...........................
চিরায়ত বাঙলার সমস্ত বাগানে, এ-বসন্তে
মোমফুল ফুটে আছে, একবার টেলিচোখে দ্যাখো!
অন্ধকার হয়তো পালাবে, নয় আরও ঘন হবে;
তবে, এক মিলিসেকেন্ডেও তুমি কিন্তু কোনওক্রমে
আমার সুদূর নও; গোপন সূর্মায় মেখে আছো
দুচোখের পাঁপড়ি ও তারায়, প্রণয়ের ঘনিষ্ঠ যন্ত্রণা।
অসদাচরণ কোনও অযুহাত নয়; ঢেউদিনে,
নমিত নরম চুল তবু আজ ঘটক-বাতাসে
এলার্জি নিরীক্ষাছলে এ-শরীরে আসে নাই বলে
অতিবাধ্য, আজও আছি অনুগত রাজকীয় দাস।
তুমি কি জানো না এই রক্ত কোনও মন্ত্রে বশ নয়?
ছেঁড়াপালেও তো আমি কতোবার সমুদ্রে গিয়েছি,
স্বৈরবাতাসে! অন্ধকার কম্পোজ করেছি ইউনিবিজয়ে;
আমার জীবনে চির প্রত্যাশার মোমফুল ফোটো!
...........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




