আমি আজ যখন মাঠের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলাম অনেক দিন পর, কাঠবেরালিদের কথা খুব মনে পড়ছিল ।অনেকদিন ওদের দেখিনা । আমদের শহরে তুষারপাত হবার পর থেকে আর দেখছিলাম না ওদের । মনে মনে ভাবছিলাম আচ্ছা ওরা কোথায়, নিশ্চ্য় লুকিয়ে আছে কোন গর্তে, ওদের তো পোশাক পরার ঝামেলা নেই, আছা ওদের কি ঠান্ডা লাগে-এই ভাবছিলাম আর হাঁটছিলাম । মাথার ভেতর ওই গান “ তেপান্তরের মাঠে বধু হে ” ।
একটা বড়সড় গাছ এর নিচ দিয়ে যখন যাচ্ছিলাম ওপরে তাকিয়ে দেখলাম, এখানে সেখানে উঁকি দিলাম । কিন্তু কারো কোনো চিহ্ন দেখতে পেলাম না । অথচ আগে প্রায় দুই তিনটা কাঠবেরালী আমার সামনে দিয়ে হেঁটে যেতো দৌঁড়ে যেতো । আমায় দেখে কখনো দৌঁড়। আমি দূর থেকে বলতাম : হাই ।
খুব মিস করছিলাম আজ ওদের । আশ্চর্য,আচমকা আমার ভাবনার অবসান ঘটে গেল । কিছুদূর পথ হাঁটার পর দেখি একটা কাঠবেরালি আমার সামনে পড়ে আছে কিন্তু সে আজ আর আমাকে দেখে দৌঁড়াচ্ছেনা, পালাচ্ছে না । দৌঁড়াতে পারবেনা কোনদিন আর । বরফের মধ্যে পড়ে আছে । একাকী,মৃত । আমি কিছুক্ষন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম,একাকী ।
তারপর ওকে পেছনে ফেলে আবার হাঁটতে শুরু করলাম । সন্ধ্যা নামছিল একা,শহরটা একা,হাঁটছিলাম একা । আমাকে আর হাই বলতে হলো না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


