জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বন বিভাগ ১৯৯৪ সালে প্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলা প্রবর্তন এবং তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান চালু করে। ১৯৯৩ সাল থেকে প্রতি বছর বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য তারা মোট ১৬টি শ্রেণীতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 'বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার' প্রদানের ব্যবস্থা করে। বৃক্ষরোপণ আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ২০০১-০২ সাল থেকে প্রতিবছর জাতীয় পর্যায়সহ বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হয়।
'গাছ লাগিয়ে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ' এই শ্লোগানকে ২০০৯ সালে বৃক্ষমেলার মূল প্রতিপাদ্য করে এবার ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন জেলা থেকে মেলায় মোট ১২৫টি স্টল অংশগ্রহণ করে। মোট স্টলের সরকারি ১৭টি, হার্বাল ফুড/ মেডিসিন/ বায়োফার্টিলাইজার ৯টি, বাঁশ বেত ও মৃৎশিল্প ৩টি, এনজিও ৩টি, ঝিনুক সামগ্রী ১টি, ওয়েল উন্নয়ন প্রকল্প ১টি, প্লান্ট টিস্যু ১টি, বনসাই ১টি, মাশরুম ১টি, নার্সারি ৮৬টি, তথ্য কেন্দ্র ১টি, কন্ট্রোল রুম ১টি বলে জানান তথ্যকেন্দ্রের দায়িত্বে থাকা সমাজবিজ্ঞানী মো. আমিনুল ইসলাম।
'মেলার স্থান বদলের কারণে তেমন বেচাকেনা হচ্ছে না। এ ছাড়া গণমাধ্যমেও প্রচারটা ঠিকমত হয়নি। বৈরি আবহাওয়াকে দায়ী করা যায়' -এমনি বিভিন্ন কারণে মেলায় লোকজন কম ছিল বলে জানান জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি প্রগতি হার্টিকালচারের সত্ত্বাধিকারী মোঃ ফরিদ হোসেন।
উত্তরা ভাই ভাই নার্সারির মালিক মো. ফারুক সরকার আক্ষেপের সাথে বলেন, এবার বন মন্ত্রণালয়ের কোন সচিব, মন্ত্রী, কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা আসেননি মেলাতে। এছাড়া নতুন জায়গা হিসেবে মেলার প্রচারণাও তেমন হয়নি। এবার যা বেচাকেনা হচ্ছে তাতে আমাদের যাওয়া-আসার ভাড়াও উঠবে না।
মেলাতে বেচাকেনার গত বছরের তুলনায় খুব কম বলে উল্লেখ করেন অনেকে।
এবর মেলাতে বিচিত্র ধরনের গাছ এনেছে বিভিন্ন নার্সারি। এরমধ্যে বনজ, ফলজ, ঔষধি, মশলা, ক্যাকটাস, অর্কিড, শোভাবদ্ধনকারী, দেশীয় বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতীর গাছ দেখা যায়।
নিম্নে মেলায় আসা গাছ ও তার মূল্য দেয়া হল :
ফলজ : বিভিন্ন ধরনের আম, কাঁঠাল, লেবু, লিচু, আতা, আমড়া, বিভিন্ন ধরনের কুল, জামরুল, বাতাবিলেবু, জলপাই ইত্যাদি।
দাম : ৩০ থেকে ১০০ টাকা।
ক্যাকটাস : ক্যাকটাসের মধ্যে রয়েছে লেকটিয়া, ইউফরবিয়া, ম্যামলাবিয়া জেডপ্লান, থাইফন, থেলুচেনি, চ্যারাস, জিমুন কেলিয়াস, নটো ওভানশিয়া, হিল ক্যাকটাস ইত্যাদি।
দাম : ৫০ থেকে ৩০ হাজার টাকা।
অর্কিড : অর্কিডের মধ্যে রয়েছে অ্যাসকড, পেপোনডিলাস, ক্যাফেব্লিয়া, ফ্রান্সক্রি, জান্ডোরিয়াম, ভেন্ডা, আনসিডাক, লেংডামা।
দাম : ১২৫ থেকে ২ হাজার টাকা।
বনজ : সেগুন, গর্জন, অর্জুন, মেহগনি, গামারি, শিশু ও চন্দন।
দাম : ১৫ থেকে ৫০ টাকা।
ফুল : দেশি-বিদেশি গোলাপ, চেরিফুল, গন্ধরাজ, এরানিয়া, বাগানবিলাস, বেলী, গাঁদা, কৃষ্ণচূড়া, রজনীগন্ধা, টগর ইত্যাদি।
দাম : ৫০ থেকে ৫০০ টাকা।
ওষুধি গাছ : আমলকী, হরীতকী, অর্জুন, নিম, তুলসী, ডুমুর, ঘৃতকুমারী, বহেড়া, বাসক, উলটকম্বল, শতমূলী, পুদিনা, লজ্জাবতী, আকন্দ, শ্বেতচন্দন, কুমারীলতা, মাধবীলতা, কুরচি, নিশিন্দা, হলুদ কবরী, মহুয়া, অশোক ইত্যাদি। দাম : ২৫ থেকে ২৫০ টাকা।
২০০৯-১০ অর্থবছরের বাজেটে বনজ সম্পদে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ২০১৫ সালের মধ্যে ২০ শতাংশ ভূমি বনায়ন করার জোরালো পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া ৪ হাজার ৩১৪ হেক্টর এলাকা বনায়ন, প্রায় ২ হাজার ৩৫৫ কিলোমিটার এলাকায় স্ট্রীপ বাগান সৃজন এবং ২৩ লক্ষ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সামাজিক বনায়নের আওতায় বৃহত্তর রাজশাহী ও কুষ্টিয়া জেলায় জীব-বৈচিত্র সংরক্ষণ, দারিদ্র বিমোচন প্রকল্প ও সবুজ বলয় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সুন্দরবন এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও জীব-বৈচিত্র রক্ষায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। সব মিলিয়ে বনায়ন কর্মসূচি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরিবেশের জন্য ক্ষতিকর যেমন- ইউক্যালিপটাস, একাশিয়া ইত্যাদি রোপণ করা হয়েছে। যার মধ্য দিয়ে কৃষি ও পরিবেশ দুইই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশবান্ধব গাছ লাগানোর ব্যাপারে মানুষকে সচেতন করে তোলার উদ্যোগ প্রয়োজন।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


