আমার কথার উৎসমুখ জুড়ে তুমিই বসে আছো
অথচ এখন বাকহীনতার দারুণ শ্লোগান নিয়ে প্রতিদিনই
দাড়াও। দাবি আদায়ের যুদ্ধে সংগ্রামী কোনো লড়াকু নেতার মতো।
কথা যখন বাকহীনতার মধ্যে থেমে যায়
শব্দের গভীর থেকে তখন আত্মার উচ্ছাস ভেসে আসে।
রান্না-বান্না ঘরকন্যার ভিড়ে বসে তাকে তুমি ধরতে পারো না।
কতোদিন গভীর রাতে ঘুম ভেঙ্গে তাকিয়ে থেকেছি চেনা তোমার দেহের দিকে
যে ভাবে ছেলেবেলার খেলার মাঠের আনন্দের সামনে দাঁড়িয়ে থাকে বহুদিন পর স্বদেশে ফেরা মধ্যবয়সের মানুষ।
প্রতিটি ঘাসের মধ্যে নিজের স্পর্শ রয়েছে।
চেনে কিন্তু চেনেনা। চেনে। না । চেনেনা। এমনই হাওয়ায় দুলতে দুলতে হাসতে থাকে।
শব্দ যখন শব্দহীনতার মধ্যে হারায়, বাক্য যখন নি:শব্দের দিকে ঝুকে পড়ে
তখন আকাশের আয়োজন আরো বড় হতে থাকে।
মধ্য গগনে জোৎস্নার গানের মতোই এই আয়োজনের আমন্ত্রণ কেবল তোমার কাছেই পাঠাই প্রতিদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



