বাংলাদেশের কৃষি খাত এখন অনেক বৈচিত্র্যময় এবং গতিশীল। কৃষিক্ষেত্রে চিরায়ত ঢঙের পুঁজিতন্ত্র অনেকটাই স্পষ্ট। কৃষি পণ্য উৎপাদনে বড় পুঁজি বিনিয়োগ হালে শুরু হয়েছে। বাণিজ্যিক কৃষি উৎপাদন ব্যাপকতা লাভ করেছে। ভূমিসহ কৃষি উৎপাদনের নানাবিধ উপকরণ ইজারা বা ভাড়া নেওয়া প্রায় সর্বত্রই প্রচলিত। গ্রামীণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেমন উপস্থিত বা অনুপস্থিত ভূমি মালিকদের জমি ইজারা বা ভাড়া নিচ্ছেন, তেমনি শহুরে বিনিয়োগকারীরাও গ্রামীণ মালিকদের জমি ইজারা বা ভাড়া নিয়ে নানাবিধ কৃষিপণ্য উৎপাদনে পুঁজি খাটাচ্ছেন। প্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষি ঋণ প্রাপ্তি বা গ্রহণের প্রবণতাও বেড়েছে। চুক্তিভিত্তিক উৎপাদনসহ কৃষিতে কর্পোরেট উপস্থিতি আজ স্পষ্ট দৃশ্যমান। অগ্রসর পুঁজিতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশেও চেইন শপিং সেন্টার বা সুপার মার্কেটের উত্থান কৃষি ব্যবস্থায় প্রভাব ফেলতে শুরু করেছে। কৃষক আর আগের মতো পারিবারিক ভোগকে প্রধান হিসেবে বিবেচনা না করে বাজারজাত করার লক্ষ্যে কৃষি পণ্য উৎপাদন করছে। এখন কৃষক আপন শ্রমকেও উৎপাদন ব্যয়ে অন্তর্ভুক্ত করে লাভ-লোকসানের হিসাব কষতে শুরু করেছে। বর্গা প্রথাসহ প্রাক-পুঁজিতান্ত্রিক কৃষির বিভিন্ন রূপ বা সামন্ত অবশেষ ক্রমশ বিলুপ্ত হচ্ছে। কৃষিজাত দ্রব্যকে পণ্যাকারে উৎপাদনের এ পরিবর্তন ইতিবাচক এবং কৃষিতে চিরায়ত রূপের পুঁজিতান্ত্রিক বিকাশ আরো ত্বরান্বিত করা কৃষির সার্বিক বিকাশের জন্য জরুরী।
বাংলাদেশের বিভিন্ন কৃষিজাত পণ্য যেমন ধান, গম, ডাল বা দুধের গড় উৎপাদন অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ফলে কৃষি ও কৃষক প্রয়োজন অনুযায়ী লাভবান হতে পারছে না। অথচ কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির সমূহ সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগানো বাংলাদেশের কৃষির জন্য অন্যতম চ্যালেঞ্জ। তবে বর্তমান অবস্থার জন্য শুধু কৃষি উপকরণের সমস্যা, প্রযুক্তিগত উৎকর্ষহীনতা বা কৃষি যন্ত্রপাতির সীমিত ব্যবহার বা কৃষিপণ্যের ন্যায্যমূল্যের অভাব দায়ী নয়, কৃষি ভূমির মালিকানার ধরন বা ভূমি ব্যবহারের অধিকারের ধরনও বহুলাংশে দায়ী। এ কারণগুলো বস্তুত কৃষির সার্বিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আছে। বস্তুত, কৃষির বৈপ্লবিক বিকাশে চলমান বাস্তবতার উপলব্ধিজাত নতুন কৃষক ও কৃষি ব্যবস্থাপনা প্রয়োজন, যার লক্ষ্য হবে পণ্য বাজারজাত করার জন্যই উৎপাদন। এই কৃষক শ্রেণী মুনাফার লক্ষ্যে বিনিয়োগ করবে, শ্রম দেবে। এদের লক্ষ্য থাকবে সর্বদা কম ব্যয়ে অধিক পণ্য উৎপাদন।
