আজ বেলা তিনটা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে শুরু হতে যাচ্ছে মহা-সমাবেশ। মহা-সমাবেশ মঞ্চে ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সাংস্কৃতিক কর্মী ও যুব সংগঠনের নেতারাই কেবলমাত্র বক্তব্য রাখবেন। কোন রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবেন না। রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনকে কোনো ব্যানার নিয়ে না আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
ফেসবুক এবং বিভিন্ন ব্লগে গত কয়েকদিনে বেশ জোরালো ভাবে বিষয়টি নিয়ে জোড় আপত্তির মুখে প্রজন্ম আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকলে এ সিদ্ধান্ত নিতে পেরেছেন। তাছাড়া এখন এটা স্বতঃসিদ্ধ যে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। এখানে তথাকথিত কোন রাজনৈতিক দল এসে সুবিধা আদায়ের কোন সুযোগ যেন না পায়, সেদিকে নজর রাখার জন্য ব্লগাররা বারবার তাগিদ দিচ্ছিলেন।
গতকাল আওয়ামীলীগের জনাব হানিফ সমাবেশ স্থলে এসেও অভিনন্দিত হননি। বরং একপর্যায়ে গন-রোষের মুখে সমাবেশ থেকে বিতাড়িত হয়েছেন।
আমরা নিশ্চিত করে বলতে পারবনা জনগণ কোন রাজনৈতিক দলের সেলিব্রেটিদের আমাদের সমাবেশ স্থলে স্বাগত জানাবেন কিনা। তাই সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে যে, একমাত্র ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, সাংস্কৃতিক কর্মী ও যুব সংগঠনের সংশ্লিষ্টরাই আজকের মহা-সমাবেশে বক্তব্য রাখবেন। প্রজন্ম আন্দোলনের পক্ষ থেকে বিশেষভাবে সকল রাজনৈতিক দল বা তাঁদের অঙ্গসংগঠনের কোন ব্যানার নিয়ে সমাবেশে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। আশাকরি মহা-সমাবেশের গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সাথে একাত্মতা ঘোষণা করে তাঁদের এই সময়োপযোগী সিদ্ধান্তকে দলবল নির্বিশেষে সকল জনতা স্বাগত জানাবেন এবং আজকের মহা-সমাবেশকে সার্থক করে তুলবেন।
আমরা যারা ৭১’এর মুক্তিযুদ্ধ দেখিনি, ৫২’এর ভাষা আন্দোলন দেখেনি, তাঁরা একটি স্বাধীন দেশ পেয়েছি। ভাষা আন্দোলন আর মুক্তিযোদ্ধাদের বীরোচিত জীবন কাহিনী শুনেছি। আমাদের অহংকার ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধের শহীদের জীবনের দামে অর্জিত বাংলাদেশের এই প্রজন্মকে আর দাবীয়ে রাখা যাবেনা। আমরাও প্রমাণ করতে চাই, আমরা শেষ হয়ে যাইনি। আমাদের পূর্ব পুরুষের স্বপ্ন লালন করে এতদিন তোমাদের দিকে তাকিয়েছিলাম। আর তোমরা আমাদের স্বপ্ন নিয়ে ব্যবসা করেছো, আমাদের আবেগ আর অনুভূতিকে লাঞ্ছিত করেছো। আর নয় আমাদের এই সংগ্রাম শুধু রাজাকারদের ফাঁসির দাবী নয়। সোনার বাংলাদেশ গড়ার জন্য আমাদের পূর্ব পুরুষদের স্বপ্নকে বাস্তব রূপ দানের লক্ষ্যে আমাদের সংগ্রাম চলবেই, চলবে......
প্রজন্মের এই আহ্বানকে স্বাগত জানিয়ে শাহবাগের প্রজন্ম চত্বরে আজকের মহা-সমাবেশে দলে দলে যোগ দিন।
নাই নাই ভয়
হবে হবেই জয়
মরার আগে মরবো কিরে বল?
বাঁচতে হলে জাগতে হবে, বাঁচার মত বাঁচতে হবে
চল প্রজন্ম চত্বরে সবাই চল।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



