আজ অনেকদিন পর ভালোবাসতে চাইছে মন!
কোনো কারণ নেই তবু; এমন এক একটি দিন আসে
খুব নির্ভার বোধ হয়,
হারিয়ে ফেলার ভয়ে শামুকে খোলসবদ্ধ রাখি যে ভালোবাসা,
তাকেও নিয়ে এসে ফানুস ওড়াতে চায় মন;
এমনি এক একটি দিন আসে,
শীতের প্রথম কুয়াসার আমেজে
আজ মখমলে ভালোবাসার দিন!

জানি মুহূর্তটুকু খুব দামি, পরমুহূর্তেই হারিয়ে ফেলার ভয়;
থাক না পরে হিসেব আর জটিল সব সরল অংক,
আজ শুধুই ভালোবাসার দিন!
আমি যে ভালোবাসার সাত রঙা কাব্য দেখেছি,
দেখেছি বিষন্নতার তারেও কী মাধুর্যময় ভালোবাসার সুর!
ক্ষণিক পাওয়া ক্ষণিক চাওয়া আর ক্ষণজন্মার আসরে
বিন্দু বিন্দু অজস্র ভালোবাসা!
আপ্লুত এই মন তাই বার বার বলে
আজ ভালোবাসার দিন!!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




