আকু তার থাকার ছোট জায়গাটিতে এসে জামা-প্যান্ট আর স্যান্ডেল পরে নিলো। হাত দিয়েই চুলগুলো আঁচড়ে টাকাগুলো পকেটে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। পেছন থেকে ক্ষীণকণ্ঠের একটি মেয়েলি ডাক ভেসে এলো,
-কই যাস আকু?
-ঘুরবার যাইতাছি খালা।
-কই?
-কই যামু অহনও কিছু ঠিক করি নাই।
-বিহানে খাইছিস?
-না।
-খাবি কিছু? পান্তাভাত আছে।
-না। ঈদের দিনে পান্তাভাত খামু না।
আকুর জমিরন খালা। পাশাপাশি থাকে। নাতির বয়সী বলে খুব ভালোবাসে আকুকে। জমিরন খালার কেউ নেই। এক সময় ঘরসংসার, ছেলেমেয়ে সবই ছিল। নদীর ভাঙনে ঘরবাড়ি কেড়ে নিলে শহরে চলে এলো পরিবার নিয়ে। প্রথমে থাকতো কমলাপুর ষ্টেশনের বস্তিতে। স্বামী রিকশা চলাতো। একদিন ট্রাকের সাথে একসিডেন্ট করে মারা গেলো। তার কিছুদিন পর মেয়েটা মারা গেলো ডায়রিয়াতে। ছেলেটা আজও নিখোঁজ। সেই থেকে জমিরন খালা একা। শাহবাগের মোড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে। যেদিন জোটে সেদিন খায়, যেদিন জোটে না সেদিন না খেয়ে কাটিয়ে দেয় দিন।
আকু গুনগুন করে গানের সুর ভাঁজতে ভাঁজতে শাহবাগের ওষুধের দোকানগুলো পার হয়ে আজিজ সুপার মার্কেটের কাছে এসে দাঁড়ালো। মার্কেটের দোকানগুলো আজ খোলেনি। খুলবে বলে মনে হয় না। কাঁটাবনের ফুটপাতের দোকানগুলো হয়তো খোলা আছে। আকু সামনের দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে হাতিরপুল কাঁচা বাজারের কাছে এসে গেলো সে। এখানকার খাবারের দোকানগুলো খোলা। গরম-গরম পরটা ভাঁজছে। রান্না করা সবজি দিয়ে ধোঁয়া উড়ছে। অনেক বেলা হয়েছে। খিদেয় পেট চো চো করছে। পরটা দেখে জ্বিবে জল এসে গেলো। দেরি না করে দোকানে ঢুকে পরোটার অর্ডার দিলো আকু। দোকানী ছেলেটা তার দিকে বাঁকা নজরে তাকিয়ে বললো,
-টেহা আছেতো?
আকু তাচ্ছিল্যের সাথে বললো,
-টেহা না থাকলে তোর দোকানে আইতাম না।
দোকানী ছেলেটা আর কথা বাড়ালো না।
ধোঁয়া ওড়া পরোটা সামনে এগিয়ে দিয়ে বললো,
-আর কি দিমু?
আকু আয়েসি ভঙ্গিতে বললো,
-ডিম আর ভাঁজি।
একটু পরেই প্লেটে ভাঁজি নিয়ে হাজির হলো দোকানের ছেলেটা। বললো,
-ভাঁজি দিয়ে খাইতে লাগো, ডিম ভাঁজা হইতাছে।
আকু আরামে তৃপ্তি নিয়ে খেতে লাড়লো। বিল হলো ২০ টাকা। অন্যদিন হলে কখনো সে ২০ টাকা খরচ করতো না। আজ ঈদের দিন। দিল তার খোলা। টাকা দিয়ে সে বেরিয়ে পড়লো চিড়িয়াখানা দেখবে বলে। আবার ফিরে এলো শাহবাগে। বাসে উঠতে গেলে হেলপার ধাক্কা দিয়ে বললো,
-ওই ছেমড়া, লগে টাকা আছেতো?