অতীতে এদেশে কৃষি বলতে সাধারণভাবে কেবল শস্য উৎপাদনই বোঝানো হতো। মাছ চাষ, হাঁস-মুরগী বা গরু-ছাগল পালন ইত্যাদিকে কৃষির আওতায় গণ্য করা হতো না। এমনকি ফল বাগিচাকেও কৃষির অন্তর্ভুক্ত মনে করা হতো না। তদুপরি, এ দেশের নীতি-নির্ধারকরা খাদ্য-শস্য বিশেষত ধান উৎপাদনকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন। ফলে, ধান উৎপাদন আগের থেকে অনেক বেড়েছে। কিন্তু ডাল বা তেল বীজের উৎপাদন মোটেও বাড়েনি। বরং অনেক ক্ষেত্রে কমে গেছে। একমাত্র দানাদার খাদ্যশস্য বিশেষ করে ধান উৎপাদনকে মুখ্য করায় ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। আমরা ভোজ্য তেল, ডাল ও মশলার ক্ষেত্রে প্রায় পুরোটাই আমদানী-নির্ভর হয়ে পড়েছি। পরিতাপের বিষয়, নদী-নালা, বিল-ঝিল এবং হাওর-বাওড়ের দেশ বাংলাদেশকে মাছও আমদানী করতে হয়।
একথা ঠিক, আমাদের উৎপাদনশীলতা আগের তুলনায় বেড়েছে। কিন্তু খাদ্যশস্য উৎপাদনে এমনকি ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কৃষি জমির ক্রম হ্রাসমান প্রবণতা। বাংলাদেশে প্রতিদিন প্রায় ২১২ হেক্টর কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যে দেশের বর্তমান মোট আবাদী জমির এক-চতুর্থাংশ বিলুপ্ত হয়ে যাবে। জলা ও বন ভূমি কমে যাবার হার আরো বেশি। এ হারে কমতে থাকলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন স্বপ্নই থেকে যাবে। আর মাছ তথা আমিষের চাহিদা পূরণ থেকে যাবে সুদূর পরাহত। কেননা, বিলীন হয়ে যাবে প্রাকৃতিক মাছের বেশিরভাগ উৎসস্থল এবং চিরতরে হারিয়ে যাবে প্রাকৃতিক মাছ ।
বাংলাদেশের কৃষির জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। বৈরী আবহাওয়ার কারণে আমাদের চেনা প্রজাতির ফসল উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। একদিকে খরা ও মরুময়তা বাড়ছে, অন্যদিকে বাড়ছে অতিবৃষ্টি ও বন্যার প্রকোপ। বাড়ছে লবণাক্ত এলাকা। ঋতুর পরিবর্তনে শীতকাল হ্রাস পাচ্ছে, গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে। বর্ষা বিঘ্নিত হচ্ছে। ঝড়,ঝঞ্ঝা, খরা, বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ তলিয়ে যাবার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই পরিবর্তিত জলবায়ু সহনশীল জাত তথা খরা, বন্যা ও লবণাক্ততা সহনশীল জাতের উদ্ভাবন এবং তা কৃষক পর্যায়ে নিয়ে আসা বাংলাদেশের জন্য আর একটি বড় চ্যালেঞ্জ।
জমির খণ্ড-বিখণ্ডতা (ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়া) ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে বড় প্রতিবন্ধক। ক্ষুদ্র জোত আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের অনুপযোগী এবং সাশ্রয়ী নয়। নির্দিষ্ট সেচযন্ত্রের আওতাধীন জমি খণ্ডগুলো একই সমতলে থাকে না বিধায় পানি ও সারের অপচয় ঘটায়। সুতরাং ক্ষুদ্র জোতগুলোকে বড় জোতে রূপান্তর ঘটিয়ে চাষাবাদ করা বর্তমান কৃষি ব্যবস্থার জন্য অন্যতম চ্যালেঞ্জ। তাছাড়া, জমির আইলের কারণে যে জমি আবাদ করা যায় না তার পরিমাণ কম নয়। তাই বড় জোত করতে যৌথ খামার প্রতিষ্ঠা করার বিকল্প নেই। কিন্তু সেটা একটা দুরূহ কাজ।
