যুগান্তর ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ শনিবার ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওপর হামলার বিষয়টিকে ‘ডাহা মিথ্যা’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগেও আহমেদিনেজাদ একাধিকবার নিউইয়র্ক ও ওয়াশিংটনে হামলার বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আহমেদিনেজাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ১১ সেপ্টেম্বর হামলার ঘটনা একটি ডাহা মিথ্যা। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অজুহাত দেখিয়ে আফগানিস্তানে হামলা চালানোর উপায় হিসেবে এ মিথ্যাকে ব্যবহার করা হয়েছে। এছাড়া আহমেদিনেজাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো বিমান হামলাকে গোয়েন্দা সংস্থার তৈরি একটি নীলনকশা হিসেবে বর্ণনা করেন। জানুয়ারিতে কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমেদিনেজাদ ১১ সেপ্টেম্বরের হামলাকে নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের অনুরূপ একটি সন্দেহজনক ঘটনা বলে বর্ণনা করেছিলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি রোববার জোর দিয়ে বলেছেন, তারা পরমাণু সম্পর্কিত বিষয় নিয়ে এখনই ইরানের ওপর নতুন অবরোধ আরোপের কথা ভাবছে না। তবে অবরোধ আরোপের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না। তিনি বলেন, কূটনৈতিকভাবে ব্যাপারটি সমাধানের পথ এখনও বন্ধ হয়ে যায়নি।
যুক্তরাষ্ট্র ও শক্তিধর পশ্চিমা দেশগুলো চায়, ইরানের ওপর জাতিসংঘের অবরোধের প্রস্তাবনাকে চীন সমর্থন করুক। ইরাকের পরমাণু অস্ত্র তৈরির বিরুদ্ধেই জাতিসংঘের এ অবরোধ। কিন্তু চীন এখনও এ ব্যাপারে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু বলছে না। ইরান পরমাণু অস্ত্র তৈরির কথা অস্বীকার করে বলেছে, বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসা প্রযুক্তির কাজে ব্যবহারের জন্য তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। চীন বারবার বলছে, বিশ্ব বিরোধ মেটাতে অবরোধ আরোপ কোন সমাধান নয়; এমনকি ইরানের ক্ষেত্রেও তাই। উল্লেখ্য, চীনের জ্বালানি তেলের অন্যতম উৎস হচ্ছে ইরান। চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইয়াং বলেন, সবাই এ ব্যাপারে একমত হবেন, চাপ দিয়ে এবং অবরোধ আরোপ করে ইরানের পরমাণু অস্ত্র তৈরির ইস্যুটিকে স্থায়ীভাবে বন্ধ করা যাবে না। এএফপি, রয়টার্স।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


