আমি পুষ্পিতা।
সামহোয়ারইনব্লগ এর নতুন একজন মেম্বার এবং আনফরচুনেটলি একজন মেয়ে ব্লগার.....
আসলে এতদিন যখন শুধুই ভিজিটর হিসাবে এই ব্লগসাইটের বিভিন্ন পোস্টে দিগ্বিদিক ঘুরে বেড়াতাম তখন গোটা ব্যাপারটা ছিলো একরকম। এরপর যখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, তখনো অনেক স্বপ্ন, উৎকন্ঠা। অতঃপর অপেক্ষা .......
আর তারপর গত ২৭ জুন ২০০৯, আমার নবজাতক নিক নিয়ে দুরুদুরু বুকে লগ ইন করলাম সা.ইনে এবং দেখলাম - 'আপনার জন্য ২ টি নতুন নোটিশ রয়েছে' দ্রুত ক্লিক করলাম এবং জানলাম ২৪ তারিখে আমাকে ফ্রন্ট পেজ একসেস দেয়া হয়েছে। আমি অসম্ভব খুশি হলাম। কেননা এতদিন ভিজিট করে করে এটুকু জানা হয়ে গিয়েছিলো যে, এখানে রেজিস্ট্রেশন করলেও ফ্রন্ট পেজ একসেস পাওয়া কম ঝক্কির বিষয় নয়। যাই হোক, তার মানে তো আর আমি বিশেষজ্ঞ নই। বুঝে না বুঝে একটা পোস্ট দিলাম। Click This Link
এবং সাথে সাথে আবিষ্কার করলাম যে, না আমাকে প্রথম পাতায় এখনো আসার সুযোগ দেয়া হয়নি। খুব মন খারাপ হলো। আমি নিজেই নিজের পোস্টে কমেন্ট করলাম ২/১ টা । এরপর দেখি একে একে কমেন্ট আসতে শুরু করলো। 'লুল' বিষয়টা বুঝতে পারলাম। আরো ধারনা নিলাম অনেক পুরান কিছু পোস্ট পড়ে। এমন নয় যে, আমি সা.ইনে একেবারেই নতুন, তাই আমিও আসলে একধরনের মজাই পেতে শুরু করলাম। শ্রাবনের ফুল, রাতমজুর, বুলবুল আহমেদ পান্না, নাজমুল আহমেদ, রোহান, অন্যরকম সহ আরো অনেক নিয়মিত ব্লগাররাই অনেক অনেক কমেন্ট করলেন। থতমত ভাবটা আস্তে আস্তে কেটে গেল। মজা পেলাম আর একটু ভাব নিতেও ইচ্ছা হলো। কিন্তু বিষয়টা চলতে চলতে ..... চলতেই থাকলো, শাখা প্রশাখা গজালো, আরো কত কি। লেবু বেশি চিপলে তবু তেতো বলে একটা স্বাদ হয়, কিন্তু চুইংগাম বেশি চিবোলে একসময় বিস্বাদ হয়ে যায়। আমার নিজেকে মনে হচ্ছে বিস্বাদ চুইংগাম এর মতো। সা.ইনে আসার আগে যে ব্লগিং নিয়ে আমার যৎসামান্য কিছু থিংকিং ছিলো সেগুলো বিশ্বাস করুন, গত ২ দিনে আমি বেমালুম ভুলে গেছি।
অবাক লাগে যখন আবিস্কার করি যে ঘটনাটা ঘটলো শুধুই আমি একজন মেয়ে ব্লগার (যদিও নিকনেম আর প্রোফাইলের ছবিটা ছাড়া আর তো কোন চিহ্ন নাই) বলে। কি অদ্ভুত.....!!!! তাইনা? এটুকুও বুঝি যে, আমি যদি আমার নামটা বদলে অন্য কোন একটা প্রোফাইল ইমেজ নিয়ে রেজিঃ করতাম তাহলে হয়ত ব্যাপারটা এমন হতোনা। একটা মেয়ে নিক আর মেয়ের ছবির যে এতো বিক্রিয়া হতে পারে সা.ইনে না আসলে হয়ত আমি নিজেই কোনদিনও বুঝতাম না। হয়ত এটুকুর প্রয়োজনও ছিলো। অতএব লজ্জা ও দুঃখ প্রকাশ পূর্বক প্রোফাইল পিক বদলিয়ে দিলাম।
যাই হোক, আজকে দেখলাম আমার ব্লগার স্ট্যাটাস 'জেনারেল'। যতদূর বুঝতে পারছি এই পোস্ট টা প্রথম পাতায় (ক্রমানুসারে) আসবে। বিশ্বাস করুন, আমি কোন অভিযোগ করে এই পোস্ট দিচ্ছিনা, শুধুই দুঃখ প্রকাশ করছি সবার কাছে, প্রিয় সা.ইন এর কাছে এবং নিজের কাছেও......
ভালো থাকুন সব্বাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