প্রাকৃতিক নিয়মে উদ্ভিদ মাটি থেকে খাবার সংগ্রহ করে বেড়ে উঠে। মাটিতে উদ্ভিদের বেড়ে ওঠার প্রয়োজনীয় খাদ্য উপাদান উপস্থিত থাকলে এমন মাটিকে উর্বরা মাটি বলে। আমাদের সৌভাগ্য প্রকৃতি বাংলাদেশের মাটিকে সবসময় উর্বরা রাখার ব্যবস্থা করেছে। যেমন প্রতি বছর পলিমাটি সমৃদ্ধ বর্ষার পানি ফসলী ভূমিকে উর্বরা করছে। প্রকৃতির এই ব্যবস্থায় হস্থক্ষেপ করা যাবে না। আবার এদেশের কৃষকও ফসলী ভূমিকে উর্বরা রাখতে প্রতি বছর ফসল পরিবর্তন করে বা ফসলের বহুমুখীকরণ করে মাটির উর্বরা গুণ অক্ষুন্ন রাখত। কিন্তু উচ্চ ফলনশীল ও বিদেশী প্রজাতির চাষাবাদে ক্রমর্বধমান হারে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, একই ফসল বছরের পর বছর চাষ এবং বাঁধ দিয়ে সেচ প্রকল্প করে বর্ষার পানির প্রবেশ ও নির্গমনের ব্যবস্থা না রাখা মাটিকে অর্নুবরতা ও বন্ধ্যাত্বের দিকে ঠেলে দিচ্ছে। রাসায়নিক সার ফসলের প্রয়োজন মেটালেও মাটির স্বাস্থ্যহানি ঘটায়। তাই অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশকের উপর নির্ভরতা অদূর ভবিষ্যতে অনিবার্যভাবে কৃষিতে বিপর্যয় ডেকে আনবে।
বংশ পরম্পরায় এদেশের কৃষক শস্যবীজ নিজেই উৎপাদন ও সংরক্ষণ করে আসছে। এমনকি উফশী জাতের বীজও কৃষক সংরক্ষণ করে থাকে। কিন্তু কৃষক পর্যায়ে হাইব্রিড সব্জি ও ধানবীজ উৎপাদন করা যায় না। এই বীজের প্রসারে কৃষকের বীজের ওপর আজন্ম অধিকার হাতছাড়া হয়ে যাচ্ছে। বাংলাদেশের কৃষক বহু জাতিক কোম্পানী ও তাদের দেশীয় দোসরদের হাতে জিম্মি হতে চলেছে। এ অবস্থা দেশের কৃষির বিকাশে শুভ হতে পারে না। গোটা কৃষি ব্যবস্থাই কিছু উচ্চাভিলাষী দেশী-বিদেশী কোম্পানীর জিম্মি হতে পারে।
এদেশে গবেষণাগার পর্যায়ে এবং কৃষক পর্যায়ে ফলনের বিস্তর ফারাক হতে দেখা যায়। কেননা গবেষণাগারের নিবিড় চাষ প্রযুক্তি কৃষক পর্যায়ে বজায় থাকে না। আবার বাজার দর থেকে শুরু করে বিভিন্ন তথ্য না জানা থাকায় কৃষক বিভিন্ন ভাবে বঞ্চিত হয়। তাই কৃষককে নতুন প্রযুক্তি সর্ম্পকে সচেতন ও দক্ষ করা, কৃষি সর্ম্পকিত বিভিন্ন তথ্যে সমৃদ্ধ করা কৃষক ও কৃষির বিকাশে অত্যন্ত জরুরী।
একটি দেশের কৃষির বিকাশের সাথে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমাদের দেশে সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠছে না। পাশাপাশি গড়ে উঠছে না বিভিন্ন কৃষি পণ্যের সংরক্ষণাগার ও গুদামজাত করণের সুব্যবস্থা। কৃষি উপকরণ ও যন্ত্রপাতি শিল্পও পরিকল্পিত ভাবে গড়ে উঠছে না। এটা এদেশের কৃষি বিকাশের পথে অন্যতম অন্তরায়।
বাংলাদেশের কৃষিনীতিতে প্রধানত সমতলের কৃষিকে গুরুত্ব দেওয়া হয়। অপরদিকে, পাহাড়, হাওর, চরসহ বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চলের কৃষিকে নিদারুণভাবে উপেক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে কৃষি উৎপাদন কম হচ্ছে। তাই বাংলাদেশে বিদ্যমান সকল কৃষি প্রতিবেশ অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্যকে সমগুরুত্ব দিয়ে কৃষিনীতি সাজাতে হবে। তাছাড়া যে জমি যে ফসল চাষের উপযুক্ত সে অনুযায়ী চাষ পরিকল্পনা করতে হবে।