-আছে, বিনা ভাড়ায় তোমার বাসে যামু না।
আজ যানবাহন খুবই কম। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। ঢাকার এ এক আজব চেহারা। এ চেহারা যেন ঢাকার মানায় না। লোকজনে সব সময় গিজগিজ করে। বাসে দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। ঢাকার এমন চেহারা দেখতে অভ্যস্ত নয় আকু। তারপরও তার ভালোলাগে। ঈদের ছুটিতে সবাই গ্রামে গেছে। আপনজনের সাথে মিলে ঈদ করতে। আকুর কোন আপনজন নেই। বুদ্ধি হবার পর থেকে সে একা। কে তার বাবা, কে তার মা, তা সে জানে না। লোকে তাকে বলে টোকাই। টোকাই নামের আড়ালে আকু আকু নামটা অনেক আগেই হারিয়ে গেছে। আকু নামটাইবা কে রেখেছিল তাও- অজানা। বাস চিড়িয়াখানা গেটে এসে গেলো। সবার সাথে আকুও নেমে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলো। এর আগে সে দুবার চিড়িয়াখানায় এসেছে। এইবার দিয়ে তিনবার। টিকিট কেটে ভেতরে ঢুকে গেলো আকু। খোলামেলা অনেক জায়গা। হাঁটবার দৌড়াবার কোন বাঁধা নেই। কিন্তু খাঁচায় আটকানো বানর, হনুমান, পাখি, বাঘ, সিংহ, সাপ ইত্যাদি পশু দেখে তার ভালোলাগে না। এদের থাকবার কথা বনে। অথচ এরা আছে খাঁচায় বন্দি হয়ে।
ছুটির দিনগুলোতে শিশুপার্ক, চিড়িয়াখানা ইত্যাদি দর্শনীয় জায়গাগুলোতে ভিড় থাকে বেশি। আজও তাই ভিড়। মা-বাবা তাদের ছেলেমেয়ে নিয়ে ঘুরতে এসেছে। আকুর খুব কষ্ট হয় তার মা-বাবা নেই বলে। বাচ্চারা কতো আবদার করে মা-বাবার কাছে। সে কার কাছে আবদার করবে? মনটা খারাপ হয়ে গেলো আকুর। ময়ূরের কাছে এসে দাঁড়ালো। ময়ূর পেখম মেলে ডেকে উঠলো কককক। খুব মজা পেলো আকু। খারাপ মনটা মুহূর্তে ভালো হয়ে গেলো তার।
দেখতে দেখতে সূর্যটা হেলে গেছে পশ্চিমাকাশে। কখন যে দুপুর পার হয়ে গেছে টের পাইনি আকু। পেটে খিদেয় আগুন জ্বলছে। আশেপাশে তাকাল সে। বেরিয়ে যেতে হবে। অনেক ঘোরা হয়েছে। এবার খাবার পালা।
চিড়িয়াখানার গেট দিয়ে বেরিয়ে আশেপাশে কোন দোকানপাট চোখে পড়লো না আকুর। ঈদের কারণে সব বন্ধ। ফুটপাত দিয়ে খাবার দোকানের সন্ধানে সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কোনকিছু বুঝে ওঠার আগেই তার চোখের সামনের ছবিগুলো অন্ধকার হয়ে গেলো। একটা ট্রাক ব্রেক ফেল করে ফুটপাত দিয়ে ধাক্কা খেলো পাশের প্রাচীরের সাথে। আকুর শরীরটা ট্রাকের চাকার সাথে পিষ্ট হয়ে একদলা রক্তাক্ত মাংস হয়ে গেলো দেখতে দেখতে। কয়েকবার হাত-পাগুলো কেঁপে উঠলো। তারপরই সব শেষ।
আকুর জন্য কেউ কাঁদবে না। আকুর শব বেওয়ারিশ শব বলে দাফন হবে। জমিরন খালা অনেক রাত পর্যন্ত অপেক্ষায় থাকবে আকুর। আকু ফিরবে না। জমিরন খালা তার পর দিনও অপেক্ষা করবে। এমনি করে করে একদিন সেও আকুর কথা ভুলে যাবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



