জানতে কি চাও আমরা এসব কেমন করে জানি?
একটা কথা ছোটবড় সবাই নেবে মানি
ছোটরা যা শেখে সে তো বড়দেরই কাছে
বড়রা যা বলে, তাতে শেখার অনেক আছে...
খণ্ডচিত্র: এক
১ম ভদ্রমহিলা: ভাবী, আপনার মেয়ে সিলভীকে দেখছি না যে, সে কি বাসায় নেই?
২য় ভদ্রমহিলা: বাসায় থাকবে কি, ও তো নিউজার্সিতে! ওর মামার কাছে। এখন থেকে ওখানেই থাকবে, পড়বে।
১ম: ওইটুকু মেয়ে একা একা অতদূরে থাকছে! বলেন কি!
২য়: কী করবো ভাই, দেশে কি আর পড়াশোনার অবস্থা আছে? স্কুল কলেজের পড়াশোনার যে হাল! সেশন জট, ভর্তির ঝামেলা... তার ওপর লোডশেডিং, বাজারদর, ধূলো-ধোঁয়া, মশার কামড়, পানির কষ্ট, ট্রাফিক জ্যাম, হরতাল... এদেশে বেঁচে থাকাই তো কঠিন, পড়াশোনা অনেক দূরের ব্যাপার...
সূত্রধার> এক: আমরা এখানে কী শিখলাম?
সূত্রধার> দুই: আমাদের দেশে পড়াশোনার কোনো পরিবেশ নেই। তাই আমাদের সবাইকে উচ্চশিক্ষার্থে বিদেশ গমন করতে হবে
সূত্রধার> এক: নয়তো সবাইকে পড়াশোনা ছেড়ে দিতে হবে
সূত্রধার>দুই: সম্ভব হলে দেশও ছেড়ে দিতে হবে, কারণ এই দেশে বেঁচে থাকাই কঠিন!
খণ্ডচিত্র: দুই
ছেলে: মা, আমার হোমটাস্ক শেষ। এবার খেলতে যাই?
মা: কোথায় যাবে খেলতে?
ছেলে: মাঠে। রনি, সুজন, মন্টু... ওদের সাথে খেলবো
মা: ওদের সাথে মানে? ওরা তো টোকাই! টোকাইদের সাথে খেলে খেলে টোকাই সাজবি?
ছেলে: ওরা টোকাই হতে যাবে কেন? ওরা তো আমাদের পাড়াতেই থাকে। ওরাও লেখাপড়া করে, স্কুলে যায়...
মা: স্কুলে যায় মানে কী? ওরা তোমার মতো ইংলিশ মিডিয়ামে পড়ে? ওরা কি তোমার মতো গাড়িতে চড়ে স্কুলে যায়? তোমার মতো ওদের ঘরে কম্পিউটার আছে? তোমার মামাদের মতো ওদের মামারা কানাডায়, সুইডেনে থাকে?
ছেলে: কিন্তু ওরা ছাড়া তো আমার আর কোনো বন্ধু নাই...
মা: না থাকলে নাই। দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়অল ভালো। ঘরে বসে কম্পিউটারে গেম খেলো।
ছেলে: কিন্তু কম্পিউটারে গেম খেলতে আমার ভালো লাগে না। জিতলে কেউ হাততালি দেয়না, হারলে লজ্জাও পাইনা...
মা: ভালো লাগে না মানে কী? তোমার ইচ্ছামতো সব চলবে নাকি?
ছেলে: মা, খেলবো তো আমি, তাহলে আমার ইচ্ছামতো খেলবো না? তাহলে খেলে লাভ কী?
মা: আবার মুখে মুখে কথা! এসব কি ওই টোকাইগুলোর কাছে শিখেছিস নাকি?
ছেলে: ওদের কাছে শিখবো কেন? তুমিই তো বলেছো, সত্যিকথা স্পষ্ট গলায় বলতে যেন ভয় না পাই...
মা: সত্যি কথা, না? দাঁড়াও, তোমার সত্যিকথা বলা বের করছি...
(চুল টানতে টানতে ভেতরে নিয়ে যাবে)
সূত্রধার> এক: আমরা এখান থেকে কী শিখলাম?
সূত্রধার> দুই: যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েনা, গাড়িতে চড়ে স্কুলে যায়না, যাদের ঘরে কম্পিউটার নাই...
সূত্রধার> এক: যাদের মামারা কানাডায় বা সুইডেনে থাকে না...
সূত্রধার> দুই: তারা সবাই টোকাই!
সূত্রধার> এক: কম্পিউটার হলো সবচেয়ে ভালো বন্ধু, তাই খেলতে হবে কম্পিউটারের সাথে
সূত্রধার> দুই: কিন্তু কম্পিউটার কি হেরে গেলে লজ্জা পায়?
সূত্রধার> এক: তুমি জিতলে হাততালি দেয়?
সূত্রধার> দুই: দেয়না? তাহলে খেলে লাভ কী!
সূত্রধার> এক: লাভ-লোকশান বড় কথা নয়, দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো
সূত্রধার> দুই: এবং সবচেয়ে বড় শিক্ষা হলো-
সূত্রধার> এক: শিশুদের সবসময় সত্যিকথা না বলাই ভালো
সূত্রধার> দুই: কারণ, কখনও কখনও সত্যিকথা বললে, চুলটানা খেতে হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


