কোরাস: এক
ভোর হলে দোর খুলে খুকুমনি উঠবে
শিশিরেতে ভেজা ঘাস পায়ে দ'লে ছুটবে
খুলে হাল তুলে পাল তরীগুলো চলবে
নড়ে-চড়ে হাই তুলে শিশু চোখ খুলবে...
শিশুর সকাল মানে সূর্যের হাসিমুখ
নজরুল ভাবতেন শিশুদের কত সুখ!
কিন্তু এখন এ কী!
সকালবেলা ঘুম ভেঙে কী দেখি!!
কোরাস: দুই
আম্মু ডাকেন ধাক্বা দিয়ে ভোর হয়েছে ওঠো
নানান কাজের যাচ্ছে বেলা নওতো তুমি ছোট
আব্বু বলেন বেয়াম করো
বড়পা বলেন গলা সাধো
লড়তে হবে সারাটা দিন
কোমর কষে বাঁধো ।।
মুখ ভেঙচায় স্কুলের ব্যাগটা এই মোটা তার পেট
ইশকুলে নয়, পয়লা ছুটো কোচিং হোমের গেট
কোচিং ফিরেই পড়তে বসো, পড়ার শেষে স্কুল
কে জানে ভাই কোথায় ফোটে শিউলি-বকুল ফুল
স্কুলের দেয়াল জেলের মতো, নেইতো সেথায় মাঠ
মাঠ খুঁজলেই টিচার বলেন: পাঠের সময় পাঠ!
পাঠের সময় পাঠ যদি হয়, পাঠের পরে খেলা
খেলার বেলা? পরে। এখন হোমটাস্কের পালা
সাঁতার গীটার কম্পিউটার
নাটক ডিবেট আর্ট-কালচার
শিখতে শিখতে প্রাণ জেরবার
শেষ কি আছে শেখার?
কম্পিউটার ভর্তি আমার স্পোর্টস আপডেট ম্যালা
স্পোর্টসটা এখন শুধুই খেলা, নয়তো খেলাধূলা
অনলাইনেই শিখছি ক্রিকেট, শিখছি টেনিস, জুডো
এখন তো আর কেউ খেলেনা দাঁড়িয়াবান্ধা, লুডো...
কোরাস: তিন
এইভাবে দিনরাত শিখছি শিখছি
ঘাড় গুঁজে মুখ বুঁজে পড়ছি লিখছি
শিক্ষার শিকেটাকে ছিঁড়তে
একঘেয়ে ঘ্যান ঘ্যান অধ্যয়নের ধ্যান
করতেই হবে জয় বিশ্বের বিষ্ময়
অজানাকে দেবো নাকো ভিঁড়তে... ।।
কোরাস: চার
আমরা এখন অনেক কিছু জানি
কোন সাগরে কত লিটার পানি
কোন আকাশে কয়টা তারা উঠে
কোন গাড়িটা কত জোরে ছোটে
কোন পাহাড়ের উচ্চতা কয় ফিট
কোন শিল্পীর কয়টা ক্যাসেট হিট
টেন্ডুলকার করলো কত রান
কয়টা ছবি করলো শাহরুখ খান
টুইন টাওয়ার ধ্বংস হলো কবে
বিন লাদেনকে কোথায় পাওয়া যাবে
দুনিয়া জুড়ে যুদ্ধ করে কারা
কাদের স্বভাব কেবল মানুষ মারা
আমরা জানি তিমীর বয়স কত
বেড়াল কেন দেখতে বাঘের মতো
আর্কিমিডিস প্লেটো কি নিউটন
এসব জানা খুবই সাধারণ
ত্রিকোণমিতি জ্যামিতি রাজনীতি
নিত্যদিনের নৈমিত্যিক ভীতি
দরকারী-অদরকারী হয়রানী
এই বয়সেই অনেক কিছু জানি...।।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


