারন মানুষ’’। অস্থির এই সময়ে মন না চাইলেও পরিস্থিতির ভার বইতে বইতে ক্লান্ত আর অসহায় জনতা। দিনের পর দিন দুই ‘‘অসাধারণ কান্ডারী’’র দড়ি টানাটানিতে পাবলিকের ধৈর্যের স্থিতিস্থাপকতা শেষ সীমানায় পৌছতে শুরু করেছে।
তারপরও দিন আসে, প্যান্ডোরার বাক্সে আটকে যাওয়া ‘‘আশা’’ নিয়েই জনগনের দিন শুরু হয়, আশাভঙ্গের বেদনা নিয়েই ক্লান্ত রিক্ত হতাশ মন নিয়ে দিনটা কোনোরকমে শেষ করে আবার আগামীদিনের নতুন ‘আশা’-তে রাতযাপনের শুরু। দিনের পর দিন, রাতের পর রাত সেই একঘেয়ে জীবনযাপন।
তারপরও বৈচিত্র্যভরা এই দেশের কোনো কোনো ঘটনা হঠাৎ-ই মনটাকে সজীব করে দেয়। রবি ও সোমবার দেশের আনাচে কানাচে সব স্কুলগুলোর মাঠে মাঠে আনন্দোৎসব আর উদযাপনের খবরগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল, কোথায় হারিয়ে যাওয়া ‘‘আশা’’টা যেনো লুকোনো কোনা থেকে রুপালী ঝিলিক দিয়ে গেলো। দেশ নামের এই গরীব মা‘টার জন্য বুকের কোথায় যেনো একটুখানি মুচড়ে উঠল। চোখগুলোতে কড়কড়ে অনুভূতিও যোগ হলো এর সাথে।
অধরা এই “আশা”র ভরসায় আবার না হয় স্বপ্ন দেখা শুরু করি। একটা না একটা স্বপ্ন তো ঠিকই বাস্তব হয়ে যাবে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


