ডাকবাক্সে আজ চিঠি এসেছে,
নামবিহীন সেই চিঠি
যেন দেখলেই বুঝতে পারব
শুধু আমারই জন্য এসেছে।

খুব সন্তর্পণে এতটুকু ভাঁজ না ফেলে
সকলের অগোচরে চিঠিটি নিয়ে আসি আমি,
অনেকক্ষণ ধরে শুধু এর স্পর্শ গ্রহণ করি।
যেন বুঝতে চেষ্টা করি
কী আছে এর ভিতরে।
কাঁপা কাঁপা হাতে যখন চিঠিটি খুলি
দেখি এর পরতে পরতে রয়েছে
আমারই সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা
আর না পাওয়ার বেদনারা।
না, নামবিহীন সেই চিঠিটি চিনতে
এতটুকু ভুল হয়নি আমার।
পড়তে পড়তে যখন প্রায় শেষ হয়ে এসেছে
যখন নিশ্চিত হয়েছি যে এতো
আমারই জীবনালেখ্য-
তখনই শেষ চরণগুলোতে
আটকে যায় আমার চোখ।
শেষ সেই চরণগুলোয়
অক্ষরগুলো যেন নানা রঙে নানা ছন্দে
আমারই চোখের সামনে
বিচরণ করতে থাকে।
আমি দেখি আমার স্বপনেরা
সেখানে খেলা করে,
আমি আশান্বিত হই, মুগ্ধ হই।
ভাবি না, নামবিহীন হলেও
চিনতে এতটুকু ভুল করিনি
ডাকবাক্সে আসা আমারই স্বপনদের ।।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




