ইরানের নিরাপত্তা বাহিনী একজন সিআইএ চরকে আটক গ্রেফতার করেছে। এর মাধ্যমে সিআইএ'র গুপ্তচরবৃত্তির জটিল ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়া হয়েছে বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানে আটক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র ওই চর এর আগে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগ বা এমআইডি'র (Military Intelligence Division) বিশেষজ্ঞ হিসেবে ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছে। ইরানের গোয়েন্দা নেটওয়ার্কে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহের জটিল দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছিল। তবে তার মিশন শুরু হওয়ার আগেই ইরানি বংশোদ্ভুত এই মার্কিন গুপ্তচর ইরানের গোয়েন্দা সেনাদের হাতে আটক হয়। সিআইএ'র ওই চর যুক্তরাষ্ট্র থেকে আফগানিস্তানের বাগরাম সেনাঘাঁটিতে পৌঁছার পর থেকেই তাকে অনুসরণ করছিল ইরানের গোয়েন্দা সেনারা। পরবর্তীতে ইরানের ভূমিতে প্রবেশ করার পর তাকে গ্রেফতার করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে তার সম্পর্কে আরো তথ্য প্রকাশ করা হবে বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানে এর আগেও সিআইএ'র গুপ্তচর আটক করা হয়েছে। চলতি বছরের মে মাসে সিআইএ'র গুপ্তচর ও সন্ত্রাসী চক্রের ৩০ সদস্যকে আটক করা হয়। গত ২৪ নভেম্বর আরো ১২ জন সিআইএ এজেন্টকে গ্রেফতার করা হয়। তারা ইরানের পরমাণু স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছিল।
সূত্র: রেডিও তেহরান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



