খুবই ভারাক্রান্তি এবং বিরক্তি নিয়ে লেখাটি লিখতে বসেছি।লেখার টপিকটি হল ক্রিকেট খেলা হালাল নাকি হারাম?
আমি ভেবেছিলাম এটা এমন একটি বিষয় যেটা মোটামোটি সবাই বোঝে।কিন্তু আজ অবাক হলাম।আমার এক বন্ধু বিষয়টা নিয়ে আমাকে এতটাই বিরক্ত করেছে যে এই বিষয়টা নিয়ে না লিখে স্বস্থি পাচ্ছি না।তবুও মাথাকে অনেক ঠাণ্ডা রাখার চেষ্টা করছি এবং প্রার্থনা করছি আল্লাহ্ তা’লার কাছে যেন সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে পারি।
রাসুল (সঃ) বলেন –“কোন ব্যাক্তি যদি যেকোনো বিষয়ে ইজতিহাদ(গবেষণা) করে একটি ফল প্রকাশ করে,সে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারে তাহলেও নির্ধারিত পুরস্কারের অর্ধেক পাবে,আর যদি সঠিক সিদ্ধান্ত অব্দি পৌঁছাতে পারে তাহলে সম্পূর্ণ পুরস্কার পাবে।”
আমি এমন কোন হাদিস জানি না,অনেক খুজেও পাই নি যেটা ক্রিকেট খেলাকে হারাম বলে স্বীকৃতি দেয়।আর তাছাড়া হারাম-হালাল যেহেতু নির্দিষ্ট কাজেই দলীল ছাড়া কখনোই কোন কাজকে হারাম বলে ধারণা করা যায় না।ফরজ ইবাদতের ক্ষেত্রে যেগুলো অনুমোদিত শুধুমাত্র সেগুলোই করতে হবে,বাকি সবগুলোই হারাম।এছাড়া ইবাদত ছাড়া অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে যেগুলো নিষেধ করা হয়েছে কেবল সেগুলো হারাম,বাকি সবই হালাল।
খেলাধুলা হারামের ব্যাপারে হাদিস হলঃ
সুলাইমান ইবনে বুরাইদাহ তার পিতা বুরাইদাহ (রাঃ) হইতে বর্ণনা করেছেন।রাসুল (সাঃ) বলেছেন,“যে ব্যাক্তি পাশা খেলল সে যেন শূয়রের গোশত ও রক্তে হাত রাঙাল”।(মুসলিমঃ২২৬০)
আবু মুসা আল আশারি (রাঃ) হতে বর্ণিত রাসুল (সাঃ) বলেন,“যে পাশা খেলল সে যেন আল্লাহ্ এবং আমাকে অমান্য করল”।(আবু-দাউদঃ৪১২৯,নাসিরুদ্দিন আলবানীর মতে সহীহ)
পাশা(dice) একধরনের খেলা যা প্রচলন করেন ইরানের বাদশাহ ‘ইরদ শীর ইবনে বাবক শাহ’।হাদিসে এই খেলাটিকে বলা হয়েছে ‘নিরদে শীর’।এটি মূলত একটি ইরানি শব্দ।নিরদ বলা হয় খেঁজুর পাতার তৈরি এক ধরনের ঝুড়িকে যার মুখটা থাকে নিচের দিকে আর উপরের দিকের তুলনায় নিচের দিকটা একটু বেশি চওড়া।সাতটা কড়ির সাহায্যে এ খেলাটি খেলা হয়।এটা ছিল মূলত একপ্রকার জুয়া খেলা।আজকে আমরা যে গাম্বলিং খেলা দেখি সেটা ওই পাশা খেলারই আপডেটেড ফরমেট।
“হে মুমিনগণ!নিশ্চয় মদ,জুয়া,মূর্তি এবং লটারির তীর গর্হিত শয়তানের কাজ ছাড়া কিছুই নয়।”(মায়িদাহ ৫:৯০)
