-আজ আমাকে মা মেরেছে।
-কেন?
-আমি দুষ্টুমি করেছি বলে।
-তুমি দুষ্টুমি করেছো কেন?
-আমি যে ছোট, তাই।
-ছোটরা কি দুষ্টুমি করে?
-বারে, তুমি তাও জানো না? তুমি একটা কাজ করে দেবে আমাকে?
-কি বলো।
-আমার মাকে একটু বকে দেবে?
-আচ্ছা দেবো বকে।
-এক্ষুণি।
-এইমাত্র অফিস থেকে এলাম, একটু ফ্রেশ হয়েনি, তারপর যাবো।
-আচ্ছা।
আমি ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে দেই। জামা-কাপড় পাল্টে হাতমুখ ধুয়ে বসি বাবলির কাছে।
বাবলি ততোক্ষণে ভুলে গেছে মাকে বকে দেবার কথা। টিভিটা অন করে কার্টুন চ্যানেলটা ধরিয়ে দেই। কার্টুনদের অদ্ভুত কাজবাজ সে মন দিয়ে দেখে। আমি ততোক্ষণে রান্নাবান্নার কাজগুলো সেরে নেই। তারপর আমিও বাবলির সাথে মজে যাই কার্টুন দেখার জন্যে।
রাত গভীর হতে থাকে। ছোট্টমেয়ে বাবলির চোখ জুড়ে ঘুম নামে। ঘুমিয়ে গেলে কোন কোন দিন ওর মা এসে ওকে নিয়ে যায়। আবার কোন কোন দিন আমি কোলে করে পৌঁছে দিয়ে আসি বাসায়। আবার পরদিন সকালে উঠেই বাবলি আমার ঘরে।
বাবলির আমাকে প্রথম প্রথম খুবই ভয় পেতো। তখন ওর বয়স তিন কি চার। আমাকে দেখলেই কেঁদে ছুটে যেতো মায়ের কাছে। আমি ওকে হাত ইশারায় ডাকতাম। ও আসতো না। কিন্তু আমিও নাছোড়বান্দা। বারবার ডাকতাম। ওর সাথে আমি বন্ধুত্ব করতে চাই-ই চাই। বাচ্চাদের আমার কাছে দেবশিশুর মতো লাগে। আমি ওদের খুব ভালোবাসি।
এমনি করে এক সপ্তাহ দুসপ্তাহ যেতে না যেতেই বাবলি একপা দুপা করে কাছে আসে। এভাবে বাবলির সাথে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। তোমরা ভাবছো, বাবলি তিন/চার বছর বয়স আর আমার ৬০ বছর। এই বয়সে কীভাবে বন্ধুত্ব গড়ে ওঠে? আসল কথা কি জানো, বন্ধুত্ব কখনো বয়স মানে না। দুদিনেই বাবলির সাথে আমার খুব ভাব হয়ে যায়। আসলে কি জানো, বাচ্চারাও বড়দের মন বোঝে। তারা টের পায় কে তাদের ভালোবাসে আর কে তাদের খারাপ চোখে দেখে।
সকালে ঘুম থেকে উঠেই বাবলি আমার কাছে চলে আসে। আমি ওকে আদর করি। মিষ্টি মিষ্টি গল্প বলি। বাবলি হাঁ করে আমার গল্প শোনে। আসলে ও আমার গল্পের প্রেমে পড়ে যায়।
বাবলিদেরও ছোট পরিবার। বাবলি আর বাবলির মা-বাবা। বাবলির বাবা একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বাবালির মা ঘর সামাল দেয়। ঝামেলহীন সংসার।
আমার চোখের সামেন এক বছর দুইবছর তিন বছর চলে গেলো। বাবলি বড় হতে থাকলো। পাশাপাশি আমার সাথে গড়ে উঠলো গভীর সম্পর্ক। ছুটির দিনে আমি বাবলিকে সাথে নিয়ে বাইরে বেড়াতে যাই। কখনো শিশুপার্কে, কখনো শিশুমেলাতে, চিড়িয়াখানা কখনোবা যাদুঘরে। বাইরে খেতাম। দামি দামি খেলনা কিনে দিতাম। ওর বাবা-মা আমাকে কখনো কিছু বলতো না। আমি ওকে সাথে নিতে চাইলেও কখনো না করতো না। আমার উপর তাদের একটা বিশ্বাস ছিল।
বাবলি আমাকে ভাইয়া বলে ডাকে। আমি ওকে ডাকি আপু বলে। দুজনে দুজনের উপর অনেকটা নির্ভরশীল হয়ে উঠি। এখন একদিন বাবলিকে না দেখলে থাকতে পারি না। কোথাও বেড়াতে যাই না বাবলির জন্যে। অফিস শেষে বাসায় ফিরে আসি তাও ওর টানে। ও আমার আপন কেউ না। আমিও তার আপন কেউ না। নেই কোন রক্তের সম্পর্ক। তারপরও আমার প্রতি ওর যে টান, আর ওর প্রতি আমার যে টান, ভাবলে মাঝে মাঝে সত্যি আমাকে তা অবাক করে।
দেখতে দেখতে সাতটা বছর কেটে গেলো। বাবলির সাথে গড়ে উঠলো আমার প্রাণের সম্পর্ক। ও স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ে। সকালে, রাতে আমি পড়াই। মেধাবী ছাত্রী। এবার বৃত্তি দেবে। প্রস্তুতি ভালো। আমার আশা, ও অবশ্যই পারবে।
একদিন অফিস থেকে আসতেই বাবলি আমার কাছে আসে। মনটা বেশ খারাপ। কোন কথা বলছে না। আমি মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করি,
-মন খারাপ কেন বাবলি?