কৃষির বিকাশে আর একটি বড় বাধা হলো, বিদ্যমান বাজার ব্যবস্থা। কোন ফসলের উৎপাদন বেশী হলে অথবা আন্তর্জাতিক বাজারে ওই পণ্যের দাম কম থাকলে দাম পড়ে গিয়ে উৎপাদন ব্যয়ের নিচে চলে যায়। ফলে, কৃষক মার খায় এবং কৃষক ওই ফসল উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে। উৎপাদন বৃদ্ধির আকাঙ্ক্ষাও নষ্ট হয়ে যায়। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক অর্থ সংকটের কারণে ফসল তোলার সাথে সাথে বিক্রি করতে বাধ্য হয় যখন উৎপাদিত পণ্যের দাম সবচেয়ে কম থাকে। আর কৃষকের ঘাম ও শ্রমের ফসল থেকে ফায়দা লোটে মধ্যস্বত্বভোগী ফড়িয়া, মজুদদার ও ব্যবসায়ীরা। আবার দ্রুত পচনশীল কৃষি পণ্যের সংরক্ষণ সুবিধা না থাকায় ভরা মওসুমে দাম কমে গিয়ে উৎপাদন খরচ উসুল না হলেও কৃষক এসব পণ্য বিক্রি করতে বাধ্য হয়। পক্ষান্তরে, মধ্যস্বত্বভোগীদের বিভিন্ন কূটকৌশলের কারণে ভোক্তা পর্যায়ে পণ্যের উচ্চমূল্য বজায় থাকে, বিশেষ করে দূরবর্তী শহরের ভোক্তা পর্যায়ে। প্রকৃতপক্ষে, আমাদের দেশে উৎপাদক ও ভোক্তা পর্যায়ে কৃষি পণ্যের মূল্যের বিশাল ফারাক কৃষির বিকাশে অন্যতম প্রধান বাধা। তাই উৎপাদিত পণ্যের ন্যায্য মুনাফা রেখে সুলভ মূল্যে ভোক্তাদের নিকট কৃষি পণ্য পৌঁছে দেওয়াও একটা বড় চ্যালেঞ্জ। এবং এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে কৃষক তথা উৎপাদকের অনুকূলে বাজার ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
সাধারণত কৃষক, বিশেষত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা গ্রহণ করতে পারে না। এরা বরাবর পুঁজির সংকটে ভোগে। ফলে, সঠিকভাবে চাষাবাদ করতে পারে না বলে উৎপাদনশীলতা কমে যায়। ইদানীং এনজিওগুলো ফসলভিত্তিক ঋণ দেওয়া শুরু করেছে। তবে তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল এবং সুদের হারও অনেক বেশী। এই উচ্চসুদে কৃষি পণ্যে মুনাফা করা কষ্টসাধ্যই বটে।
প্রাকৃতিক দুর্যোগে ফসল বিপন্ন হওয়া বাংলাদেশে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এ সংকটকে আরো গভীর করেছে। প্রাকৃতিক দুর্যোগে মাঝে মাঝে ক্ষয়ক্ষতি এত মারাত্মক হয় যে যা থেকে উত্তরণ ঘটানো অনেক সময়ই দু:সাধ্য হয়ে পড়ে। কৃষক হয় নি:স্ব। এক্ষেত্রে শস্য বা কৃষি বীমার প্রচলন ঘটানো গেলে ক্ষতিগ্রস্ত কৃষকের মাথা তুলে দাঁড়াবার অবকাশ সৃষ্টি হতো যা ধারাবাহিক কৃষি বিকাশে জরুরী।
প্রকৃত কৃষিজীবী তথা সকল শ্রেণীর কৃষক এবং কৃষি উৎপাদকের জন্য কেবল কৃষি জমি ব্যবহারের অধিকার সংরক্ষণ করতে হবে। এই মুহূর্তে মালিকানা পদ্ধতির আমূল পরিবর্তন ঘটানো না গেলে অথবা অকৃষক ভূমি মালিকানা উচ্ছেদ না করা গেলেও অন্তত কৃষকের কৃষি জমি ব্যবহারের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষক যেন একটি নিরাপদ সময় পর্যন্ত লীজ বা ভাড়া নিয়ে চাষাবাদ করতে পারে তার নিশ্চয়তা প্রদান করতে হবে। যার জীবন-জীবিকা কৃষিকর্মের সাথে সম্পর্কিত নয় বা কৃষি প্রধান নয় তার হাতে কৃষি জমি থাকতে পারবে না। খাস জমি প্রকৃত কৃষক তথা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বর্গা চাষীকে বন্দোবস্ত দিতে