বাঙালি জীবনে ক্ষুধা, দারিদ্র্য, দৈন্য, সামাজিক-রাজনৈতিক অস্থিরতা, অস্তিত্বগত সংগ্রাম প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। এত কিছুর পরেও ভাষা আন্দোলনের কাল থেকেই শিল্প-সাহিত্যের রাজপথমুখি ভূমিকার সমান্তরালে সাহিত্যের সংগ্রামের লক্ষ্য ও উপলক্ষ হয়ে ওঠা বাঙালি জীবনের ঐতিহাসিক সত্য। এটাও স্মরণীয় যে আমাদের সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় বিশ শতকের শুরু থেকেই সাহিত্য জীবনের অনিবার্য অংশ হয়ে উঠতে শুরু করে। সময়ের বিবর্তনে সামাজিক, রাজনৈতিক অনেক ভাঙাগড়ায় সেই শিল্পসংগ্রামের কেবল পরিমাণগত নয়, গুণগত পরিবর্তনও হয়েছে প্রচুর। ছোটকাগজ বা লিটল ম্যাগাজিন তার আগের মৌলিকতা ও আদিম সৌন্দর্য যেমন হারিয়েছে, তেমনি বাজারি সভ্যতার প্রযুক্তি, বিজ্ঞাপন ও বিপণন-ব্যবস্থা তার প্রকৃতি এবং রূপে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে। অন্যদিকে বিশ শতকের নব্বইয়ের দশক পর্যন্ত যে কয়েকটি দৈনিক পত্রিকা তাদের নিজস্বতা, অভিরুচি ও দৃষ্টি ভঙ্গিগত স্বাতন্ত্র্য নিয়ে বিদ্যমান ছিল তার সংখ্যা এখন অনেকগুণে বেড়ে গেছে। প্রচারমুখিতা ও বাজার দখলের চেষ্টায় অনেক পত্রিকাকে তার ঘোষিত আদর্শ থেকেও বিচু্ত হতে দেখা যায়। লেখার মান অপেক্ষা লেখকের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থানকেই অনেক ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। বাঙালির সৃজন-মননের গভীরতল অপেক্ষা তার উপরিতলের প্রাধান্যই এ-সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুঁজি বাজার, পুঁজির সরবরাহকারীদের সঙ্গে সাহিত্যের একটা অস্বাস্থ্যকর সম্পর্কও উদ্বেগের সঙ্গে লক্ষ করছি। এ ছাড়া ধর্মীয় জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরাও সাহিত্যের একটা বিকল্প ক্ষেত্র সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
আমাদেরকে আজ সকলে মিলে এগুলো প্রতিহত করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