শুধু খেলাধূলা নয় যেকোনো কাজই একজন মুসলমানের ত্যাগ করা উচিত যদি সেটা তাদেরকে আল্লহর স্মরণ এবং নামাজ থেকে বিরত রাখে।যদিও ব্যাবসা করা হালাল কিন্তু সেই ব্যাবসা যদি নামাজ থেকে বিরত রাখে তাহলে সেই ব্যাবসা ছেড়ে দেওয়াই সর্বোত্তম।এখন ক্রিকেট খেললেই যে নামাজ থেকে বিরত থাকতে হবে সেটা সত্য কথা নয়।অনেক ক্রিকেটার আছেন যারা নিয়মিত নামাজ আদায় করেন।আমি নিজেও অনেকগুলো একদিনের ম্যাচ খেলেছি।খেলা চলাকালীন সময়েই আমি বদলী খেলোয়াড় নামিয়ে স্টেডিয়াম পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়েছি।কাজেই নামাজ আদায় করতে ক্রিকেট কোন বাঁধা দেয় না।আমি রমজান মাসে ক্রিকেট খেলি না,অনুশীলনও করি না।ক্রিকেটকে তখনই হারাম বলা যাবে যখন এর নিয়মকানুন কাউকে হারাম কাজে বাধ্য করবে।
আমার সেই বন্ধুটি বলেছিল ক্রিকেটাররা ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যায় করে খেলার পেছনে,যেটা ইসলাম কখনোই অনুমোদন দেয় না।কিন্তু এটা যেহেতু তাদের পেশা এবং এর মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে কাজেই একে সময় নষ্ট বলা যাবে না।
কুরআনের অনেকগুলো আয়াত আছে যার মাধ্যমে অনেকে খেলাধূলাকে হারাম বলে দাবী করেন।যেমনঃ
“অতএব তাদেরকে যে দিবসের কথা বলা হয়েছে তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত তাদেরকে বাঁকবিতণ্ডা আর ক্রিয়াকৌতুকে মেতে থাকতে দাও।”(যূখরুফ ৪৩:৮৩)
এখানে ক্রিয়া বলতে বিশেষভাবে আজকের দিনের খেলাধূলাকে ইঙ্গিত করা হয় নি।পার্থিব যেকোনো কাজ হোক সেটা হালাল কিংবা হারাম যদি আমাদেরকে আল্লহর স্মরণ এবং পরকালের চিন্তা থেকে মুক্ত করে রাখে সেটাকেই ক্রিয়াকৌতুক বলা হয়েছে।
একটি বই পড়েছিলাম যেখানে বলা হয়েছিল ক্রিকেট খেলা হারাম কারণ এটি খুবই বিপজ্জনক খেলা এবং এতে করে ইনজুরি ক্ষেত্রবিশেষে অঙ্গহানীর সম্ভাবনা থাকে।তাহলে আমার মতে একই যুক্তিতে যত কায়িক শ্রম আছে সবই হারাম কেননা এমন কোন কলকারখানা এবং শ্রমলব্ধ কাজ পাওয়া যাবে না যেখানে নিয়মিত ব্যাবধানে শ্রমিক মারা যায় না কিংবা তাদের অঙ্গহানী হয় না।অথচ রাসুল (সঃ) এবং সাহাবীগণ এই কায়িক পরিশ্রম দ্বারাই জীবিকা নির্বাহ করতেন।
এবার আসি ক্রিকেট খেলার কিছু বিভ্রান্তিকর দিক প্রসঙ্গে
১.প্রথমে আসি চিয়ার গার্লসদের কথায়;
একদিনের খেলায় খেলাকে উপভোগ্য করার জন্য ক্রিকেটারদের পাশাপাশি আনা হয় চিয়ার গার্লসদের।কিন্তু চিয়ার গার্লস সিস্টেমটা ক্রিকেটের বিধিবদ্ধ কোন আইন নয়।মুলত এটা চালু হয়েছে ২০০৭ এর ২০-২০ বিশ্বকাপ থেকে।তার আগের খেলাগুলোতে এমন ব্যাবস্থা ছিল না।শুধুমাত্র চিয়ার গার্লসদের জন্য ক্রিকেটকে হারাম বলাটা অযৌক্তিক।কারণ আমি জানি না এমন কোন ক্রিকেটার আছে কিনা যে ক্রিকেটার হয়েছে চিয়ার গার্লসদের নাচ দেখার জন্য।উপরন্তু মুসলিম ক্রিকেটারদের পাশাপাশি অনেক অমুসলিম ক্রিকেটার বলেছে এসব চিয়ার গার্লস তাদের মনোযোগ নষ্ট করে।
