পথের ধারে ঘুমিয়ে থাকা শিউলী ফুলের বুকের ভেতর, তুমিই ছিলে।
তুমিই ছিলে রোজ দুপুরে, ভীষণ একা থমকে থাকা আকাশ নীলে।
রাত নিশীথে শিশির ভেজা ঘাসের কোলে, তুমিই ছিলে।
ভ্রষ্ট সকল ভোর কুয়াশায়, স্বপ্নগুলোর দূর ধোঁয়াশায়, তুমিই ছিলে চুপটি করে।
আমিও ছিলাম পথের ধারেই, ধুলোর ভেতর, আগুন জ্বলা চুলোর ভেতর,
খড়ি কাঠের দহন বুকে রোজ লুকিয়ে, হিসেব নিকেশ সবটা ভুলে, খোঁজ চুকিয়ে-
হারিয়ে গিয়ে আমিও ছিলাম, ছাইয়ের মতন পুড়িয়ে দিলাম, সবটা ব্যথা,
তোমার দেয়া কষ্ট কথা, সবটা ভীষণ ছড়িয়ে দিলাম। জড়িয়ে নিলাম নীল আকাশের কষ্টগুলো
নষ্ট পথের পষ্ট হওয়া কষ্টধুলো। মেখেই নিলাম পায়ের ভেতর, গায়ের ভেতর।
পথের ধারে তুমিও ছিলে, আমিও ছিলাম।
তবুও কেবল, পুড়ে যাওয়ার দহন বুকে
আমার পোড়া পাঁজরখানির বসল নিলাম।
শুন্য বুকে, শুন্য চোখে, সবটা জীবন বিলিয়ে দিলাম।
উনুন জুড়ে দহন দেখেও ভাঙল না ভুল, ভাবছি কেবল, মিথ্যেটা সেই-
পথের ধারে তুমিও ছিলে, আমিও ছিলাম
-------------------------------------------------
তুমিও ছিলে, আমিও ছিলাম/ সাদাত হোসাইন
১৩/১০/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