কেঁদে ফেললো বাবলি। ও এখন অনেককিছু বুঝতে শিখেছে।
আমি অবাক হয়ে বলি,
-কাঁদছো কেন?
বাবলি কাঁদতে কাঁদতে জবাব দিলো,
-আমরা দুদিন পরে এখান থেকে চলে যাবো।
-কোথায়?
-বাবা জানে, আমি কিছু বলতে পারি না।
আমি বাবলির কথা শুনে কিছুটা অনুমান করি। ওর বাবার হয়তো বদলির আর্ডার এসেছে। নিশ্চিত হলাম ওর বাবা-মা যখন আমাকে ওদের ফ্ল্যাটে ডেকে পাঠালেন। আমি ঘরে ঢুকতেই বাবলি আমার পাশ ঘেঁষে সোফায় বসলো। ওর বাবা মাথা নীচু করে বললো,
-ফজলে সাহেব, কেমন আছেন?
আমি মুখে হাসির রেখা টেনে বলি,
-ভালো।
-অনেক দিন আমারা পাশাপাশি রইলাম। আমার মেয়েতো আপনার দারুণ ভক্ত। আপনাকে ছাড়া কিচ্ছু বোঝে না। অবশ্য আপনিও ওকে কম ভালোবাসেন না।
আমি বাবলির বাবার মুখের দিকে তাকিয়ে থাকি হাসি হাসি মুখ নিয়ে। বাবলির বাবা বলে যায়,
-আমার বদলির চাকরি। খুলনাতে বদলি করেছে আমাকে। আগামী পরশু ওদের নিয়ে চলে যাবো এখান থেকে। আমি জানি, বাবালিকে ছেড়ে থাকতে আপনার খুব কষ্ট হবে। তারপরও...
বাবলি মা আমাদের জন্য কফি নিয়ে এলেন। কফিতে ধোঁয়া উড়ছে। গরম তাপ। আগুনের তাপেই তৈরি হয়েছে কপি। আমার ভেতরটাও জ্বলছে। জ্বলছে ভালোবাসায়, মমতার বিচ্ছেদে। বন্ধনের জোর খুব বেশি। মানুষেকে পঙ্গু করে দেয়। নিঃস্ব করে দেয়। আমিও আজ থেকে নিঃস্ব হয়ে গেলাম।
বাবলির বাবা অনেক কথা বলে গেলেন। আমি শুধু হ্যাঁ- হু- করে উত্তর দিলাম। চোখের পানি কিছুতেই ধরে রাখতে পারছিলাম না। বিদায় নিয়ে নিজের ঘরে চলে এলাম। বুক ভরে নিঃশ্বাস নিলাম। চোখে বৃষ্টি নামলো। অঝোর ধারায় আষাঢ়ের বৃষ্টি।
সে রাতে একটু ঘুম হলো না আমার। সকালবেলা বাবলি এসে কলিংবেল টিপে অনেক ডেকেছে। উঠিনি আমি। ইচ্ছে করে। আমি আর বাবলির মুখোমুখি হতে পারবো না। ওর নিষ্পাপ মুখখানা হারানোর কথা ভাবলে আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারবো না।
আজ বাবলিরা চলে যাবে। খুব ভোরে বাবলিরা জাগার আগে আমি ঘর ছেড়ে চলে গেলাম বাইরে। আজ আমার অফিস থাকলেও অফিসে যাবো না। আজ আমার দুঃখের দিন। বাবাকে ছেড়ে মেয়ের চলে যাবার দিন। পথে পা বাড়াতেই পেছন থেকে বাবলি ডেকে উঠলো,
-ভাইয়া..
পেছনে ফিরে তাকালাম। না, বাবলি না। আমি ভুল শুনেছি। আবার সামনের দিকে পা বাড়ালাম। বাবলির মুখটা চোখের সামনে ভেসে উঠলো। আর কোনদিন বাবলিকে আমি আদর করতে পারবো না। ও আমাকে আর কোনদিন ভাইয়া বলে ডাকবে না। সাত বছরের ভালোবাসার বন্ধন ছেড়ে ও চলে যাবে। যাবার সময় ভাইয়া.... ভাইয়া... কাঁদবে। উপস্থিত থাকলে আমিও নিজেকে ধরে রাখতে পারবো না। তারচেয়ে আমার চোখের আড়ালেই চলে যাক। যেখানেই যাক ভালো থাকুক..। বাবলি ভালো থাকুক।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



