লক্ষ্মীপুরে স্থানীয় যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ করেছে ওই ছাত্রীর পরিবার।
শনিবার দুপুরে সদর উপজেলার টুমচর গ্রামের জেএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তারকে (১৩) অপহরণের অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা সৌরভ হোসেনসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন ছাত্রীর চাচা জহিরুল ইসলাম।
সদর থানার ওসি গোলাম ছারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সৌরভসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে।
মামলায় বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের সময় ফাতেমার বাড়িতে (পানা মিয়া হাজি বাড়ি) একটি মাইক্রোবাস ও ১০/১২টি মোটরসাইকেল নিয়ে হানা দেয় সৌরভের নেতৃত্বে একদল সন্ত্রাসী। তারা বাড়ির লোকজনকে মারধর করে অস্ত্রের মুখে ফাতেমাকে অপহরণ করে নিয়ে যায়।
সৌরভ সদর উপজেলার শাকচর ইউনিয়নের যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এবং টুমচর গ্রামের হোসেন বেপারির ছেলে।
ফাতেমার মা জোসনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবলীগ নেতা সৌরভের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার মেয়েকে অপহরণ করেছে। চার নভেম্বর থেকে তার জেএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা।”
ফাতেমার চাচা ও মামলার বাদী জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




