যৌথ যাপনে কিছু মৃতপ্রায় অনুভূতি সরল ধারণা নিয়ে জেগে ওঠে, তোমাকে আড়ালে ডেকে শোনায় পুরোনো গান
যদিও সে সুরের মৌতাতে বধিরতাপ্রিয় কেউ মেলাবে না কন্ঠ জানি
তবু ভোর হলে অশেষ বাসনা নিয়ে ব্যাথার ভৈরবী লয়ে
কন্ঠ সেধে রাখি, দেখি গোধূলিমগ্ন তুমি বুঁদ হয়ে আছ নিজ বেহালার ছড়ি হাতে বিরহকাতর ...
অতীত ছিল না তাই ভবিতব্য বলে আজ যাকিছু মেনেছি তাকে
করুণার অমেয় মুখোশে ঢেকে রাখা কিছু নিরাপদ নয় বলে
নগ্নতার সাধে আরো ম্লান হয়ে ভাসে প্রতিচ্ছবি
দু'তিনটি অনাথ পাখির কান্না বেজে ওঠে যখন গ্রীলের পরে বারান্দায়
বিষন্ন তোমার মুখ দেখে ওরা প্রতিটি বিকেলে
এক ছুটিবারে বাজার ফেরত হয়ে দেখি কিছু মেলে না হিসেব
মাসের যে ক'টা দিন অপচয় কমাতে বলেছ
সেই তারিখ গুলোর দিকে চেয়ে দেখি আমাদের বর্ষপঞ্জী হতে
খসে গেছে লগ্ন তিথি দিন মাস বছরের রেখা
আর দেয়ালের পলেস্তরা ঝরে গেছে সময়ের কাঁটার আঘাতে
তবে কি বিভ্রম ছিল প্রাত্যহিক দাম্পত্য যাপনে
যাতে আয়ুরেখা ক্ষয়ে ক্ষয়ে গড়েছে বিচ্ছেদসৌধ
বৃথা স্মরণের আয়োজন বুঝি তাই হবে কোনোদিন
এই অনুমানে লিখে রাখি কিছু স্বগত কথন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