হবে। তবে কঠোর শর্ত থাকতে হবে যে বন্দোবস্তপ্রাপ্তরা নিজেরা চাষাবাদ না করলে বা কোনোভাবে জমি হস্তান্তর করলে বন্দোবস্ত বাতিল হয়ে যাবে। খাজ জমি বন্দোবস্ত দেওয়ার অন্যতম লক্ষ্য থাকবে বর্গা চাষী থেকে উদ্যেগী চাষীতে রূপান্তর করা। একইভাবে, জলাভূমি প্রকৃত মৎস্যজীবী - জেলে ও মৎস্য চাষীদের জন্য বরাদ্দ করতে হবে। অবশ্য লীজ নেওয়া জলাশয়গুলোর একটি নির্দিষ্ট অংশ প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় সংরক্ষিত রাখতে হবে। পুকুর, নদী ও খাল খনন ও জলাভূমি রক্ষার মাধ্যমে মৎস্য চাষ বৃদ্ধির পাশাপাশি এই পানি হবে সেচের প্রধান উৎস। সাধারণ সম্পদে (খাল, বিল, নদী, বন) সাধারণ জনগোষ্ঠীর ব্যবহারের সুযোগ থাকতে হবে।
বাংলাদেশে সর্বমোট কৃষি জমির পরিমাণ ৮২.১০ লাখ হেক্টর। এর মধ্যে এক ফসলী জমির পরিমাণ ২৮.৭৩ লাখ হেক্টর, দুই ফসলী জমির পরিমাণ ৪১.৩০ লাখ হেক্টর এবং তিন ফসলী জমির পরিমাণ মাত্র ১০.২৭ লাখ হেক্টর। সঠিক ব্যবস্থাপনা, স্বল্প মেয়াদী এবং খরা, বন্যা ও লবণাক্ততা সহনশীল জাত উদ্ভাবন করে সব কৃষি ভূমিই তিন ফসলী জমিতে রূপান্তর করা সম্ভব। এমনকি অনেক ক্ষেত্রে ৪টি ফসল উৎপাদনও কঠিন নয়। বাড়তি জনগণের খাবার সংস্থান করেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও ধরে রাখা এবং শস্যের মূল্য সহনশীল মাত্রায় রেখেও কৃষিকে লাভজনক করার জন্য বছরে কমপক্ষে ৩টি ফসল উৎপাদন সম্ভব করে তুলতে হবে।
মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশের কৃষককে আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। উন্নত বিশ্ব কৃষিতে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে। তাই আমাদেরও ভর্তুকির পরিমাণ বাড়াতে হবে। কৃষি পণ্যের মূল্য সহনশীল মাত্রায় রাখার জন্য কৃষি উপকরণ তথা সার, বীজ, ডিজেল বা সেচ প্রযুক্তিতে বড় ধরনের ভর্তুকি দিতে হবে। সাশ্রয়ী মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করতে হবে। পাশাপাশি কৃষক যাতে সহজে উৎপাদিত ফসল মুনাফা সহযোগে বিক্রি করতে পারে, সেজন্য সরকারকে প্রয়োজনে ভর্তুকি দিয়ে কৃষি পণ্য ক্রয় করতে হবে। ভর্তুকি যেন সরাসরি কৃষকের ঘরে যায় সেটাও নিশ্চিত করতে হবে। এমত নীতি সকল কৃষি পণ্যের জন্য প্রযোজ্য হবে।
টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে কৃষিকে হতে হবে জলবায়ু ও পরিবেশ বান্ধব। বাংলাদেশের জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্য হল বর্ষাকালে উজান থেকে আসা বরফগলা ও বৃষ্টির পানি এবং দেশের অভ্যন্তরের বৃষ্টির পানি দেশের সমভূমির দুইতৃতীয়াংশকে পানিতে তলিয়ে দেয়। আবার শীতকালে বৃষ্টি হয় না বলে নদীর প্রবাহ কমে যায়, খাল-বিল শুকিয়ে যায়। বর্ষার পলিবাহিত পানি জমির উর্বরতা বাড়ায় এবং অসংখ্য প্রজাতির প্রাকৃতিক মাছের বিচরণ ও লালন-পালনের বিস্তীর্ণ প্লাবনভূমি সৃষ্টি করে। অপরিকল্পিত বাঁধ, রাস্তাঘাট, ডাইক-ড্যাম নির্মাণ এবং সেচ প্রকল্পসমূহ বর্ষার পানির স্বাভাবিক অপসারণ ব্যাহত করছে। ব্যাহত করছে মাছের