
বিদুষী হত্যা
পতিত প্রেমের প্রবল বাসনা
তোমার আমার হৃদয়ে।
প্লাবনের মত ধেয়ে আসে ধ্বনি
উল্লসিত চিৎকারে।
যেন হারিয়েছি সব
দৈবপাকের ঘূর্ণিতে।
হাহাকারে ছায়
গ্রাম,মাঠ,বন্দর, নগর।
ঝাড়ন উড়িয়ে যায়
কষ্টের নীল ধূলিরা।
কষ্ট কামের সুরধ্বনিতে
বেহাগ রাগের লহরী
কান্না চেপে হাসে।
বুকে চেপে ধরে দীর্ঘশ্বাস!
নাভীমূলে ফুলে ওঠে বেদনা
জমাট বাঁধা পিন্ড।
আমি ধাঁধায় পড়ে যাই
অমন রক্ত স্পর্শে।
খোপে খোপে মেলানো এক
অদৃশ্য মানব শিশু,
প্রবল আর্তনাদে কেঁদে ওঠে,
সাক্ষাত যমদূত !
মৃত্যুকে আলিঙ্গন করে বাঁচতে চায় প্রেম।
আমি চমকে উঠে দেখি,
ধূসর হয়ে যায় সব বিদুষীরা,
জগৎ যাপনের মায়ায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