২.ক্রিকেট হারাম হওয়ার ব্যাপারে আরেকটি যুক্তি হতে পারে বল টেম্পারিং,স্পট ফিক্সিং ইত্যাদি।আমরা সবাই জানি কেউ যদি বল টেম্পারিং করে ধরা পড়ে তাহলে তাকে বড় ধরনের শাস্থি ভোগ করতে হয়।একই সাথে কেউ যদি স্পট ফিক্সিং এর মতো অসৎ কাজের সাথে জড়িত থাকে তাহলে তাকে বহিস্কার করা হয়।অনেক বাঘা বাঘা ক্রিকেটারকে বহিস্কার করা হয়েছে এই সব অপরাধের জন্য।কাজেই স্পষ্টভাবে বোঝা যায় ক্রিকেট কাউন্সিলও এই ব্যাপারগুলোকে সমর্থন করে না।
৩.অনেকে বলে থাকে ক্রিকেট একটা জুয়া খেলা।তাই এটা হারাম।আসলে জুয়া খেলাটা কি সেটা আগে বুঝতে হবে।মুজাহিদ (র) এবং আতা (র) বলেন-“বাজি ধরে যেই খেলাটা খেলা হয় সেটাই জুয়া।”জুয়া খেলার আরেকটি বৈশিষ্ট হল এতে একজন লাভবান হবে অপরজন ক্ষতিগ্রস্ত হবে(আর্থিকভাবে)।কিন্তু ক্রিকেটে এমন কিছুই হয় না(অন্যান্য প্রফেশনাল খেলাতেও না)।যে দল জয়লাভ করে এবং যে দল পরাজিত হয় উভয় দলের খেলোয়াড়রাই তাদের নির্ধারিত অর্থ লাভ করে।যদিও মাঠের বাইরে আজকাল ক্রিকেটকে নিয়ে বাজি ধরেন কিছু ব্যবসায়ী।কিন্তু এতে ক্রিকেটারদের কি দোষ।বেশিরভাগ ক্ষেত্রে তারা জানেই না যে তাদেরকে নিয়ে বাজি ধরা হচ্ছে।
এভাবে যদি আমরা কোন জিনিসকে গায়ের জোরে হারাম বানাতে চাই তাহলে সেটা সম্ভব।কেননা কনভার্টার ব্যাবহার করে যেমন একটি রাশির মানকে উল্টে দেওয়া যায় তেমনি কিছু বাহ্যিক প্রভাবক ব্যাবহার করে হালালকে হারামে পরিণত করা যায়।যেমন খাওয়া একটি হালাল কাজ এবং খুব পছন্দনীয় একটি ইবাদত।কিন্তু সেই খাবারই যদি টয়লেটে গিয়ে খাওয়া হয় তাহলে কি সেটা হালাল থাকবে?
৪.এবার আসি দর্শকদের প্রসঙ্গে;
বলা হল ক্রিকেটে আনন্দ ফুর্তির মোহে ছেলেমেয়েরা একাকার হয়ে যায়।এতে নাকি অসামাজিকতা বেড়ে যায়।তরুণ সমাজ অনেক অর্থ ও সময় নষ্ট করে খেলা দেখতে যায়।ফলে আনন্দের তীব্রতায় তাদের নামাজের কথা খেয়াল থাকে না।এখানে ব্যাপারটা হল-যদি তরুণ-তরুণীরা অসামাজিক কাজে লিপ্ত হয় তাহলে এর দায়ভার কেন ক্রিকেটাররা গ্রহণ করবে।আর অর্থ,সময় নষ্ট করে তাদেরকে খেলা দেখতে আসতেই বা কে বলেছে!এটা সম্পূর্ণ দর্শকদের ব্যাক্তিগত ব্যাপার,তাই এর দাঁয়ভার ও তারাই বহন করবে।তাছাড়া তাদের কাছ থেকে টিকেট বিক্রির অর্জিত অর্থ কোন প্লেয়ারদের বেতনে প্রভাব ফেলে না।
একই ঘটনা আমরা দেখি ঈদের দিনে।খুবই পবিত্র একটা দিনে যদি তরুণ-তরুণীরা অসামাজিক কাজে লিপ্ত হয় তাহলে কি ঈদ পালন হারাম হয়ে যাবে(নাউজুবিল্লাহ)?
