সেদিন তোমাকে বলেছিলাম ধৈর্য ধরতে। বলেছিলাম স্বাধীন দেশ এনে দেব, যে দেশে তোমার প্রিয়তম স্বামী, বুকের ধন ছেলেকে শাসকের গুলি খেয়ে অকালে প্রাণ দিতে হবে না। সম্ভ্রম হারাতে হবে না তোমাকে আর তোমার ফুলের মত কন্যাকে। যে দেশ তোমাকে খাওয়া-পরার নিশ্চয়তা যদি নাও দিতে পারে দেবে নিজের মত করে চলার আর বেঁচে থাকার অধিকার---স্বাধীনতা !
মা গো, সেদিন তোমার গ্রাম্য-সরল চোখে চিকচিক করে উঠেছিলো স্বাধীনতার স্বপ্ন। তুমি নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে আমাদের কথা রেখেছিলে, ধৈর্য ধারণ করেছিলে। দীর্ঘ নয় মাস পরে পরাধীনতার শৃঙ্খল থেকে তোমাকে মুক্ত করেছিলাম আমরা তোমার সন্তানেরা...আহ, স্বাধীনতা! এ আমার নিজের দেশ, স্বাধীন দেশ।
কিন্তু সত্যি কি আমরা পেরেছি তোমাকে মুক্ত করতে? কোন পুরনো শকুন আবার খাঁমচে ধরেছে তোমাকে মা? আবার তুমি রক্তাক্ত, ক্ষত-বিক্ষত, মৃত! আবার আজ ফুলবাড়িতে গুলি খেয়ে মরেছে তোমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া পালটে দেবার স্বপ্ন দেখা টগবগে তরুণ ছেলে--তার রক্তমাখা জামা ঠাঁই নিয়েছে তোমার বুকের মাঝে...।
হায় কানসাট! হায় ফুলবাড়ি!
আমরা কথা রাখতে পারি নি মা, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার আমরা তোমাকে এনে দিতে পারি নি...তুমি সেদিনও মরেছিলে, তুমি আজো মরছো, বুক চিতিয়ে তোমার স্বাধীন দেশ শাসন করে পুরনো শকুনেরা। অক্ষম ক্রোধে নির্বোধের মত লিখে যাই কেবল আমরা। তোমার নির্লিপ্ত, শূণ্য চোখের দিকে তাকাতে পারি না....মাথা হেট করে তাই বলছি, "আমাদের তুমি কখনও ক্ষমা করো না মা, কখনও না"।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