চলাচল ও লালন-বিচরণ। এ অবস্থা একাদিকে বন্যার প্রকোপ বাড়াচ্ছে, অন্যদিকে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি করছে যা প্রকারান্তরে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব রাখছে। সেচে ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারে পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে যা আগামীতে পরিবেশ বিপর্যয়ের আশংকা সৃষ্টি করছে। তাই জালের মত ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী-খালগুলোকে নাব্য রাখতে হবে এবং নদী ও বিল-ঝিলের গভীরতা বাড়িয়ে পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে যেন শীতকালে সেচে ব্যবহার করা যায়। বিল-ডোবা শুকিয়ে শস্যভূমি বাড়ানো যাবে না। আবার কীটনাশক ব্যবহার করে বিল-নদীর পানি দূষিত করে মাছসহ জলজপ্রাণী ধ্বংস করা যাবে না।
কৃষি সমস্যার সমাধানে এবং কৃষকের দাবী আদায়ে কার্যকর কোনো সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। কৃষক হলো বাংলাদেশের জনগণের সবচেয়ে অসংগঠিত অংশ। নামধারী কৃষক সংগঠনগুলো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে কৃষকদের মধ্যে দলীয় কর্মকাণ্ডে লিপ্ত। এভাবে অকৃষক বা কৃষক স্বার্থবিরোধী ব্যক্তি ও সংগঠন, বিশেষত স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো কৃষকের সমস্যা সমাধানের কথা বলে তাদের দলীয় শক্তিবৃদ্ধি করে, ভোট নিয়ে ক্ষমতায় যায় এবং কৃষি ও কৃষককে উপেক্ষা করে। স্বাধীনতা-পূর্ব কালের মতোই পরবর্তী কালেও এ অবস্থার হেরফের হয়নি। তাই রাজনৈতিক দল ও সরকারকে কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করতে বাধ্য করার জন্য সর্বপ্রথম কৃষকের নিজস্ব সংগঠন গড়ে তোলা প্রয়োজন। একমাত্র শক্তিশালী কৃষক সংগঠনের পক্ষেই কৃষি ও কৃষকের স্বার্থরক্ষায় এবং কৃষি সংস্কারে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই।
২০০৭- ’০৮ সালে পৃথিবীব্যাপী দানাদার খাদ্যশস্য এবং ভোজ্য তেল উৎপাদন সাংঘাতিকভাবে হ্রাস পায়। ফলে, দাম বেড়ে যায় অস্বাভাবিক হারে। তাতে আমদানী-নির্ভর দরিদ্র দেশগুলো মারাত্মকভাবে খাদ্য ও ভোজ্য তেল সংকটে নিপতিত হয়। অবস্থা এমনই দাঁড়ায় যে অর্থ থাকলেও বিশ্ববাজার থেকে খাদ্য ক্রয় করা সম্ভব হয় না। দু’ দফা বন্যা ও প্রলয়ংকারী সাইক্লোন সিডরের কারণে ফসল বিনষ্ট হলে (আমন ফসল) বাংলাদেশে মারাত্মক খাদ্য সংকট দেখা দেয়। খাদ্যদ্রব্যের অস্বাভাবিক উচ্চমূল্য দুর্ভিক্ষাবস্থার সৃষ্টি করে। তবে সৌভাগ্যক্রমে শীতকালীন আলু ও গম এবং বোরো ধানের বাম্পার ফলনে দেশ বড় আকারের বিপদ থেকে রক্ষা পায়। দেশের খাদ্য নিরাপত্তায় আমদানী নির্ভরতা যে কতখানি ভঙ্গুর তা সবাই উপলব্ধি করতে সক্ষম হন। এর ফলে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয় যে দানাদার খাদ্যশস্য, ভোজ্য তেল, ডাল, মাছ সহ সব ধরনের কৃষি পণ্যে স্বয়ংসম্পূর্ণ না হওয়া গেলেও নিরাপদ মাত্রায় এগুলো দেশেই উৎপাদন করার উদ্যোগ নেওয়া একান্ত প্রয়োজন।