এটা ঠিক যে খেলা দেখার জন্য দর্শকসারীতে বসে থাকাটা অনর্থক সময় নষ্ট ছাড়া কিছুই নয়।আমি অনেক একদিনের খেলা দেখার ফ্রি টিকেট পাই,কিন্তু কখনোই খেলা দেখতে যাই না শুধু সময়ের গুরুত্বের কারনে।আমি মনে করি টিভি সেটের সামনে কিংবা গ্যালারীতে বসে খেলা দেখা একমাত্র বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য মানানসই।কেননা তাদেরকে কেউ কোন কাজ দেবে না।তাদের দরকার হল কেবল সময় কাটানো।
কিছু খারাপ দিক আছে বলেই ক্রিকেটকে কখনো হারাম বলা যাবে না।হারাম এবং হালাল আল্লাহ্ তা’লা নির্ধারণ করে দিয়েছেন।কাজেই কোন কাজকে হারাম বলে প্রচার করার জন্য শক্ত দলীল দরকার।নিজের মনমতো কথা প্রচার করে কাউকে বিভ্রান্ত করাটা অন্যায়।
রাসুল (সঃ) বলেন-“আল্লাহ্ যেগুলো নির্ধারণ করে দিয়েছেন,সেগুলো অতিক্রম করো না।কতগুলো জিনিস তিনি হারাম করেছেন, সেগুলোকে হালাল করে ফেলো না এবং কতগুলো বিষয়ে তোমাদের উপর দয়াপরবশ হয়ে ইচ্ছাপূর্বক নীরবতা অবলম্বন করেছেন।সুতরাং সেসব বিষয়ে তোমরা প্রশ্ন উত্থাপন করো না।”(তাফসীর ইবনে কাসির,সূরা মায়িদাহ-১০১ এর তাফসীর)
পার্থিব অনেক বিষয় আছে যেগুলো হারাম নাকি হালাল সেটা বুঝার কুরআন,হাদিসের বাইরে দৃষ্টি রাখতে হয়।সেসব ক্ষেত্রে প্রথমে হারাম এবং হালাল সম্বন্ধে জানা এবং যেই বিষয়টাকে হারাম-হালালের মাঝখানে আনা হবে সেটার মূলনীতি সম্বন্ধে ভালোভাবে জানতে হবে।এর আগে কোন সমাধান দেওয়া উচিত নয়।
আমি ক্রিকেট নিয়ে একটি পোষ্ট দেওয়াতে যখন আমার বন্ধুটি কমেন্ট করে “ক্রিকেট খেলা হারাম” তখন আমি তার কমেন্ট মুছে দেই।সে এতে বিরক্ত হয় এবং আমাকে অপবাদ দিতে থাকে।সে যদি আমার এই পোষ্টটা পড়ে তাহলে তাকে বলতে চাই-“আমি তার পোষ্ট মুছে দিয়েছি এই কারনে যে অনেক ক্রিকেটপ্রেমী তার এই চিন্তাবর্জিত কমেন্টে ক্ষুব্ধ হয়ে তার উপর ঝাপিয়ে পড়তে পারে।”
“হে মুমিনগণ!আল্লাহ্ যেসব বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তন্মদ্ধ্যে রুচিশীল বস্তুগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না।নিশ্চয় আল্লাহ্ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।” (মায়িদাহ ৫:৮৭)
বিঃদ্রঃএই নোটে যা কিছু লিখেছি সেগুলো আমার দৃষ্টিভঙ্গির আলোকে,তবে খেয়াল রেখেছি যাতে দৃষ্টিভঙ্গিটা ইসলামের আলোকে হয়।আল্লাহ্ তা’লা মানুষকে কেবল সত্যের সাথে পরিচিত হওয়ার ক্ষমতা দিয়েছেন,পরম সত্যের সাথে নয়।এটা সৃষ্টিকর্তার নিজস্ব রাজত্ব যেখানে কারো প্রবেশাধিকার নেই।আসল সত্য কেবল আল্লাহই জানেন।সঠিক দলীলের আলোকে আমার ভুল সংশোধনের অধিকার যেকেউ রাখেন।তবে সেটা হতে হবে সঠিক ইসলামের আলোকে।আসসালামুয়ালিকুম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




