শুনছি খুব অসুখ তার। এই বয়সে যা হয় আরকি। শুয়ে শুয়ে কাটে তার ২৪ ঘন্টা। আমার কথা বললে চোখ বড় বড় করে তাকায়। খোঁজে আমাকে। দুইদিন পর হয়তো....
দিনগুলো কেমন যেন পাখনা মেলে উড়ে যাচ্ছে।
ধূলোবালি নিয়ে খেলেছি- এইতো সেদিন। দেখতে দেখতে সকালের সূর্য মধ্যাহ্নে। সন্ধ্যা লাগার আগেও মুছে যেতে পারে দিনের আলো। আসতে পারে কাজল কালো মেঘ। তাই কার কখন সময় সে শুধু সে-ই জানে।
নির্জনতার অবসরে মনে পড়ে মধুমতির পাল তোলা নৌকা। মাঝির কণ্ঠের গান-
'ওরে ও সর্বনাশা নদী
আপন মানুষ পর করিলি
যা ছিল সব কেড়ে নিলি
তবু কি তোর সাধ মেটে না
কান্দাস আজ অবধি'
খুব মনে পড়ে গ্রামের মেঠো পথ, বাড়ির পাশের সেই ডোবাটা, যেখানে আমি পড়ে গিয়ে মরতে বসেছিলাম।
অনেকদিন তাজা মাটির সোঁদা গন্ধ পাই না, বৃষ্টির নাচন দেখি না কলার পাতায়, ব্যাঙের ডাক শুনি না, শিয়াল ডাকে না হুক্কা হুয়া। ঝিঁ ঝিঁর চিঁ চিঁ শব্দ শুনি না ক-তো-দি-ন-। হা-ডু-ডু খেলি না, বৃষ্টিতে ভিজে মায়ের কানমলা খাই না। পাট পচা গন্ধ আজ আর নাকে আসে না। রাতে দেখি না চাঁদের আলো চুইয়ে পরার সেই অদ্ভুত দৃশ্য। কতো কিছুই হারিয়ে গেছে জীবন থেকে। এখন শুধু দীর্ঘশ্বাস....। পেছনের ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ।
আজও সন্ধ্যা হয়। আঁধার নামে দিনের আলো গিলে খেয়ে। রঙচটা শহরে দিন আর রাতে তেমন তাফাৎ নেই। নিয়ন আলোয় মনে হয় আমার জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমার গ্রাম, আমার অস্তিত্বের সাথে মিশে থাকা প্রাণের গ্রাম। সত্যি কি ভুলে যাওয়া যায়? ছেড়ে থাকা যায়, ভুলে যাওয়া যায় না আমৃত্যু।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