সর্বোপরি, মোটা দাগে বলা যায়, কৃষি থেকে বিশ্বমানের উৎপাদনশীলতা অর্জন করতে হলে উন্নত ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন করতে হবে। সকল প্রকারের কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অনুকূল কৃষিনীতি প্রণয়ন করতে হবে। প্রকৃত কৃষক বা কৃষি উৎপাদক হবে কৃষি জমির মালিক, নিদেনপক্ষে কৃষি জমির ব্যবহারের নিয়ন্ত্রক। যৌথ খামার পদ্ধতির প্রচলন করতে হবে। মধ্যস্বত্বভোগী ব্যবস্থা উচ্ছেদ করে কৃষক তথা কৃষি উৎপাদকের অনুকূলে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক বাজারের সাথে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ভর্তুকি ও সহযোগিতা দিতে হবে। এ তাবৎ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক কৃষি সংস্কারের বিকল্প নেই। এজন্য কৃষকদের আগ্রহ ও উদ্যেগ এগিয়ে নেয়ার জন্য সংগঠিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আজ গুরুত্ব দাবী করে। টেকসই কৃষি প্রবৃদ্ধি বজায় রাখতে দৃষ্টিভঙ্গী পাল্টাতে হবে। উৎপাদন বৃদ্ধি নয়, কৃষির প্রবৃদ্ধির মূল লক্ষ্য হবে - ১. কৃষকের উন্নতি এবং ২. মাটির উর্বরতা বজায় রাখা।
কৃষি সংস্কার ও কৃষকের উন্নতি লাভে নিম্নলিখিত ইস্যুগুলো বিবেচনায় নিতে হবে - কৃষিনীতির লক্ষ্য হবে বিদ্যমান ৩০টি কৃষি প্রতিবেশ অঞ্চলকে সমান গুরুত্ব প্রদান। সব ধরনের খাদ্যশস্য উৎপাদনে সমান গুরুত্ব প্রদান। সকল কৃষিপণ্যের চাহিদা নিরূপণ করে সে অনুপাতে বিভিন্ন কৃষি পণ্য আবাদের লক্ষ্যে প্রতিবছর জমির আনুপাতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ।
১. কৃষিক্ষেত্র (জলাভূমিসহ) হ্রাস পাবার প্রক্রিয়া রোধ করতে কৃষি ভূমি অকৃষি খাতে ব্যবহারে বিধি-নিষেধ আরোপ বা প্রচলিত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।
২. কৃষি ও কৃষি বান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ’উৎপাদক বাজার’ গড়তে হবে। বাজার সংলগ্ন এলাকায় শস্য গুদাম এবং দ্রুত পচনশীল পণ্যের সংরক্ষণাগার স্থাপন করতে হবে। কৃষি উৎপাদকদের সমবায় গড়ে তোলা যেতে পারে। কৃষক ফসল আগাম বিক্রি করতে বাধ্য হলে সমবায় তা ক্রয় করে গুদামজাত এবং দাম বৃদ্ধি পেলে ব্যবস্থাপনা ব্যয় রেখে কৃষককে বাড়তি মূল্য প্রদান করবে। সম্ভব হলে সমবায় সরাসরি শহরে পাইকার বা চেইনশপে বিক্রির ব্যবস্থা করবে।
৩. কৃষি ভর্তুকির লক্ষ্য হবে দ্বিবিধ। একদিকে সার, বীজ, ডিজেল বা সেচে ভর্তুকি দিয়ে কৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে রাখতে হবে। অন্যদিকে উৎপাদিত কৃষিপণ্যের বাজার মূল্য উৎপাদন খরচের নিচে নেমে গেলে মুনাফা সহযোগে কৃষকের নিকট থেকে ওই পণ্য ক্রয় করতে হবে। কৃষক যাতে ভর্তুকির সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
