ছেলেটা ক্লাসের শেষ বেঞ্চিতে বসে
কোলাহল থেকে দূরে সরে ঘুম রোজ
রোল নম্বর ভীষণ রকম বাজে
শেষ দিক থেকে তিন চারে তার খোঁজ।
ছেলেটা জানত ক্লাসরুম এক ধাঁধা
এখানে জীবন অদ্ভুত খেয়ালের
ব্ল্যাকবোর্ড আর পেন্সিল চকে ঘসে
জায়গা হচ্ছে চারকোণা দেয়ালের।
এখানে মানুষ বনসাই হয়ে বাড়ে
এখানে আকাশ মহা শুন্যেরও দূরে
উড়ে যেতে যেতে ঝঞ্ঝার মত পাখি
এখানে এসেই পাখাদের ফেলে ছুড়ে।
সুতো ছিড়ে যেই ঘুড়ি উড়ে গিয়েছিল
এখানে এসেই ডুবেছে শীতল জলে
পাতায় পাতায় শেকলেরা চেয়ে আছে
ছেলেটা দেখেছে ভীষণ কৌতূহলে।
এখানে আকাশ কবিতা গল্পে লেখা
ফুল পাখিদের রঙ পেন্সিলে আঁকে
এক দুই তিন সংখ্যারা এখানেই
জীবনের মানে ভীষণ মিথ্যে রাখে।
ব্যাগের ভেতর দিন রাত পুষে পুষে
সারি সারি মুখ যখন অংক কষে
ছেলেটা তখন ঘুমিয়ে আকাশ দেখে
ছেলেটা ক্লাসের লাস্ট বেঞ্চিতে বসে।
-------------------------------------------
লাস্ট বেঞ্চির ছেলেটা/ সাদাত হোসাইন
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



