
আজকাল দেখা যায় অনেকেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে থাকে। অথচ যত কষ্টই হোক না কেন মা কিন্তু কোন সন্তানকেই শিশু আশ্রমে পাঠায় না। কিছু কিছু মায়ের কষ্ট দেখলে খুব খারাপ লাগে। সারা জীবন মায়েরা কষ্ট করে সন্তানদেরকে বড় করে লেখাপড়া শিখিয়ে উপর তলায় উঠার ব্যবস্থা করে দেয়, অথচ সেই সন্তানেরা মাকে বয়স্কাবস্থায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নিজেরা আরাম আয়েশে ফ্লাট বাড়িতে থাকে। এমন কি মায়ের কোন রকম খোঁজ খবরও রাখে না। বৃদ্ধা মা মৃত্যুর পূর্বপর্যন্ত সন্তানদের মুখ দেখার জন্য প্রতিদিনই পথ পানে চেয়ে থাকে। কেউ আসে না। চেয়ে চেয়ে চোখ জলে ভরে যায়। কান্না করতে করতে আঁচলে চোখ মুছে। তবু সন্তানদের অভিশাপ দেয় না। আশায় থাকে, হয়তো সময় পেলেই আসবে। এক নজর দেখে যাবে।
আহারে নিষ্ঠুর সন্তান! নিজের সুখের জন্য গর্ভধারিনী মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কত না সুখে দিন কাটায়। আর বৃদ্ধা মা স্বজন হারা হয়ে চোখের জল ছেড়ে ছেড়ে কান্না করে। কান্না করতে করতে একদিন চোখে ছানি পড়ে অন্ধ হয়ে যায়। অন্ধ হওয়ার পরও মা ছেলে আসার অপেক্ষায় বসে থাকে। যদি একদিন এসে মা বলে ডাকে। এই অবস্থায় একদিন মা পরোপারে চলে যায়। তবু ছেলেরা তাকে দেখতে আসে না। যারা নিজের সুখের জন্য গর্ভধারিনী মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কোন খোঁজ খবর রাখে না, ধিক এইসব কুলাঙ্গার সন্তানদের।
ইউটিউবে দু’টি ঘটনা দেখে চোখে জল চলে এলো। মায়েরা সাধারণত ছেলে মেয়েদেরকে প্রাণের চেয়েও বেশি ভালবেসে থাকে। অনেক সময় ছেলে মেয়েদের প্রাণ বাঁচাতে মা তার নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না। সেই মমতাময়ী মাকে কোন কিছু না জানিয়ে চমকে দিতে অনেক ছেলেই মজা পায়। বিনিময়ে মা চমকে উঠে পাগল ছেলেদের জড়িয়ে ধরে কানে কপালে চুমো খেয়ে আশির্বাদ করে থাকে।
এখানেও তেমনই কয়েকটি ঘটনা। কোন কিছু না জানিয়ে ছেলে বিদেশ থেকে ফিরে মাকে সারপ্রাইজ দেয়ার জন্য বাড়িতে ঘাপটি মেরে বসে থাকে। কেউ কেউ গেটের বাইরে লুকিয়ে থেকে আচমকা মা মা বলে ডাকতে থাকে। হঠাৎ বিদেশে থাকা ছেলের কণ্ঠে ডাকা মা শব্দ গেটের বাইরে শুনতে পেয়ে ধান্দা লাগার মত অবস্থা হয়। বুকের ভিতর মোচর দিয়ে উঠে। কে কে বলে দৌড়ে আসে গেটের বাইরে। আচমকা ছেলেকে দেখে থমকে দাঁড়িয়ে যায়। মায়ের এই অবস্থা দেখে ছেলে হাসি মুখে এগিয়ে গেলেই ছেলের মা পাগলের মত ছেলেকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে। সে কি কান্না! দীর্ঘ দিনের ছেলের মুখ না দেখা মায়ের সেই আকুলতা বলে বুঝানো যাবে না। মা তো সব সময় মা। মায়ের হৃদয়ে সন্তানদের ভালবাসা কোনদিনই কমে না। ভবিষ্যতেও কমবে না।
নিচের ভিডিওগুলি দেখুন- - বিদেশ ফেরত ছেলেকে জড়িয়ে ধরে মায়ের কান্নার ভিডিও গুলো দেখলে আপনাআপনি চোখে পানি চলে আসবে -- -- -
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