৪. ভূমি খণ্ডীকরণ রোধ করা না গেলে যৌথ খামার ব্যবস্থা গড়ে তুলে জোতের আকার বাড়িয়ে চাষাবাদ করতে হবে। এক্ষেত্রে আইল তুলে দিতে হলে ব্যক্তির জমি চিহ্নিত করার নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. সবচেয়ে কম সুদে পর্যাপ্ত কৃষি ঋণ প্রদান করতে হবে। ছোট ও ক্ষুদ্র কৃষকও যাতে ঋণ নিতে পারে তেমন নীতি প্রয়োগ করতে হবে। কৃষি ঋণের বিশেষ বৈশিষ্ট্য হবে ফসলের দাম যখন সর্বোচ পর্যায়ে উঠে তখন কৃষক ঋণ পরিশোধ করবে।
৬. বাংলাদেশের মাটি যথার্থই উর্বরা। এই উর্বরা গুণ অক্ষুণ্ন রাখতে হবে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বাড়াতে হবে। মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ও সুষম সার প্রয়োগ করতে হবে। সার ও কীটনাশক ব্যবস্থাপনার লক্ষ্য হবে মাটির খাবার যোগানোর মধ্য দিয়ে ফসলের খাবার যোগানো, সরাসরি উদ্ভিদের খাবার যোগানো নয়। পলিমাটি সমৃদ্ধ বর্ষার পানির ফসলের খেতে প্রবেশ ও নির্গমনের ব্যবস্থা রাখতে হবে।
৭. একটি জমি থেকে তিনটি ফসল উৎপাদন সম্ভব করতে স্বল্পমেয়াদী জাত এবং বন্যা, খরা, লবণাক্ততা সহনশীল জাতের বীজ উদ্ভাবন করতে হবে। পাশাপাশি কৃষির সঠিক ব্যবস্থাপনায় কৃষককে দক্ষ করে তুলতে হবে যেন গবেষণাগার এবং মাঠ পর্যায়ে ফলনের বিস্তর হেরফের না হয়।
৮. বাংলাদেশের শিল্পায়নে কৃষি পণ্যভিত্তিক শিল্প এবং কৃষি উপকরণ ও যন্ত্রপাতি উৎপাদনকে প্রাধান্য দিতে হবে।
৯. একমাত্র কৃষক ও কৃষি উৎপাদকই হবেন কৃষি জমি ব্যবহারের অধিকারী। অকৃষক ভূমি মালিকদের কৃষি জমি এবং খাস জমি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ভাড়া বা লীজ নিয়ে কৃষক চাষাবাদ করবে। একইভাবে জলমহাল বা জলাভূমির অধিকারী হবেন প্রকৃত মৎস্যজীবী।
১০. কৃষি হবে জলবায়ু ও পরিবেশ বান্ধব। এ জন্যে সেচে ভূ-পৃষ্ঠ পানি ব্যবহার করতে হবে। সেচ প্রকল্পসহ প্লাবনভূমিতে বর্ষার পানি প্রবাহ অক্ষুণ্ন রাখতে হবে। প্রাকৃতিক মাছের স্বাভাবিক চলাচল এবং বিচরণ ও লালন ক্ষেত্র অটুট রাখতে হবে। বিল ও নদীর পানি দূষণকারী কীটনাশক ব্যবহার বন্ধ ও রাসায়নিক সার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
১১. দলীয় প্রভাবমুক্ত কৃষক সংগঠন গড়ে তুলতে হবে যে সংগঠন কৃষকদের স্বার্থ আদায়ে দেনদরবার করতে পারবে। অন্যদিকে, কৃষক তথা উৎপাদকের সমবায় গড়ে মধ্যস্বত্বভোগীদের উৎখাতের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
১২. কৃষি সর্ম্পকিত বিভিন্ন তথ্য প্রদানের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য প্রযুক্তি কেন্দ্র স্থাপন করতে হবে যাতে কৃষক কৃষি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজে পেতে পারে।
১৩. বীজ উৎপাদনে কৃষকদের আজন্ম অধিকার অক্ষুণ্ন রাখতে হবে। বিদেশী বীজ নয়, দেশের ভিতরে উন্নত বীজ উৎপাদনে বেসরকারী খাতকে উৎসাহিত করতে হবে এবং এ বীজ উৎপাদন প্রক্রিয়ায় কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে যেন কৃষক বীজ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে পারে। সর্বোপরি বীজের গুণগত মান বজায় রাখার জন্য মৌলবীজ ও ভিত্তিবীজ সরকারী খাতেই ন্যস্ত থাকবে।
http://www.bangarashtra.net
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




